শিরোনাম

‘জ্বালানি কিনুন, সাহস দেখান’: মিত্রদের ট্রাম্পের কটাক্ষ

২১: ৫০

‘জ্বালানি কিনুন, সাহস দেখান’: মিত্রদের ট্রাম্পের কটাক্ষ

‘জ্বালানি কিনুন, সাহস দেখান’: মিত্রদের ট্রাম্পের কটাক্ষ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প: ছবি সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ানোয় যুক্তরাজ্যসহ কয়েকটি মিত্রদেশের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব দেশের উদ্দেশে দুটি ‘পরামর্শ’ও তুলে ধরেন।

ট্রাম্প লিখেছেন, যেসব দেশ হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে জেট ফুয়েলের সংকটে পড়েছে—যেমন যুক্তরাজ্য—তাদের প্রথমত যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কেনা উচিত, কারণ তাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে। দ্বিতীয়ত, তিনি বলেন, ‘দেরিতে হলেও সাহস দেখাতে হবে’ এবং হরমুজ প্রণালিতে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে হবে।

এ সময় ফ্রান্সের ভূমিকারও সমালোচনা করেন ট্রাম্প। তার অভিযোগ, ফ্রান্স যুক্তরাষ্ট্রের রসদবাহী বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দিয়ে ‘অসহযোগিতার’ পরিচয় দিয়েছে।

ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকেই ইউরোপীয় দেশগুলোর প্রত্যক্ষ সমর্থন না পাওয়ায় ট্রাম্প বারবার তাদের সমালোচনা করে আসছেন।

সূত্র: আল জাজিরা

২১: ৪৫

মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানের
ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কয়েকজন সদস্য। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি এবং আশপাশে বসবাসকারীদের দ্রুত এলাকা ত্যাগের আহ্বান জানিয়েছে বাহিনীটি।

আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের কোম্পানিগুলোকে নজরদারি ও লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কারণে এসব প্রতিষ্ঠানকে এখন থেকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে দেখা হবে বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আগামীকাল স্থানীয় সময় রাত ৮টা থেকে বোয়িং, টেসলা, মেটা, গুগল ও অ্যাপলসহ অন্তত ১৫টি মার্কিন প্রতিষ্ঠানে হামলা চালানো হতে পারে।

সম্ভাব্য এই হামলার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে এবং সেখানে অবস্থানরত সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আল–জাজিরা।

২১: ৪১

ট্রাম্পের শর্তেই যুদ্ধ বন্ধ হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ট্রাম্পের শর্তেই যুদ্ধ বন্ধ হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্তেই সম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যুদ্ধের মধ্যেও তেহরানের সঙ্গে যোগাযোগ ও আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

এক বক্তব্যে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে সামরিক পথেই চাপ অব্যাহত রাখা হবে। তার ভাষায়, ‘চুক্তি না হলে আমরা ‘বোমা দিয়েই আলোচনা’ চালিয়ে যেতে প্রস্তুত।’

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ সচল রাখতে কিছু দেশের আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন।

সূত্র: আল জাজিরা

২১: ৩৮

পরিবারের সদস্যসহ ইরানি জেনারেল জামশিদ নিহত

পরিবারের সদস্যসহ ইরানি জেনারেল জামশিদ নিহত
ইরানের একটি বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন রেড ক্রিসেন্টের কর্মীরা। ছবি: রয়টার্স

ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল জামশিদ এসঘাঘি এক হামলায় নিহত হয়েছেন। তিনি দেশটির চিফ অব জেনারেল স্টাফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে, ওই হামলায় জেনারেল জামশিদের পাশাপাশি তাঁর পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন। এতে করে ঘটনাটি আরও মর্মান্তিক রূপ নিয়েছে।

তবে ঠিক কোন হামলায় বা কবে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে আইআরজিসির বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ফলে হামলার সময়, স্থান ও প্রেক্ষাপট নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

১৭: ২২

সংঘাত নিরসনে মধ্যস্থতায় জড়িত নয় কাতার: পররাষ্ট্র মন্ত্রণালয়

কাতার জানিয়েছে, চলমান সংঘাত নিয়ে কোনো মধ্যস্থতা প্রচেষ্টায় তারা সরাসরি জড়িত নয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য নিজের দেশের নিরাপত্তা নিশ্চিত করা।’

