
সিটিজেন ডেস্ক


বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। কেশমের একটি পানির প্ল্যান্টের ওপর মার্কিন হামলার জবাবে হিসেবে এই হামলা চালানো হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে বলেছিলেন, ওই মার্কিন হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহে বাধা সৃষ্টি করেছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলছে, হামলার সময় সাইরেন বেজে উঠেছে। বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছে।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। জবাবে ইসরাইলে পালটা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলায় দেশটির সামরিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার (৭ মার্চ) ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, মার্কিন বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে ৪২টি ইরানি নৌযান ধ্বংস করেছে। দেশটির বিমানবাহিনীর সক্ষমতা ও টেলিযোগাযোগ ব্যবস্থার বেশিরভাগ অংশ ধ্বংস হয়েছে।
ট্রাম্প বলেন, শুরুতে মার্কিন হামলাগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তার দাবি, এই হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কাছাকাছি ছিল।
চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অসাধারণ সাফল্য পেয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।
সূত্র: আল জাজিরা
লেবাননে ইসরায়েলি হামলা নিহতের সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়িয়েছে। গত সোমবার থেকে দেশটিতে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত সশস্ত্রগোষ্ঠীর (হিজবুল্লাহ) বিরুদ্ধে এই হামলা চলছে বলে জানিয়েছে ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, গত সোমবার থেকে হামলায় ২৯৪ জন নিহত ও ১ হাজার ২৩ জন আহত হয়েছে।
সূত্র: আল জাজিরা
ইরানের এক সামরিক মুখপাত্র সতর্ক করে বলেছেন, পারস্য উপসাগরে প্রবেশ করলে যেকোনো মার্কিন জাহাজ ‘সমুদ্রতলে পাঠানো হবে’।
এই হুঁশিয়ারি এমন সময় এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, মার্কিন নৌবাহিনী খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেওয়া শুরু করতে পারে।
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি হরমুজ প্রণালি। যেখানে দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। এই জলপথ নিয়ে উত্তেজনা বাড়ায় ইতোমধ্যে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব পড়ছে।
ইরান আগেও সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে গেলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
সূত্র: আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র ‘বিশ্বের জন্য একটি উপকার করেছে’।
তিনি দাবি করেন, এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অগ্রগতি যদি ০ থেকে ১০-এর মধ্যে মূল্যায়ন করা হয়, তাহলে তা ১৫।
ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য আমরা সেবা দিচ্ছি।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যারা নিহত হয়েছে তাদের সম্পর্কে ট্রাম্প বলেন, ‘ওরা ছিল অসুস্থ মানুষ, খুবই অসুস্থ মানুষ।’
সূত্র: আল জাজিরা
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা গতরাতে তেহরানে হামলা চালিয়ে আইআরজিসির কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করেছে।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর জানায়, রাতভর তেহরানজুড়ে হামলা চালানো হয়েছে। এ সময় মেহরাবাদ বিমানবন্দরেও হামলা চালানো হয়। ধ্বংস করা হয় ১৬টি বিমান।
তাদের দাবি করেছে, বিমানবন্দরটি পরিচালনা করতো কুদস ফোর্স। লেবাননের হিজবুল্লাহসহ মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের কেন্দ্র হিসেবে বিমানবন্দরটি ব্যবহৃত হয়েছিল।
এই দাবিগুলি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, পারস্য উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আইআরজিসির ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘লুইস পি’ নামের ওই তেল ট্যাঙ্কারটি ড্রোন হামলার মাধ্যমে পারস্য উপসাগরের মাঝামাঝি এলাকায় আঘাত করা হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এই জাহাজটি ‘সন্ত্রাসী আমেরিকার সম্পদগুলোর একটি’ হিসেবে বিবেচিত। তবে হামলার ক্ষয়ক্ষতি বা জাহাজের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
সূত্র: আল জাজিরা

সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, তুর্কি সাইপ্রাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। চলমান পর্যায়ক্রমিক পরিকল্পনায় এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের কথা বিবেচনা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা

হরমুজ প্রণালিতে একটি ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজের ছবি প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম।
এর আগে এক বিবৃতিতে হামলার খবর নিশ্চিত করেছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বিবৃতিতে ‘শত্রু দেশগুলোর সাথে বন্ধুত্ব রয়েছে’ এমন দেশগুলোর তেলবাহী ট্যাঙ্কার এবং বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে যেতে না দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করে আইআরজিসি।
সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানও হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে বলে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা।
শনিবার (৭ মার্চ) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দেন, আত্মসমর্পণ না করলে আজ ইরানে কঠোর আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র ইরানে ‘সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর’ জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে।
ট্রাম্পের ওই বক্তব্যের পর সিএনএনকে ইরানের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যার হুমকি দিয়েছে। তিনি বলেন, এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল, বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পর্যালোচনা করবে। যেগুলো এখনও ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো অন্তর্ভুক্ত করে হামলা চালানো হবে।
সূত্র: সিএনএন

