শিরোনাম

আস্থার সংকট রাতারাতি কাটবে না: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

সিটিজেন ডেস্ক
আস্থার সংকট রাতারাতি কাটবে না: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর আস্থার সংকট রাতারাতি দূর হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও ইরান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী, বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনে টার্নিং পয়েন্ট ইউএসএ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ভ্যান্স এসব কথা বলেন। ভাইস প্রেসিডেন্ট উল্লেখ করেন, দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি থাকাটাই স্বাভাবিক এবং এই দীর্ঘস্থায়ী সমস্যা এক রাতে সমাধান হওয়ার নয়। তবে তেহরান আলোচনার টেবিলে আসার যে সদিচ্ছা দেখিয়েছে, তাতে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান কূটনৈতিক অবস্থান নিয়ে নিজের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন রক্তক্ষয়ী সংঘাত চলার পর গত ৮ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয় দেশ দুটি। এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তির রূপরেখা দেওয়ার লক্ষ্যে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। ওই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বয়ং জে ডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নিয়ে ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টা ব্যাপী ম্যারাথন আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই বৈঠকটি সমাপ্ত হয়। যদিও প্রথম দফার এ আলোচনা থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, সংকট নিরসনে এবং চুক্তির পথ সুগম করতে শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা।

সূত্র: রয়টার্স

/এমএকে/