তিনি আরও জানান, ‘তবে আমরা মধ্যস্থতাকারীসহ সংশ্লিষ্ট সব পক্ষ এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। এখানে উল্লেখ করা জরুরি, পাকিস্তানের নেওয়া উদ্যোগকে আমরা পুরোপুরি সমর্থন করি এবং আশা করি, এটি সফল হয়ে অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।’

১৬: ৫৬

দক্ষিণ লেবাননের বিশাল এলাকা দখলে নিতে চায় ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, দেশটি দক্ষিণ লেবাননে একটি বাফার জোন গড়ে তুলে লিতানি নদী পর্যন্ত পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত প্রায় ৬ লাখ মানুষ তাদের বাড়িতে ফিরতে পারবে না। সীমান্তবর্তী এলাকার সব ঘরবাড়ি ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে। লিতানি নদীর ওপর থাকা সেতুগুলোতেও হামলা চালিয়েছে দখলদার দেশটি।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই অভিযানকে ‘স্থল আগ্রাসনের পূর্বাভাস’ হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র: আল জাজিরা

১৫: ৩৭

ইরানের পাশে ইরাকের জনগণ, কৃতজ্ঞতা জানালেন মাসুদ পেজেশকিয়ান

ইরানের পাশে ইরাকের জনগণ, কৃতজ্ঞতা জানালেন মাসুদ পেজেশকিয়ান
ইরান-সমর্থিত যোদ্ধাদের সংগঠন হাশদ আল-শাবির (পপুলার মোবিলাইজেশন ফোর্সেস) একটি বহর ইরানে প্রবেশ করছে। ছবি: রয়টার্স

ইরানের পাশে দাঁড়ানোর জন্য ইরাকের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ইরাকের মুসলিম জনগণ এই অন্যায্য যুদ্ধে সাহসিকতার সঙ্গে ইরানের পাশে দাঁড়িয়েছে। এটি শুধু ভৌগোলিক কারণে নয় বরং ইতিহাস, পরিচয় ও অভিন্ন ধর্মীয় মূল্যবোধের কারণে।’

তিনি আরও বলেন, ‘আমি ইরাকের জনগণ, কর্মকর্তাদের এবং যোদ্ধাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।’

এর আগে চলতি সপ্তাহে ইরানি কর্তৃপক্ষ দেশটিতে ইরাকের আধাসামরিক বাহিনীর একটি বহরকে স্বাগত জানায়।

শনিবার ও রোববার ইরান ও ইরাকের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরান-সমর্থিত যোদ্ধাদের সংগঠন হাশদ আল-শাবির (পপুলার মোবিলাইজেশন ফোর্সেস) একটি বহর ইরানে প্রবেশ করছে।

ইরানি গণমাধ্যম এ বহরকে ‘ইরাকের জনগণের পক্ষ থেকে প্রথম মানবিক সহায়তা বহর’ হিসেবে বর্ণনা করেছে।

সূত্র: আল জাজিরা

১৫: ১৯

উপসাগরে ইসরায়েলি জাহাজ ও একাধিক মার্কিন স্থাপনায় হামলা ইরানের

উপসাগরে ইসরায়েলি জাহাজ ও একাধিক মার্কিন স্থাপনায় হামলা ইরানের
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলি জাহাজ ও মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

আইআরএনএতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আইআরজিসির নৌবাহিনী আরব উপসাগরে একটি ইসরায়েলি কনটেইনার জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে একটি সামরিক ঘাঁটির বাইরে অবস্থানরত মার্কিন মেরিনদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

বাহরাইনের মানামা বিমানবন্দরের কাছে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের একটি অ্যান্টি-ড্রোন সিস্টেম ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

এছাড়াও কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে থাকা উন্নত আগাম সতর্কীকরণ বিমান প্রতিরক্ষা রাডারের দুটি ইউনিট ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে বলে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী।

সুত্র: আল জাজিরা

১৫: ১২

লেবাননে আরও ৪ জনকে হত্যা করলো ইসরায়েল

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন।

টাইর শহরের কাছে আল-ওয়াসিতা আল-কাসিমিয়া এলাকায় একটি গাড়িতে হামলা চালালে দুইজন নিহত হন। এছাড়া ডেরিকিফা এলাকায় আরেকটি হামলায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় লেবাননে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