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা আজ ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে দুটি হামলা চালিয়েছে।
পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করে, স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ইসরায়েলের আক্রে শহরের পূর্বে অবস্থিত তাসরিফিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এছাড়া স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে লেবানন সীমান্তের কফার কিলা শহরের কাছে ফাতিমা গেট ক্রসিংয়ে জড়ো হওয়া ইসরায়েলি সামরিক যানবাহনের দিকে রকেট নিক্ষেপ করা হয় বলে জানায় হিজবুল্লাহ।
তারা বলেছে, লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলার জবাব হিসেবেই এসব আক্রমণ চালানো হয়েছে। তবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
সূত্র: আল জাজিরা
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
সূত্র: আল জাজিরা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী শহর কিরিয়াত শমোনার বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘সতর্কবার্তা, কিরিয়াত শমোনার সব বাসিন্দাকে অবিলম্বে সরে যেতে এবং দক্ষিণ দিকে চলে যেতে বলা হচ্ছে।’
লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে সম্ভাব্য হামলা বা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার অষ্টম দিন আজ। মধ্যপ্রাচ্যব্যাপী ছড়িয়ে পড়িছে এই যুদ্ধের প্রভাব। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবিন্ন ধরনের কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে কুয়েত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উপহাসমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন কুয়েতি নাগরিক এবং একজন কলম্বিয়ার নাগরিক।
কর্তৃপক্ষ বলেছে, ওই ভিডিওর মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো, জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করা এবং টেলিযোগাযোগ ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এছাড়া চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দেশের আইন মেনে চলার এবং রাষ্ট্রের ক্ষতি হতে পারে এমন কোনো কনটেন্ট ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা
ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের উপকূলীয় শহর টাইরের কিছু বাসিন্দাকে এলাকা ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই প্রকাশিত এক বিবৃতিতে জানান, একটি মানচিত্রে চিহ্নিত কয়েকটি ভবনে শিগগিরই হামলা চালানো হবে। এসব ভবনের আশপাশের বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, যেসব ভবনে হামলার পরিকল্পনা করা হয়েছে, সেগুলো হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সূত্র: আল জাজিরা
দুবাই পুলিশ বাসিন্দাদের সতর্ক করে বলেছে, আপাতদৃষ্টিতে নিরীহ মনে হওয়া ছবি বা ভিডিও-ও ভুলভাবে ব্যবহার হয়ে ভুয়া তথ্য ছড়াতে পারে। অনেক সময় এসব ছবি সম্পাদনা করা বা প্রসঙ্গের বাইরে ব্যবহার করা হয়, যা সংবেদনশীল স্থানের নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, জনসচেতনতাই নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে শক্তিশালী উপায়। তাই বাসিন্দাদের সংবেদনশীল স্থানগুলোর ছবি তোলা বা সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
দুবাই পুলিশ বলেছে, সবার সম্মিলিত সচেতনতাই একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সহায়তা করবে।
সূত্র: গালফ নিউজ
লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকার নাবি চিত শহরে ইসরায়েলের বিমান ও স্থল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনীর এই হামলায় শহরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান আত্মসমর্পণ না করলে আজই দেশটিকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে। একইসঙ্গে তিনি এমন কিছু ব্যক্তি ও অঞ্চলকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন, যেগুলো আগে হামলার তালিকায় ছিল না।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের ‘খারাপ আচরণের’ কারণে এমন কিছু এলাকা ও গোষ্ঠীর ওপর পূর্ণ ধ্বংসাত্মক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যেগুলো আগে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়নি।
তিনি আরও দাবি করেন, ‘ইরান আর মধ্যপ্রাচ্যের ‘দাদাগিরি’ করা দেশ নয়, বরং এখন তারা ‘মধ্যপ্রাচ্যের পরাজিত দেশ’ হয়ে গেছে। আত্মসমর্পণ না করা পর্যন্ত অথবা পুরোপুরি ভেঙে না পড়া পর্যন্ত তারা এ অবস্থাই থাকবে।’
ট্রাম্প তার পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া এক বক্তব্যেরও উল্লেখ করেন। এতে পেজেশকিয়ান বলেন, ইরানের ভূখণ্ড থেকে হামলা চালানো না হলে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর ওপর ইরান আক্রমণ করবে না।
তবে পেজেশকিয়ানের এই বক্তব্যের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। একইসঙ্গে সৌদি আরব, বাহরাইন ও কাতারে হামলার খবরও সামনে এসেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

