শিরোনাম

পুঁজিবাজার সংস্কার কমিশন গঠন করছে সরকার, সংসদে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজার সংস্কার কমিশন গঠন করছে সরকার, সংসদে অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ‘পুঁজিবাজার সংস্কার কমিশন’ গঠন করছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় নীতি সুদহার ১০ শতাংশে ধরে রাখা হয়েছে। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে। ২০২৪ সালের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি যেখানে ১৪ দশমিক ১০ শতাংশে উঠেছিল, ২০২৬ সালের মার্চ শেষে তা কমে ৮ দশমিক ২৪ শতাংশে নেমে এসেছে।

তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুবাতাস বইছে। ১৫ এপ্রিল ২০২৬ তারিখের হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার। আইএমএফ-এর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী যা ৩০ হাজার ২০১ দশমিক ৭১ মিলিয়ন ডলার।

আমির খসরু মাহমুদ বলেন, টাকার অবমূল্যায়নের কারণে আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের মূলধনে টান পড়েছে। তা কাটিয়ে উঠতে বিশেষ সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। সংকটে থাকা উৎপাদনশীল খাতের জন্য আলাদা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যাতে আর্থিক কর্মকাণ্ড গতিশীল থাকে।

তিনি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ‘পুঁজিবাজার সংস্কার কমিশন’ গঠন করছে সরকার। বাজার ব্যবস্থার আধুনিকায়নে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি একটি শক্তিশালী বন্ড মার্কেট তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রবাসীদের বিনিয়োগ আরোও সহজ করতে ‘ইনভেস্টমেন্ট গেটওয়ে’ চালু ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে আগামী (২০২৬-২৭) অর্থবছরের জন্য প্রবৃদ্ধির সঙ্গে মিল রেখে মুদ্রা সরবরাহ (এম২) ও বেসরকারি খাতে ঋণপ্রবাহের লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করা হয়েছে। এই সমন্বিত উদ্যোগগুলো কার্যকর হলে আর্থিক খাতে স্বচ্ছতা ফেরার পাশাপাশি বিনিয়োগের পরিবেশ আরোও উন্নত হবে।

/এসবি/