১৪: ২৯

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে অবিলম্বে ইরানে অভিযান বন্ধ করতে বললো চীন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে অবিলম্বে ইরানে অভিযান বন্ধ করতে বললো চীন
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠক। ছবি: সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীন সফর করেছেন। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক উত্তেজনা, ইরান যুদ্ধ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে চীন ও পাকিস্তানের অবস্থান প্রায় একই। চলমান যুদ্ধে ঐতিহাসিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতিতে চীন গভীর দুঃখ প্রকাশ করেছে।

বেইজিং স্পষ্টভাবে জানিয়েছে, তারা পারমাণবিক স্থাপনায় হামলার বিরোধী এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দ্রুত সামরিক কার্যক্রম বন্ধ করতে বলেছে।

একইসঙ্গে উত্তেজনা কমানো ও শান্তি ফিরিয়ে আনতে চীন তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও জানানো হয়। এছাড়া হরমুজ প্রণালি দিয়ে চীনা জাহাজ চলাচলে সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে ধন্যবাদ জানিয়েছে বেইজিং। সম্প্রতি তিনটি চীনা জাহাজ ওই প্রণালি অতিক্রম করেছে।

সূত্র: আল জাজিরা

১২: ১৬

সৌদি থেকে মার্কিন বাহিনীকে তাড়িয়ে দিতে বললো ইরান

মার্কিন বাহিনীকে দেশ থেকে বহিষ্কার করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

সোমবার (৩০ মার্চ) রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তেহরানের প্রতিবেশী দেশটিকে তাদের ঘাঁটিতে মার্কিন প্রবেশাধিকার নিষিদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ‘ইরান সৌদি আরবকে সম্মান করে এবং এটিকে একটি ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে।’

‘আমাদের অভিযানগুলো সেইসব আগ্রাসী শত্রুকে লক্ষ্য করে পরিচালিত, যারা আরব বা ইরানিদের কোনো সম্মান করে না এবং কোনো নিরাপত্তাও দিতে পারে না,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘মার্কিন বাহিনীকে বহিষ্কার করার এটাই উপযুক্ত সময়।’

সূত্র: দ্য টেলিগ্রাফ

১১: ৪১

হরমুজে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন ইরানি পার্লামেন্টের

হরমুজে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন ইরানি পার্লামেন্টের
হরমুজ প্রণালিতে জাহাজ। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টারি কমিটি।

দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এ পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ পরিকল্পনায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

পরিকল্পনায় আরও বলা রয়েছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশগ্রহণকারী অন্যান্য দেশকেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিষিদ্ধ করা হবে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, হরমুজ প্রণালিতে নতুন টোল ব্যবস্থা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, ওমানের সহযোগিতা নিয়ে এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ করা হয়। চাপিয়ে দেওয়া যুদ্ধের মধ্যে এই প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। তেহরান এটিকে কূটনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করায়, এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

সূত্র: বিবিসি

১১: ০৮

ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার দাবি হিজবুল্লাহর

ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: সংগৃহীত

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ড্রোন হামলা চালিয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, ভোর ৩টা (গ্রিনিচ মান সময় রাত ১২টা) দিকে মা’আলোত-তারশিহা এলাকায় ‘এক ঝাঁক ড্রোন’ ব্যবহার করে এই হামলা চালানো হয়।

এটি আজ সকালে হিজবুল্লাহর ঘোষিত তৃতীয় হামলা বলে জানিয়েছে গোষ্ঠীটি।

সূত্র: আল জাজিরা

১০: ১৬

অন্ধকারে তেহরানের একাধিক এলাকা

ইরানের ফার্স বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, একাধিক বিস্ফোরণের শব্দ শোনার পর তেহরানের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই রাজধানীর বিভিন্ন অংশে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে ঘটনাটির বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

০৯: ৪৮

ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে ১৯ হামলার দাবি

ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইরাকসহ অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ১৯টি হামলা চালিয়েছে।

টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, এসব হামলায় তারা ডজনখানেক ড্রোন ব্যবহার করেছে।

সূত্র: আল জাজিরা

০৯: ৪২

লেবাননে স্থল অভিযানে গিয়ে আরও ৪ ইরায়েলি সেনা নিহত

লেবাননে স্থল অভিযানে গিয়ে আরও ৪ ইরায়েলি সেনা নিহত
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের আরও চারজন সেনা নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে দুজনের বয়স ২১ বছর এবং একজনের বয়স ২২ বছর। চতুর্থ সেনার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, কারণ তার নাম প্রকাশের অনুমোদন মেলেনি।

