
সিটিজেন ডেস্ক

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে দেশটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে তারা শনাক্ত করেছে। এ ঘটনায় দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করার চেষ্টা করছে। একইসঙ্গে দেশটির জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সতর্কবার্তা পাওয়া মাত্রই সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্র বা সুরক্ষিত স্থানে প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে।
এর আগে একই ধরনের হামলার সময় ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে এবং জনগণকে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সূত্র: আল জাজিরা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে যে তারা উত্তর ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে।
গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, উত্তর ইসরায়েলের সাফেদ শহরে অবস্থিত গিভা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিকে লক্ষ্য করে তারা একযোগে একাধিক রকেট নিক্ষেপ করেছে।
হিজবুল্লাহ আরও জানায়, এই হামলা তাদের ঘোষিত ‘আল-কুদস দিবসের অভিযান’-এর অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
তবে এ ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা

ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড সেন্টকম।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। তবে প্রাথমিকভাবে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনা শত্রুপক্ষের হামলা বা মিত্রবাহিনীর ভুল গুলির কারণে ঘটেনি।
বিবৃতিতে আরও বলা হয়, নিহত সেনা সদস্যদের পরিচয় তাদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা গোপন রাখা হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, দুর্ঘটনায় চারজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং নিখোঁজ দুইজনকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান চালানো হচ্ছে। পরে নিশ্চিত করা হয় যে বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা

আজ রাতে যুক্তরাষ্ট্র ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
শুক্রবার (১৩ মার্চ) ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন। পিট হেগসেথ বলেন, আজ আবারও ইরান এবং তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটাকে অনেক বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।’
উল্লেখ্য, ট্রাম্প যখন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিলেন, তখন তার প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আজই ইরান এবং তেহরানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চসংখ্যক হামলার দিন হবে বলে হুমকি দিলেন।
সূত্র: আল জাজিরা
ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইরানি জাতিকে চেনে না’। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যত চাপ সৃষ্টি করবে, ইরানি জনগণের সংকল্প ততই দৃঢ় হবে।
লারিজানি ইরানের আধা সরকারি নিউজ এজেন্সিকে বলেন, ‘ইরানি জাতি শক্তিশালী, সংকল্পবদ্ধ এবং প্রাণোচ্ছল। যুক্তরাষ্ট্র যত বেশি চাপ দেবে, জনগণের দৃঢ়তা ততই বাড়বে।’
তিনি তেহরানে আল কুদস দিবসের মিছিলে নিকটবর্তী স্থানে ইসরায়েলের হামলাকে তাদের ‘নিরাশা ও ভয়ের’ চিহ্ন হিসেবে উল্লেখ করেছেন।
‘যে সত্যিই শক্তিশালী, সে কখনোই মিছিলের মাঝে বোমা হামলা চালাবে না। এটা স্পষ্ট যে তাদের আর বিকল্প নেই,’ যোগ করেন তিনি।
যে সত্যিই শক্তিশালী, তারা কখনো মিছিলের মাঝখানে বোমা ফেলত না। এটা স্পষ্ট যে তাদের আর বিকল্প নেই।”
যদিও মিছিলে হামলার বিষয়ে ইসরায়েল এখনও কোনো মন্তব্য করেনি। তবে তারা সকালেই জানিয়েছিল তেহরানকে লক্ষ্যবস্তু করবে।
সূত্র: সিএনএন

আগামী সপ্তাহের মধ্যে ইরানের কঠোর আঘাত হানা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি। শুক্রবার (১৩ মার্চ) সাক্ষাৎকারটি প্রচার করা হয়।
ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পার হতে বিভিন্ন দেশের জাহাজগুলোকে রক্ষা করবে। তিনি আশা প্রকাশ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ ভালোভাবে এগিয়ে যাবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে। জবাবে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালাতে থাকে ইরান।
সূত্র: রয়টার্স

