শিরোনাম

হামে এক দিনেই শিশুসহ ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮২

বিশেষ প্রতিনিধি
হামে এক দিনেই শিশুসহ ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮২
ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে আক্রান্ত এক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল তোলা ছবি। সিটিজেন জার্নাল

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে পাঁচ শিশুসহ আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮২ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ সংক্রমণ ছড়িয়ে পর থেকে আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩০৪ জনে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত রোগী ১ হাজার ৯৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৯৭ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৬১৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৮০ জন।

বিভাগভিত্তিক হিসাবে সংক্রমণের হার সবচেয়ে বেশি ঢাকা ও চট্টগ্রামে। গত এক দিনে ঢাকা বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৭০ জন। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছে ১৫৪ জন। মৃত্যুর সংখ্যার দিক থেকেও ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ১১৬ জনের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে ২০ জনের শরীরে পরীক্ষাগারে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ এবং শিশুদের মধ্যে এর সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

হামের চিকিৎসা এবং এই রোগ প্রতিরোধে চিকিৎসকেরা কিছু পরামর্শ দিয়েছেন। তারাবলছেন, জ্বরের সঙ্গে শরীরে র‍্যাশ বা লালচে দানা দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

/বিবি/