এর ফলে ২ মার্চ থেকে লিতানি নদীর দক্ষিণে সামরিক অভিযান সম্প্রসারণের পর দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১০ জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, লেবাননে পুনারয় স্থল অভিযান শুরু করার পর থেকে কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়ছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর হামলায় দক্ষিণ লেবাননে প্রায়ই সেনা নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটছে।

সূত্র: আল জাজিরা

০০: ১৪

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: দ্য টাইমস অব ইসরায়েল

ইসরায়েলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রেখে একটি আইন পাস করেছে নেসেট। এ সিদ্ধান্ত দেশটির রাজনীতিতে কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
আইনটি পাসের সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজে সংসদ অধিবেশনে উপস্থিত থেকে এর পক্ষে ভোট দেন।

নতুন আইনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের কোনো ফিলিস্তিনি যদি হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন, তবে তার ক্ষেত্রে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করাই হবে স্বাভাবিক শাস্তি। পাশাপাশি, ইসরায়েলি আদালতকে নিজ দেশের নাগরিকদের ক্ষেত্রেও মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

তবে এই আইন পূর্ববর্তী কোনো ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না; কেবল ভবিষ্যতের মামলাগুলোর জন্যই এটি কার্যকর থাকবে।

আইনটি পাস হওয়ার পরই ইসরায়েলি ও ফিলিস্তিনি বিভিন্ন মানবাধিকার সংগঠন এর তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, এই পদক্ষেপ বৈষম্যমূলক ও কঠোর, এবং এটি সহিংসতা কমানোর পরিবর্তে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

এদিকে আইনটি নিয়ে দেশটির সর্বোচ্চ আদালতে আইনি চ্যালেঞ্জ হতে পারে বলেও ধারণা করা

২৩: ৩৭

উপসাগরীয় জ্বালানি স্থাপনায় হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে

উপসাগরীয় জ্বালানি স্থাপনায় হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে
হামলার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে একটি তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ছবি: এপি

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলার অভিযোগ এনে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধ করতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা জরুরি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে বর্তমান নেতৃত্বের প্রেক্ষাপটে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের এমন সামরিক সক্ষমতা ভেঙে দেওয়া, যার মাধ্যমে তারা প্রতিবেশী দেশগুলোর অবকাঠামো ও বেসামরিক জনগণের ওপর হামলা চালাতে পারে।

রুবিও অভিযোগ করেন, ইরান এমন সব দেশকে লক্ষ্যবস্তু করেছে, যারা সরাসরি তাদের সঙ্গে যুদ্ধে জড়িত ছিল না। তবুও এসব দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তিনি আরও বলেন, ইরান শুধু জ্বালানি অবকাঠামোই নয়, কূটনৈতিক স্থাপনা ও দূতাবাসেও হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে একেবারেই নজিরবিহীন। পাশাপাশি বিমানবন্দর লক্ষ্য করেও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ইরানের এই সামরিক কার্যক্রমই প্রমাণ করে যে দেশটির বর্তমান অবস্থান অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা বাড়াচ্ছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ চালিয়ে যাবে বলে তিনি ইঙ্গিত দেন।

২৩: ১৪

ইরান ইস্যুতে ‘শেষ পর্যন্ত দেখবে’ যুক্তরাষ্ট্র: রুবিও

ইরান ইস্যুতে ‘শেষ পর্যন্ত দেখবে’ যুক্তরাষ্ট্র: রুবিও
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নেওয়া সামরিক পদক্ষেপের বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই যুদ্ধ শুরু করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন এটি ‘শেষ পর্যন্ত’ এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ভবিষ্যতে ইরানের সামরিক সক্ষমতা আরও বাড়লে তা শুধু প্রতিবেশী দেশগুলোর জন্য নয়, যুক্তরাষ্ট্রের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারত।

তার ভাষায়, ‘ধরুন, তিন বা পাঁচ বছর পর তাদের কাছে আরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন থাকত—তখন তারা যে ধরনের হামলা চালাতে পারত, তা মেনে নেওয়া যেত না।‘

