শিরোনাম

ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবার ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের

২১: ৪৮

ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবার ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের

ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবার ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের
ইরানের দূরপাল্লার ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৫৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে প্রথমবারের মতো ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছে বাহিনীটি।

আইআরজিসির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, হামলায় খোররামশাহর সুপার-হেভি মিসাইল (দ্বৈত ওয়ারহেডযুক্ত), খায়বার-শাখান, কদর ও এমাদ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি অপারেশন ‘সাদেক প্রমিজ’-এর অংশ হিসেবে চারটি কৌশলগত জ্বালানিচালিত ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনীর তথ্য অনুযায়ী, সিজ্জিল একটি মাঝারি পাল্লার সারফেস-টু-সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দাবি করা হয়, ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে ইসরায়েলের তেল আবিব পর্যন্ত দূরত্ব এটি প্রায় সাত মিনিটে অতিক্রম করতে সক্ষম।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে। আগের হামলার খবর প্রকাশের দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে নতুন করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

২১: ০৩

‘কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে’

‘কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে’
যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট আশা প্রকাশ করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের অনুষ্ঠান ‘দিস উইক’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধ সম্ভবত পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে, এমনকি তার আগেও শেষ হতে পারে।

ক্রিস রাইট বলেন, সংঘাত শেষ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং জ্বালানির দামও কমে যেতে পারে।

তথ্যসূত্র: আল–জাজিরা।

২০: ২৬

আইআরজিসিকে তথ্য দেওয়ার অভিযোগে বাহরাইনে পাঁচজন গ্রেফতার

আইআরজিসিকে তথ্য দেওয়ার অভিযোগে বাহরাইনে পাঁচজন গ্রেফতার
বাহরাইনের সিত্রা দ্বীপে সোমবার (৯ মার্চ) তেল শোধনাগার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ছবি: রয়টার্স

বাহরাইন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-কে ‘সংবেদনশীল এবং সুনির্দিষ্ট তথ্য’ সংগ্রহ ও পাচারের অভিযোগে দেশটিতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শুধু তথ্য পাচার নয়, এই গ্রেফতারকৃতরা বাহরাইনের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘সন্ত্রাসী সদস্য সংগ্রহ ও নিয়োগ’ করার অভিযোগেও জড়িত।

তবে এই চক্রের ষষ্ঠ সদস্য বর্তমানে বিদেশে পালিয়ে রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

১৯: ৫৭

ইরাকে ড্রোন হামলার পর কারাগারের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা

ইরাকে ড্রোন হামলার পর কারাগারের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা
ইরাকের আল-কারখ কারাগার। ছবি: সংগৃহীত

বাগদাদ বিমানবন্দরের কাছে হওয়া ড্রোন হামলার ফলে পাশের একটি কারাগারের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে বলে সতর্ক করেছে ইরাক সরকার।

কারাগারটির নাম আল-কারখ ডিটেনশন সেন্টার। সম্প্রতি সিরিয়া থেকে স্থানান্তরিত আইএসআইএস সন্দেহভাজনদের রাখা হয়েছে।

উল্লেখ্য, এই কারাগার একসময় মার্কিন সামরিক বাহিনীর ‘ক্যাম্প ক্রপার’ ডিটেনশন সেন্টার হিসেবে ব্যবহৃত হতো। বাগদাদ বিমানবন্দর কমপ্লেক্সের অংশ হিসেবে এ কারাগারও অতীতে বারবার হামলার শিকার হয়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘটিত সাম্প্রতিক যুদ্ধের পর থেকে ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী স্বীকার করে আসছে। ইরাক সরকার ড্রোন হামলার প্রভাবে কারাগারের নিরাপত্তা পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে।

১৯: ১৪

লেবাননের বৈরুতে আবারও ইসরায়েলি হামলা

লেবাননের বৈরুতে আবারও ইসরায়েলি হামলা
ইসরায়েলি হামলায় বৈরুতের কয়েকটি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: বিবিসি

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে ইসরায়েলের হামলায় কয়েকটি ভবন ধ্বংস হয়েছে। আগে থেকেই এই এলাকায় থাকা মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