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রধান জেনারেল ড্যান কেইন বলেছেন, ইরানের মাইন স্থাপন সক্ষমতা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অভিযান চলমান রয়েছে।
এক সংবাদ সম্মেলনে জেনারেল কেইন জানান, ইরান এখনও এমন সামর্থ্য ধরে রেখেছে যা বাণিজ্যিক জাহাজ চলাচল ও মার্কিন মিত্র বাহিনীকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের মাইন স্থাপনকারী জাহাজ এবং তাদের কার্যক্রমকে লক্ষ্য করে অপারেশন চালিয়ে যাচ্ছে, এবং এই পদক্ষেপ অব্যাহত থাকবে।
কেইন আরও উল্লেখ করেছেন, যদি ইরান হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করে, তবে তা বিশ্ব বাণিজ্য ও তেল-গ্যাস রপ্তানিতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কিছু লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে এবং এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৩ মার্চ) লেবাননের রাজধানী বৈরুত সফরে তিনি এ আহ্বান জানান। গুতেরেস বলেন, ‘সশস্ত্র গোষ্ঠীর সময় এখন আর নেই’।
লেবাননের প্রেসিডেন্টিয়াল প্রাসাদ থেকে গুতেরেস বলেন, ‘একটি স্থায়ী যুদ্ধবিরতি করতে হিজবুল্লাহ ও ইসরায়েল এই দুই পক্ষের প্রতি আমার দৃঢ় আহ্বান থাকবে। এছাড়া লেবাননকে একটি স্বাধীন দেশ হিসেবে মেনে নিবে, যেখানে কর্তৃপক্ষের কাছে জোর প্রয়োগের একক নিয়ন্ত্রণ থাকবে।’
তিনি আরও বলেন, ‘এখন সশস্ত্র গোষ্ঠীর সময় নয়। এখন শক্তিশালী রাষ্ট্রের সময়।’
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখন পর্যন্ত দুই দফায় হামলা থেকে বেঁচে গেছেন বলে দাবি করেছেন ইরানের এক সংসদ সদস্য।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে উদ্ধৃত করে জানানো হয়, ইরানের জাহরমের সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কোচি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলার সময় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার সাথেই ছিলেন। তবে তিনি হত্যাচেষ্টা থেকে বেঁচে যান।
তিনি আরও বলেন, নতুন নেতা যে হাসপাতালে ছিলেন, সেখানেও হামলা চালানো হয়েছিলো। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এতে সফল হতে পারেনি।
তবে সেই হাসপাতালের নাম বলেননি ইরানি এমপি, এমনকি হাসপাতালের স্থান নিয়েও কোনো আভাস দেননি।
সূত্র: বিবিসি
ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, উত্তর ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র হামলার পর ৬০ বছর বয়সী একজন পুরুষ ও ৫০ বছর বয়সী একজন মহিলা আহত হয়েছেন।
সূত্র: রয়টার্স

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ লেবাননের সরকারের প্রতি আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল দেশটিতে হামলা বাড়াবে, নগর ও নাগরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু করবে। যদি লেবাননের সরকারি বাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্র না করলে ভূখণ্ডও দখল করা হবে।
শুক্রবার (১৩ মার্চ) ইসরায়েলি বাহিনী লেবাননের লিতানি নদীর ওপর থাকা জারিয়ে সেতুতে সামরিক হামলার পর কাৎজ বলেন, ‘এটি কেবল শুরু মাত্র।’
ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়নেট নিউজ জানিয়েছে, কাৎজ বলেন, ‘লেবাননের সরকার, যারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। যতক্ষণ না হিজবুল্লাহকে নিরস্ত্র করার মূল প্রতিশ্রুতি পূরণ হয়, সরকারকে হিজবুল্লাহ উগ্রবাদীদের ব্যবহৃত লেবাননের জাতীয় অবকাঠামোতে হামলা এবং ভূখণ্ডের ক্ষতির মাধ্যমে ক্রমবর্ধমান মূল্য দিতে হবে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, ইরানের হামলার মধ্যে হরমুজের প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য জার্মানি কোনো সামরিক সুরক্ষা দেওয়ার কথা বিবেচনা করবে না।
তিনি নরওয়েতে এক সফরের সময় বলেন, ‘জার্মানি এই যুদ্ধে অংশ নয় এবং আমরা অংশগ্রহণও করতে চাই না।’
সূত্র: আল জাজিরা
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৪৪৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৮ হাজার, ৫৫১ জন।
সূত্র: আল জাজিরা