তিনি দাবি করেন, এই সম্ভাব্য ঝুঁকি ঠেকাতেই আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র একা নয়—এই পরিস্থিতি মোকাবিলায় তারা আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

রুবিও আরও বলেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশকে যুক্তরাষ্ট্র মিত্র হিসেবে বিবেচনা করে, তারা সবাই এ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব দেশকে ‘শক্তিশালী ও স্থিতিশীল‘ উল্লেখ করে তিনি জানান, বর্তমান সংকটে তাদের পাশে থেকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে ওয়াশিংটন।

২৩: ০১

দক্ষিণ লেবাননে জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত

দক্ষিণ লেবাননে এক বিস্ফোরণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন—ইউনিফিলের দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

ইউনিফিলের এক বিবৃতিতে বলা হয়, বানি হায়ান এলাকার কাছে অজ্ঞাত উৎস থেকে হওয়া একটি বিস্ফোরণে তাদের বহনকারী যানটি ধ্বংস হয়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে আরও দুই শান্তিরক্ষী আহত হন—তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এর মাত্র একদিন আগে, রবিবার আরেকটি পৃথক বিস্ফোরণে একজন ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনার পরপরই এই নতুন হামলার ঘটনা ঘটল, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

ইউনিফিল সতর্ক করে বলেছে, শান্তিরক্ষীদের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবেরও পরিপন্থী এবং এমন কর্মকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

সংস্থাটি অবিলম্বে সহিংসতা বন্ধ এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

২২: ৩৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১,২৪০ ছাড়ালো

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১,২৪০ ছাড়ালো
ইসরায়েলি হামলায় বৈরুতের কয়েকটি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: বিবিসি

দক্ষিণ লেবাননে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ২৪০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান বিমান হামলা ও সামরিক অভিযানে অন্তত ১,২৪৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩,৬৮০ জন।

সংঘাতের কারণে মানবিক পরিস্থিতিও দ্রুত অবনতি ঘটছে। ইতোমধ্যে ১২ লাখের বেশি লেবানিজ বেসামরিক নাগরিককে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে।

এদিকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তাদের মতে, আশ্রয়কেন্দ্রগুলো ইতোমধ্যে পূর্ণ হয়ে যাওয়ায় বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের নিরাপদে থাকার মতো কোনো ব্যবস্থা নেই। ফলে অনেক পরিবার খোলা আকাশের নিচে বা অনিরাপদ পরিবেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।

সংস্থাগুলো সতর্ক করে বলেছে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই মানবিক সংকট আরও গভীর আকার নিতে পারে। তারা অবিলম্বে হামলা বন্ধ, নিরাপদ মানবিক করিডর চালু এবং বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

২১: ৫২

ইরান যুদ্ধে ইসরায়েলের হাসপাতালে ৬ হাজারের বেশি মানুষ

ইরান যুদ্ধে ইসরায়েলের হাসপাতালে ৬ হাজারের বেশি মানুষ
ইসরায়েলের একটি হাসপাতাল। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ১২১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, আর ১৬ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ২৩২ জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটছে, যার ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে।

জরুরি চিকিৎসা সেবা সচল রাখতে অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মোতায়েন করা হয়েছে এবং জরুরি বিভাগগুলোতে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি এখনও অস্থির থাকায় ভবিষ্যতে আহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ অবস্থায় নাগরিকদের সতর্ক থাকার এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

২১: ১৯

মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন বিশেষ বাহিনীর উপস্থিতি

মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন বিশেষ বাহিনীর উপস্থিতি
মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে ইউএসএস ত্রিপোলি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্যদের উপস্থিতি বেড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন নৌবাহিনীর নেভি সিলস এবং আর্মি রেঞ্জার্সসহ শত শত বিশেষ বাহিনীর সদস্য বর্তমানে এ অঞ্চলে অবস্থান করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শুধু বিশেষ বাহিনীই নয়—হাজার হাজার মার্কিন মেরিন ও প্যারাট্রুপারও ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে সিবিএস জানায়, এসব বাহিনী মোতায়েনের লক্ষ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিকল্পগুলো প্রস্তুত রাখা। সম্ভাব্য পরিকল্পনার মধ্যে হরমুজ প্রণালী সচল রাখা, খারগ দ্বীপের তেল নিয়ন্ত্রণ নেওয়া কিংবা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দখলের মতো বিষয়ও থাকতে পারে।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এর আগে শনিবার সেন্টকম জানায়, ইউএসএস ট্রিপোলি জাহাজে করে প্রায় সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন।

