শিরোনাম

স্পেনে বৈধতা পাচ্ছে ৫ লাখ অভিবাসী

সিটিজেন ডেস্ক
স্পেনে বৈধতা পাচ্ছে ৫ লাখ অভিবাসী
স্পেন। ছবি: সংগৃহীত

ইউরোপের অন্যান্য দেশ যেখানে অভিবাসন নীতি কঠোর করছে, সেখানে ভিন্ন পথে হাটছে স্পেন। দেশটি প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। যার ফলে তারা আনুষ্ঠানিকভাবে কর্মক্ষেত্রে অন্তর্ভুক্ত হতে পারবে।

সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পরিকল্পনা অনুমোদন করেছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বসবাসরত অনথিভুক্ত অভিবাসীদের আইনি মর্যাদা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার সরকারের এই সিদ্ধান্তকে স্পেনের জন্য ‘ন্যায়বিচারের কাজ’ এবং ‘অপরিহার্য’ বলে বর্ণনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্প্যানিশদের উদ্দেশে পোস্ট করা এক চিঠিতে সানচেজ বলেছেন, এই গণ বৈধকরণের উদ্দেশ্য হলো ‘প্রায় পাঁচ লক্ষ মানুষের বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া, যারা ইতিমধ্যেই আমাদের দৈনন্দিন জীবনের অংশ’।

সরকারের এই পরিকল্পনার আওতায় নথিবিহীন অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে। এর জন্য যোগ্য হতে হলে, আবেদনকারীদের প্রমাণ করতে হবে যে তারা ইতোমধ্যে স্পেনে পাঁচ মাস বসবাস করেছেন এবং তাদের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। আবেদন করার জন্য তাদের ১৬ এপ্রিল থেকে জুন মাসের শেষ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

তবে স্পেনের রক্ষণশীল বিরোধী দল পিপলস পার্টি (পিপি) এই বৈধকরণ প্রক্রিয়াটি ঠেকানো অঙ্গীকার করেছে। তাদের মতে, এই প্রক্রিয়া অবৈধ অভিবাসীদের পুরস্কৃত করবে এবং আরও অভিবাসীকে আসতে উৎসাহিত করবে।

সানচেজ বলেছেন, অভিবাসীরাই ‘আজকের এই সমৃদ্ধ, উন্মুক্ত ও বৈচিত্র্যময় স্পেন গড়ে তুলতে সাহায্য করেছে।’

তিনি আরও বলেছেন, ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যার একটি দেশের অর্থনীতি ও জনসেবা টিকিয়ে রাখতে এই অভিবাসীদের প্রয়োজন।

ফুঙ্কাস থিঙ্ক-ট্যাঙ্কের অনুমান অনুযায়ী, স্পেনে প্রায় ৮ লাখ ৪০ হাজার নথিবিহীন অভিবাসী রয়েছেন, যাদের অধিকাংশই লাতিন আমেরিকার অধিবাসী।

এর ফলে বহু মানুষ উপকৃত হবে, তারা কাজের সুযোগ পাবে এবং উন্নত জীবনযাপন করতে পারবে বলে জানিয়েছেন বলিভিয়ান অভিবাসী রিকার্ডো। তিনি এই পরিকল্পনার আওতায় আবেদন করবেন বলে জানিয়েছেন।

বিরোধীরা বলেছে, সরকারের হিসাব ভুল এবং প্রায় দশ লাখ অভিবাসী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে। পিপলস পার্টি এই পরিকল্পনাটিকে ‘অত্যন্ত আপত্তিকর’ কাজ বলে আখ্যা দিয়েছে।

তবে ক্যাথলিক চার্চ সরকারের আইনকে সমর্থন জানিয়েছে।

অতীতে সমাজতান্ত্রিক ও পিপি উভয় সরকারই অভিবাসী সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সর্বশেষ ২০০৫ সালে সমাজতান্ত্রিক প্রশাসনের অধীনে ৫,৭৭,০০০ মানুষ বসবাসের অনুমতি পেয়েছিল।

সূত্র: বিবিসি

/জেএইচ/