রাশিয়ার সমুদ্রে আটকে থাকা নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার জন্য বিভিন্ন দেশকে ৩০ দিনের বিশেষ লাইসেন্স দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার দেওয়া এই সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধ ঘিরে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সাম্প্রতিক পদক্ষেপগুলোর একটি। মূলত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা সামাল দিতে ট্রাম্প প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।
এই লাইসেন্সের ফলে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেলের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা সাময়িকভাবে শিথিল থাকবে।
যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর শুক্রবার এশিয়ার বাজারে তেলের দাম কিছুটা কমেছে। রাশিয়ার প্রেসিডেন্টের দূত কিরিল দিমিত্রিয়েভ জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেলের ওপর প্রভাব পড়বে, যা প্রায় একদিনের বৈশ্বিক উৎপাদনের সমান।
সূত্র: রয়টার্স
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে ড্রোন হামলায় এক ফরাসি সেনা সদস্য নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাখোঁ জানান, এরবিল অঞ্চলে হামলার সময় দায়িত্ব পালন করতে গিয়ে ওই সেনা সদস্য নিহত হন। তিনি বলেন, ‘ফ্রান্সের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রাণ দিয়েছেন।’
চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে এটিই প্রথম ফরাসি সামরিক সদস্যের মৃত্যু বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাখোঁ।
এ ঘটনায় আরও ছয়জন ফরাসি সেনা আহত হয়েছেন। এরবিলের গভর্নর জানিয়েছেন, উত্তর ইরাকের একটি যৌথ পেশমার্গা–ফ্রান্স সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। হামলায় সেখানে অবস্থানরত ছয়জন ফরাসি সেনা আহত হন।
হামলার বিস্তারিত কারণ বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: গালফ নিউজ
হরমুজ প্রণালি আংশিকভাবে বন্ধ করে দেওয়ার মাধ্যমে ইরান উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছে।
হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। যদিও এর বিকল্প হিসেবে স্থলপথে কিছু পাইপলাইন রয়েছে– যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে। তবে এসব পাইপলাইন মিলিয়েও হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে যে পরিমাণ তেল পরিবহন হয়, তার অর্ধেকও বহন করা সম্ভব নয়।
এদিকে বিকল্প পথ হিসেবে ওমানকে বিবেচনা করা হলেও সাম্প্রতিক হামলার কারণে সেই পথও ঝুঁকির মুখে পড়েছে। ফলে হরমুজ প্রণালিতে চাপ তৈরি করার পাশাপাশি ইরান এটাও বোঝাতে চাইছে যে, তাদের ওপর হামলা হলে এর প্রভাব পুরো অঞ্চলের ওপরই পড়বে।
বিশ্লেষকদের মতে, ইরানের মূল বার্তা হলো– অঞ্চলে যদি পণ্য, অর্থনীতি ও ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তবে সেটি ইরানের নিরাপত্তার সঙ্গেও জড়িত।
সূত্র: আল জাজিরা

ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু সদস্য নিহত হয়েছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ছয়জন ক্রু সদস্য নিয়ে পরিচালিত ওই রিফুয়েলিং বিমানটি দুর্ঘটনার শিকার হলে তাদের মধ্যে চারজন মারা যান।
বাকি দুই ক্রু সদস্যের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। দুর্ঘটনার কারণও এখনো স্পষ্ট নয়।
ঘটনার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে সাতটি রকেট হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, লেবাননের বিভিন্ন শহর এবং বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
গোষ্ঠীটির দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল সীমান্তবর্তী মারজ এলাকায় মার্কাবা শহরের বিপরীতে অবস্থানরত ইসরাইলি বাহিনী, খিয়াম আটক কেন্দ্রের নিকটবর্তী এলাকা, খাল্লাত আল-আসাফির, হাম্মামস হিল এবং উত্তর ইসরায়েলের কফার গিলাদি বসতি।
সূত্র: আল জাজিরা

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে অন্তত ২,৯৭৫ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব আহতের মধ্যে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন। বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় তারা আহত হন।
যুদ্ধ শুরুর পর থেকে ইরান ইসরায়েলের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলার ফলে দেশটির হাসপাতালগুলোতে আহতদের চাপ বাড়ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
গত কয়েক দিনে পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়েছে এবং বিভিন্ন দেশে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
সূত্র: আল জাজিরা