শিরোনাম

হামের উপসর্গ নিয়ে রামেকে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০

রাজশাহী সংবাদদাতা
হামের উপসর্গ নিয়ে রামেকে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০
ছবি: সংগৃহীত

যত দিন যাচ্ছে ততই মাহামারি আকার ধারণ করছে ‘হম’। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সারি। চলতি বছরে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে বৃহস্পতিবার (৯ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় চারজন শিশুর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে একই সময়ে নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। তবে চিকিৎসা শেষে ২৪ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৩২ জন।

হামের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত এক সপ্তাহের রামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ এপ্রিল) হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর আগের দিন বুধবার (৮ এপ্রিল) ৩ জন, মঙ্গলবার (৭ এপ্রিল) ১ জন এবং সোমবার (৬ এপ্রিল) ২ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রবিবার (৫ এপ্রিল) ২ জন, শনিবার (৪ এপ্রিল) ৩ জন এবং শুক্রবার (৩ এপ্রিল) ১ জন শিশু মারা যান।

চিকিৎসকদের মতে, শিশুরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বর, ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়া- এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে আসা জরুরি। দেরি হলে জটিলতা বাড়তে পারে। মৃত্যুঝুঁকিও বৃদ্ধি পাবে।

পাশাপাশি হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের পৃথক রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন চিকিৎসকরা। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

/জেএইচ/