২০: ৪৬

২৪ ঘণ্টায় ৩৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে আমিরাত

২৪ ঘণ্টায় ৩৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে একটি তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ছবি: এপি

গত ২৪ ঘণ্টায় ১১টি ক্ষেপণাস্ত্র ও ২৭টি ড্রোন ভূপাতিত করেছে ইউনাইটেড আরব আমিরাত।

আজ সোমবার (৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা মোট ১ হাজার ৯৪১টি ড্রোন এবং ৪৪০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে আরও জানানো হয়, এসব হামলায় আমিরাতে এখন পর্যন্ত ১৭৮ জন আহত হয়েছেন এবং ৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে প্রতিবেশী বাহরাইনও তাদের আকাশসীমায় একাধিক হামলা প্রতিহত করার কথা জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তারা ৮টি ক্ষেপণাস্ত্র ও ৭টি ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধ শুরুর পর থেকে বাহরাইনে মোট ১৮২টি ক্ষেপণাস্ত্র এবং ৩৯৮টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

১৯: ৩৭

লেবাননে ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে সংঘর্ষে আহত আরও একজন সেনা নিহত হয়েছেন।

তার নাম বেন জিওন। বয়স ১৯ বছর। হিজবুল্লাহর হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

২ মার্চ থেকে দক্ষিণ লেবাননে পুনরায় হামলা শুরু হওয়ার পর এটা নিয়ে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো ছয়।

উল্লেখ্য, লেবাননে পুনারয় স্থল অভিযান শুরু করার পর থেকে কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়ছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর হামলায় দক্ষিণ লেবাননে প্রায়ই সেনা আহত হওয়ার ঘটনা ঘটছে।

সূত্র: আল জাজিরা

১৯: ১৯

ইরানে সৈন্য পাঠাবে না যুক্তরাজ্য: স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন, তারা ইরানে কোনো সৈন্য পাঠাবে না এবং সরাসরি সংঘাতে যুক্ত হবে না।

তিনি বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে যুক্ত হব না।’

স্টারমারের মতে, যুক্তরাজ্য ‘রক্ষামূলক পদক্ষেপ’ গ্রহণ করছে যাতে ‘ব্রিটিশদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং অবশ্যই আমাদের অঞ্চলের মিত্রদের নিরাপত্তা’ নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, ব্রিটিশ সরকার হরমুজ প্রণালি পুনরায় খোলার চেষ্টা অব্যাহত রাখবে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ‘আমরা এই যুদ্ধে জড়িত হবো না।’

তবে যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে হুমকির সঙ্গে যুক্ত ইরানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে।

এছাড়াও ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাজ্য।

সূত্র: আল জাজিরা

১৮: ৫৮

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না স্পেন

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না স্পেন
স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের শুরু থেকেই ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউরোপের দেশ স্পেন। এবার ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের কোনো বিমান স্পেনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস।

মাদ্রিদে সাংবাদিকদের স্পেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানে অভিযানের জন্য স্পেনের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র।

স্পেনের এই অবস্থানের ফলে মার্কিন সামরিক বিমানকে ভিন্ন পথ ব্যবহার করতে হবে। স্পেন অবশ্য জানিয়েছে, জরুরি ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রথম থেকেই ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার সমালোচনা করে আসছেন।

সূত্র: আল জাজিরা

১৮: ৩৪

ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ ও খার্গ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ ও খার্গ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প: ছবি সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি তেহরান হরমুজ প্রণালি পুনরায় না খোলে, তবে ইরানের বেসামরিক জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং খার্গ দ্বীপও রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, কোনো চুক্তি না হলে ব্যবস্থা আরও কঠোর করা হবে।

ট্রাম্প লেখেন, ‘ব্যাপক অগ্রগতি হয়েছে। কিন্তু যদি কোনো কারণে দ্রুত চুক্তি না হয় এবং হরমুজ প্রণালি ‘খোলা’ না থাকে, আমরা আমাদের ইরান সফর শেষ করব তাদের সব বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং খার্গ দ্বীপ ধ্বংস করার মাধ্যমে।’