আইডিএফ জানিয়েছে, হামলা পরিচালিত হয়েছে হেজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত করার উদ্দেশ্যে। এই হামলার পর হারেত হরাইক এলাকায় ধ্বংসপ্রাপ্ত ও পুড়ে যাওয়া ভবন ও গাড়ির ছবি প্রকাশিত হয়েছে।

সকালে আইডিএফ বাসিন্দাদের সতর্ক করে ওই এলাকা থেকে সরে যেতে বলেছিল। হামলার কারণে এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

১৮: ৩১

‘৯/১১-এর মতো ঘটনা সাজিয়ে ইরানকে দায়ী করার ষড়যন্ত্র চলছে’

‘৯/১১-এর মতো ঘটনা সাজিয়ে ইরানকে দায়ী করার ষড়যন্ত্র চলছে’
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। ছবি: সংগ্রহীত

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে ৯/১১-এর মতো একটি বড় ধরনের হামলার ঘটনা সাজিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র করা হতে পারে।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতাদের নাম উল্লেখ না করে লারিজানি বলেন, ‘শুনেছি এপস্টেইনের গ্যাংয়ের বাকি সদস্যরা ৯/১১-এর মতো একটি ঘটনা সৃষ্টি করে এর জন্য ইরানকে দায়ী করার পরিকল্পনা করছে।’

তিনি বলেন, ইরান এ ধরনের সন্ত্রাসী পরিকল্পনার বিরোধী এবং মার্কিন জনগণের সঙ্গে তেহরানের কোনো যুদ্ধ নেই।

লারিজানির দাবি, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধ এমন এক সময়ে শুরু হয়েছে, যখন মার্কিন সরকারের অনেক গোপন নথি প্রকাশ পাচ্ছে। এসব নথিতে প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয় উঠে আসছে।

তার মতে, এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক অভিজাতদের সম্পর্কের বিষয়টি এখন আলোচনায় রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে জেফরি এপস্টেইনকে ‘ঘৃণ্য ব্যক্তি’ বলে মন্তব্য করেছিলেন।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ১৯ জন ব্যক্তি চারটি উড়োজাহাজ ছিনতাই করে যুক্তরাষ্ট্রে আত্মঘাতী হামলা চালায়। এর মধ্যে দুটি উড়োজাহাজ নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হানে, তৃতীয়টি ভার্জিনিয়ায় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে আঘাত করে এবং চতুর্থটি পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। ওই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন। ইতিহাসে ঘটনাটি ‘নাইন-ইলেভেন’ নামে পরিচিত।

১৮: ০৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে দুইজন আহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে দুইজন আহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি ধ্বংসপ্রাপপ্ত ভবন। ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্লাস্টার (গুচ্ছ) বোমার ওয়ারহেডযুক্ত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে।

তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার পর এর গুচ্ছ বোমা এলাত শহরসহ আশপাশের কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত দুই ব্যক্তি সামান্য আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল–জাজিরা।

১৭: ৫০

১২৫ ক্ষেপণাস্ত্র ও ২১১ ড্রোন প্রতিহতের দাবি বাহরাইনের

১২৫ ক্ষেপণাস্ত্র ও ২১১ ড্রোন প্রতিহতের দাবি বাহরাইনের
বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ শোনার পর আকাশে ধোঁয়া উড়ছে ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইন জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১২৫টি ক্ষেপণাস্ত্র ও ২১১টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে।

দেশটির কর্মকর্তারা জানান, ইরানের হামলার কারণে উপসাগরীয় অঞ্চলের যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে, তাদের মধ্যে ছোট দ্বীপ রাষ্ট্র বাহরাইন অন্যতম।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর বাহরাইনে অবস্থিত হওয়ায় দেশটি ইরানের হামলার অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন হামলায় দেশটির বন্দর, হোটেল, তেল শোধনাগার এবং পানি লবণমুক্তকরণ কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আয়তনে প্রায় সিঙ্গাপুরের সমান বাহরাইন আকাশ প্রতিরক্ষার জন্য মূলত যুক্তরাষ্ট্রের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর নির্ভরশীল। কর্মকর্তাদের দাবি, ওই প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায়ই বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে

১৭: ৩৩

প্রতিবেশী দেশগুলোতে হামলার দায় ‘শত্রু’ পক্ষের: ইরান

প্রতিবেশী দেশগুলোতে হামলার দায় ‘শত্রু’ পক্ষের: ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: এএল নিউজ

