শিরোনাম

লেবাননের ১৪ এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ

সিটিজেন ডেস্ক
লেবাননের ১৪ এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ
লেবাননে ইসরায়েলি হামলায় ধোয়ার কুণ্ডুলি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পর লেবাননে ভয়াবহ হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। এমতাবস্থায় লেবানন প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস।

রাজধানী বৈরুতের ১৪টি এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় জানানো হয়েছে, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

সতর্কতার আওতায় থাকা এলাকাগুলো হলো— সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ি, আল-শিয়েহ, তারিক আল-জাদিদার আশপাশের এলাকা। এছাড়াও রয়েছে, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের পার্শ্ববর্তী এলাকা এবং বাদারো (আল-শিয়েহর নিকটবর্তী)।

উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হয় মধ্যপ্রাচ্য সংঘাত। গত ২ মার্চ মিত্র ইরানে হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহ। সাম্প্রতিক এই সংঘাতের পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) ছিল লেবাননে সবচেয়ে প্রাণঘাতী দিন। এদিন দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা এবং ঘনবসতিপূর্ণ বৈরুতের কেন্দ্রীয় এলাকাজুড়ে ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। এর অনেকগুলোই পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে।

এসব হামলায় এখন পর্যন্ত ২০৩ জন নিহত হয়েছেন। এছাড়া ১,০০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

/জেএইচ/