সূত্র: আল জাজিরা

১৭: ৫৩

কুয়েতের পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল: ইরান

কুয়েতের পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল: ইরান
কুয়েতের পানি শোধনাগারে হামলার পর সৃষ্ট ধোয়া। ছবি: সংগৃহীত

ইরান অভিযোগ করেছে, কুয়েতের পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল। তাসনিম সংস্থার বরাত দিয়ে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ‘ইসলামিক রিপাবলিক ইরানের বিরুদ্ধে অভিযোগ আরোপের অজুহাতে জায়নিস্ট শাসকেরা কুয়েতের পানি শোধনাগারে হামলা চালিয়েছে। এই বর্বর হামলা নীচত্ব ও নিষ্ঠুরতার পরিচায়ক।’

এতে বলা হয়েছে, ‘আমাদের প্রধান লক্ষবস্তু মার্কিন ঘাঁটি, সামরিক কর্মী এবং এই অঞ্চলে তাদের স্বার্থ। এছাড়া জায়নবাদী শাসনের সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক অবকাঠামো ও স্থাপনাগুলো আমাদের শক্তিশালী লক্ষ্যবস্তু হিসেবে থাকবে।’

এর আগেও ইরান ঘোষণা দেয়, মধ্যপ্রাচ্যে প্রতিবেশি দেশ আমাদের টার্গেট নয়, আমাদের লক্ষবস্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা।

সূত্র: আল জাজিরা

১৭: ৩১

পরমাণবিক স্থাপনায় হামলায় আনবিক সংস্থার প্রতি ইরানের অভিযোগ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাঈ দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার ‘নীরবতা’ বা উদাসীনতার সমালোচনা করেছেন।

আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এসব হামলা ‘অপরাধ’ হিসেবে গণ্য হওয়া উচিত।

তিনি আরও অভিযোগ করেন, সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি সঠিক অবস্থান নেননি। তার মতে, হামলার নিন্দা না জানিয়ে গ্রোসি এমন মন্তব্য করেছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বাঘাঈর ভাষায়, গ্রোসির অবস্থানে দৃঢ়তা ও নিরপেক্ষতার অভাব রয়েছে।

সূত্র: আল জাজিরা

১৭: ২৭

মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের ২৬১ সেনা আহত

মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের ২৬১ সেনা আহত
ইসরায়েলি সেনা। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত তাদের ২৬১ জন সেনাসদস্য আহত হয়েছেন।

তবে এখন পর্যন্ত কতজন সেনা মারা গেছেন, সেই সংখ্যা প্রকাশ করেনি ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহত ৬ হাজার আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২১ জন এখনও চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টার মধ্যেই অন্তত ২৩২ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা

১৭: ০৯

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রতি মিশরের আহ্বান

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রতি মিশরের আহ্বান
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন।

কায়রোতে অনুষ্ঠিত ‘ইজিপস’ জ্বালানি সম্মেলনে তিনি বলেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছি, আমাদের উপসাগরীয় অঞ্চলে এই যুদ্ধ থামাতে আপনি ছাড়া আর কেউ সক্ষম নয়।”

সিসি আরও ইঙ্গিত দেন, এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যেতে পারে।

সূত্র: রয়টার্স

১৬: ৫০

ইরানে এতিমখানায় হামলা চালিয়েছে যুুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের পশ্চিমে একটি এতিমখানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, তেহরান থেকে প্রায় ২৫ মাইল দূরের ফারদিস শহরে সদ্য নির্মিত একটি এতিম সহায়তা কমপ্লেক্সে এই হামলা চালানো হয়। এতে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় হামলারও নিন্দা করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ২৩০ শিশু নিহত এবং প্রায় ১,৮০০ জন আহত হয়েছে।

এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, যুদ্ধের প্রথম দিনে দক্ষিণ ইরানের মিনাব এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে সম্ভাব্য মার্কিন হামলার তদন্ত প্রকাশ করতে। ইরানি গণমাধ্যমের দাবি, ওই হামলায় ১৬৮ শিশু ও ১৪ জন শিক্ষক নিহত হয়, যা এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।

সূত্র: সিএনএন

১৬: ৪৪

সৌদিতে ইরানের হামলায় মার্কিন রাডার বিমান ধ্বংস

সৌদিতে ইরানের হামলায় মার্কিন রাডার বিমান ধ্বংস
মার্কিন রাডার বিমানের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত

সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্রের একটি ‘ই-৩ সেন্ট্রি’ রাডার বিমান ধ্বংস হয়ে গেছে। এর ফলে দূর থেকে ইরানের হুমকি শনাক্ত করার মার্কিন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনটাই বলছেন বিশ্লেষকেরা।

সিএনএনের বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে, ধ্বংস হওয়া বিমানটির লেজ ভেঙে গেছে। এর ওপর থাকা বিশেষ গোলাকার রাডারটি মাটিতে পড়ে আছে। আকাশপথের আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা (এডব্লিউএসিএস)–এর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এ রাডার। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ওই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

সিএনএনের সামরিক বিশ্লেষক ও সাবেক মার্কিন কর্নেল সেড্রিক লেইটন বলেন, ‘এ বিশেষ রাডার বিমান ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতার জন্য একটি বড় আঘাত। এর ফলে মার্কিন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ করা এবং শত্রুবিমান বা ক্ষেপণাস্ত্রের হাত থেকে সেগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে।’

মার্কিন এসব রাডার বিমান দশকের পর দশক ধরে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে। এটি আকাশ থেকে ১ লাখ ২০ হাজার বর্গমাইল এলাকাজুড়ে নজরদারি চালাতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন ১৭টি বিমান রয়েছে, যা তাদের জন্য এক বড় শক্তি হিসেবে বিবেচিত হয়।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হওয়া বিমানটির ছবি ছড়িয়ে পড়ে। স্যাটেলাইট ছবির সঙ্গে মিলিয়ে সিএনএন নিশ্চিত করেছে যে হামলাটি সৌদি আরবের ওই বিমানঘাঁটিতেই হয়েছে।

সিএনএনের আগের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, এ হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। তবে কেউ মারা যাননি।

সূত্র: সিএনএন

১৫: ৩৫

আইআরজিসির নৌকমান্ডার নিহতের বিষয় নিশ্চিত করলো ইরান

আইআরজিসির নৌকমান্ডার নিহতের বিষয় নিশ্চিত করলো ইরান
নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার তাদের নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েল চার দিন আগে তাকে হত্যার দাবি করার পর এই নিশ্চিত করার ঘটনা সামনে এলো।

দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, বাহিনীকে সংগঠিত ও শক্তিশালী করার সময় তিনি লক্ষ্যবস্তুতে পরিণত হন এবং পরে আঘাতজনিত কারণে মারা যান। তবে ঠিক কবে তার মৃত্যু হয়েছে বা কী ধরনের আঘাত পেয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

গত সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল, তারা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডারকে হত্যা করেছে। হরমুজ প্রণালিতে মাইন পাতা ও অবরোধ কার্যক্রমে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযানের পর তাংগসিরি আরও বেশি সক্রিয় ও দৃশ্যমান হয়ে উঠেছিলেন। হরমুজ প্রণালি প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পেছনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে ধারণা করা হয়।

আইআরজিসি জানিয়েছে, এ ধরনের ক্ষতির সঙ্গে তারা অভ্যস্ত এবং তাংগসিরির মৃত্যুর পরও নৌবাহিনী শত্রুপক্ষের বিরুদ্ধে হামলা চালানো ও প্রণালী নিয়ন্ত্রণের কাজ অব্যাহত রেখেছে।

সূত্র: আল জাজিরা

১৫: ২১

ইরানের হামলার পর ইসরায়েলে তেল শোধনাগারে আগুন

ইরানের হামলার পর ইসরায়েলে তেল শোধনাগারে আগুন
গত ১৯ মার্চও হাইফা তেল শোধনাগারে হামলা চালায় ইরান। ছবি: সংগৃহীত

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় শহর হাইফায় অবস্থিত বাজান তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার পর আগুনের ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়, ইরানের হামলার পর শোধনাগার এলাকায় আগুন দেখা যায় এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে। এর আগে ১৯ মার্চও একই স্থাপনাটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছিল, যা ছিল ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পাল্টা প্রতিক্রিয়া।

সূত্র: আল জাজিরা

১৫: ১৪

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: সংগৃহীত

ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তর ইসরায়েলে সতর্কতা জারি করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার আশঙ্কায় আগাম সতর্কতা দেওয়া হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান।

সূত্র: আল জাজিরা