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশগুলোতে সাম্প্রতিক হামলার জন্য ‘শত্রু’ পক্ষকে দায়ী করেছে ইরান। তেহরানের দাবি, তাদের ড্রোনের নকল ব্যবহার করে এসব হামলা চালানো হচ্ছে, যাতে এর দায় ইরানের ওপর চাপানো যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সামরিক বাহিনীর যৌথ কমান্ড থেকে এ অভিযোগ করা হয়েছে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। ইরান ‘শত্রু’ বলতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বোঝায়।

দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা বেড়েছে। এ সময় ইরানের সামরিক বাহিনী মূলত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে প্রতিবেশী দেশগুলোতে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত রোববার সকালে একটি ক্ষেপণাস্ত্র হামলার তথ্য জানিয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনেও সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলীয় এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ১০টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এদিকে ইরান দাবি করেছে, তাদের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোনের নকল সংস্করণ—যা ‘লুকাস’ নামে পরিচিত—ব্যবহার করে তুরস্ক, ইরাক ও কুয়েতসহ বিভিন্ন দেশের কিছু অপ্রাসঙ্গিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে ইরানকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে বলে তেহরানের অভিযোগ।

তবে এসব দাবির পক্ষে এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি ইরান।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।

১৭: ২২

সৌদি আরব ত্যাগে মার্কিন নাগরিকদের নির্দেশ

সৌদি আরব ত্যাগে মার্কিন নাগরিকদের নির্দেশ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের লোগো। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানায়, সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

দূতাবাস আরও জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

১৫: ৫৮

সর্বোচ্চ নেতা সুস্থ আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সর্বোচ্চ নেতা সুস্থ আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি শুনছি তিনি বেঁচে নেই, আর যদি বেঁচে থাকেন, তাহলে তার দেশের জন্য বুদ্ধিমানের কাজ হবে আত্মসমর্পণ করা।’

তবে সেই জল্পনা নাকচ করে আরাঘচি টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘বিপ্লবের নেতা সুস্থ আছেন এবং তিনি পুরো পরিস্থিতি সক্রিয়ভাবে পরিচালনা করছেন।’

সূত্র: দ্য টেলিগ্রাফ

১৫: ৫০

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে হামলার দাবি ইরানের

ইসরায়েলের একটি পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।

ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, আজ (১৫ মার্চ) সকালে তাদের বাহিনী ‘শক্তিশালী ড্রোন হামলা’ চালিয়ে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট ‘লাহাভ ৪৩৩’-এর সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে।

তবে হামলার লক্ষ্যস্থল ঠিক কোথায় এবং এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি ইরান।

সূত্র: আল জাজিরা

১৫: ৪০

মধ্যপ্রাচ্যে ড্রোন প্রতিরক্ষা সহায়তার বিনিময়ে অর্থ ও প্রযুক্তি চায় ইউক্রেন

মধ্যপ্রাচ্যে ড্রোন প্রতিরক্ষা সহায়তার বিনিময়ে অর্থ ও প্রযুক্তি চায় ইউক্রেন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ড্রোন প্রতিরক্ষা সহায়তার বিনিময়ে অর্থ ও প্রযুক্তি চায় ইউক্রেন। এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি জানান, কিয়েভ ইতোমধ্যে অঞ্চলটির চারটি দেশে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। স্থানীয় সময় রবিবার (১৫ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, প্রতিটি দলে কয়েক ডজন বিশেষজ্ঞ রয়েছেন, যারা সেখানে পরিস্থিতি মূল্যায়ন করবেন।

এছাড়া তারা কীভাবে কার্যকরভাবে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করতে হয়, সেটিও প্রদর্শন করবেন বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

সূত্র: আল জাজিরা

১৫: ৩২

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত শতাধিক

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত শতাধিক
ইসরায়েলে আহত শতাধিক। ছবি: সংগৃহীত

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে অন্তত ১০৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় আহত হওয়ার কারণ আলাদাভাবে উল্লেখ করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেই সরাসরি ইরান ও লেবাননের ক্ষেপণাস্ত্র বা রকেট হামলায় নয়, বরং আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় আহত হয়ে থাকতে পারেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত মোট ৩,১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ৮১ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সূত্র: আল জাজিরা