জার্মানির উপ-চ্যান্সেলর লার্স ক্লিংবেইল বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে জার্মানি অংশ নেবে না। তিনি বলেন, এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বৈধ কিনা তা নিয়ে তার ‘গুরুতর সন্দেহ’ রয়েছে।
জার্মান সংবাদমাধ্যম আরএনডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিংবেইল বলেন, ‘আমি খুব স্পষ্ট করে বলছি, এটি আমাদের যুদ্ধ নয়। আমরা এই যুদ্ধে অংশ নেবো না।’
তিনি আরও সতর্ক করে বলেন, বিশ্ব এমন এক অবস্থার দিকে এগোচ্ছে যেখানে কোনো নিয়ম-নীতি থাকবে না।
‘আমরা এমন একটি পৃথিবীতে বাস করতে চাই না, যেখানে কেবল শক্তিশালীর আইনই কার্যকর হবে,’ যোগ করেন তিনি।
তবে তার এই অবস্থান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের বক্তব্যের বিপরীত। মের্ৎস এর আগে বলেছিলেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ইসরায়েলের প্রতি তেহরানের হুমকি এবং বিভিন্ন গোষ্ঠীকে সমর্থনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে তার সরকার সমর্থন করে।
সূত্র: আল জাজিরা
ইরান জানিয়েছে, দেশটির নৌবাহিনী ইসরায়েল এবং কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে।
শনিবার (৭ মার্চ) ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানি নৌবাহিনী ব্যাপক ড্রোন হামলার মাধ্যমে মার্কিন ঘাঁটি ও দখলকৃত অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তু করেছে।’
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য প্রকাশ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের একটি কৌশলগত স্থাপনাও এই হামলার লক্ষ্য ছিল।
তবে এ হামলার ক্ষয়ক্ষতি বা বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
সূত্র: গালফ নিউজ

সংযুক্ত আরব আমিরাতের যুক্তরাষ্ট্রের আল-ধাফরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী এই ড্রোন হামলা চালায়। এতে যুক্তরাষ্ট্রের একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যম। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাত।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরান।
সূত্র: আল জাজিরা
এক বিবৃতিতে কাতার এয়ারওয়েজ জানিয়েছে, কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল লন্ডন, প্যারিস, মাদ্রিদ, রোম, ফ্রাঙ্কফুর্ট ও ব্যাংকক থেকে সীমিতসংখ্যক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
কাতার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিরাপদ ফ্লাইট পরিচালনার জন্য সাময়িক করিডর অনুমোদন দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংস্থাটি।
তবে এয়ারলাইনটি বলেছে, এসব ফ্লাইট শুধুমাত্র যেসব যাত্রীর চূড়ান্ত গন্তব্য দোহা, তাদের জন্য পরিচালিত হবে। এটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পুরোপুরি চালু হওয়ার ঘোষণা নয় বলেও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বৈধ টিকিট ছাড়া যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্যও অনুরোধ জানিয়েছে কাতার এয়ারওয়েজ।
সূত্র: আল জাজিরা
ভারতের কোচি বন্দরে ইরানি নৌবাহিনীর জাহাজ নোঙর করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শনিবার (৭ মার্চ) তিনি জানান, আইআরআইএস লাভান নামের জাহাজটি দক্ষিণ ভারতের কোচি শহরের বন্দরে নোঙর করেছে। জাহাজটি ১ মার্চ যান্ত্রিক সমস্যার কথা জানালে ভারত মানবিক কারণে বন্দরে ভেড়ার অনুমতি দেয়।
জয়শঙ্কর বলেন, ‘আমার মনে হয় এটি মানবিক দিক থেকে সঠিক সিদ্ধান্ত ছিল।’
এর আগে বুধবার শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি মার্কিন সাবমেরিন ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবিয়ে দেয়। একই সময় আরেকটি ইরানি জাহাজ আইআরআইএস বুশেহর শ্রীলঙ্কার কাছে সহায়তা চায় এবং সেখান থেকে ২০০-এর বেশি নাবিককে তীরে নিয়ে আসা হয়।
এই দুটি জাহাজ এর আগে ভারতে আয়োজিত নৌ-মহড়ায় অংশ নিয়েছিল। তবে জয়শঙ্কর বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর তারা ‘ভুল দিকে চলে যায়।’
সূত্র: গালফ নিউজ

যুক্তরাষ্ট্রের একটি বি-১ ল্যান্সার বোমারু বিমান শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে অবতরণ করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়ার পর এই বিমানটি সেখানে পৌঁছায়।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটেনের কয়েকজন রাজনীতিবিদ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি হওয়ায় স্টারমারের সমালোচনা করেন।
তবে স্টারমার নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, সম্ভাব্য সামরিক পদক্ষেপটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ হতে পারতো।
সূত্র: আল জাজিরা
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ১৪৮টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইনের সামরিক বাহিনী।
শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড জানিয়েছে, ‘বিশ্বাসভঙ্গকারীদের আক্রমণ’ শুরুর পর থেকে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।
সূত্র: আল জাজিরা
কাতার এয়ারওয়েজ জানিয়েছে, দেশটির আকাশসীমা বন্ধ থাকায় আপাতত সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।
কাতার সিভিল এভিয়েশন অথরিটি আকাশসীমা পুনরায় নিরাপদ ঘোষণা করলে ফ্লাইট চলাচল আবার শুরু করা হবে।
উল্লেখ্য, কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার ফলে এর আগে কয়েক দফায় বিমান চলাচল স্থগিত করে কাতার এয়ারওয়েজ।
সূত্র: গালফ নিউজ
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরান ও মধ্যাঞ্চলের ইসফাহানে ‘ব্যাপক আকারে’ নতুন দফা বিমান হামলা শুরু করেছে।
খবরে বলা হয়েছে, ইসরায়েলি বিমানবাহিনীর ৮০টির বেশি যুদ্ধবিমান তেহরান ও মধ্য ইরানের বিভিন্ন স্থানে সামরিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে।
সূত্র: আল জাজিরা

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
ফার্স নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত ওই পরিসংখ্যানে বলা হয়েছে, হামলায় লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে—
এছাড়া এসব হামলায় বেশ কয়েকটি উদ্ধার ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করার সময় রেড ক্রিসেন্টের কয়েকজন কর্মীও আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যেই জর্ডানের মার্কিনঘাঁটির রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইরান। জর্ডানের মুওয়াফ্ফাক সালতি বিমানঘাঁটিতে অবস্থিত এই রাডারটি ধ্বংসের ফলে উচ্চ-উচ্চতার নজরদারি এবং ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থায় বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ব্লুমবার্গ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, জর্ডানের ওই ঘাঁটিতে মোতায়েন করা আরটিএক্স কর্পোরেশনের তৈরি এএন/টিপিওয়াই-২ রাডার এবং এর আনুষঙ্গিক সরঞ্জামগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটি মূলত মার্কিন টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থাড সিস্টেমের অবিচ্ছেদ্য অংশ। ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ডলার মূল্যের এই রাডারটি বায়ুমণ্ডলের শেষ প্রান্তে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংসের দিকনির্দেশনা দিত।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই ক্ষয়ক্ষতির ফলে যুক্তরাষ্ট্র এখন প্যাট্রিয়ট সিস্টেমের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। কিন্তু প্যাট্রিয়ট সিস্টেমে ব্যবহৃত পিএসি-৩ ক্ষেপণাস্ত্রের মজুত ইতোমধ্যে কমে এসেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির হিসাব অনুযায়ী, গত শনিবার থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার পর যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্রায় ২ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম হারিয়েছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। আত্মসমর্পণের স্বপ্ন যুক্তরাষ্ট্রের কবরে নিয়ে যাওয়া উচিত।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি পূর্ব-রেকর্ডকৃত বিবৃতিতে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এই কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি একটি ‘স্বপ্ন যা তাদের কবরে নিয়ে যাওয়া উচিত’।’
এছাড়া গত কয়েক দিনে প্রতিবেশী দেশগুলোতে যেসব হামলা হয়েছে, সেগুলোর জন্য তিনি দুঃখও প্রকাশ করেছেন।
তিনি আঞ্চলিক দেশগুলিতে ইরানের আক্রমণের জন্যও ক্ষমা চেয়ে বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানের ওপর হামলা না হয়, তাহলে সেসব দেশে আর আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ।

হরমুজ প্রণালিতে মাল্টার একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ‘প্রিমা’ নামের ওই ট্যাঙ্কারে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লব রক্ষা বাহিনী (আইআরজিসি)।
দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম লিখেছে, ‘অভিযুক্ত ট্যাঙ্কারটির বিরুদ্ধে এই ঘটনা আজ সকালে কয়েক মিনিট আগেই ঘটেছে। হরমুজ প্রণালিতে চলাচল নিষিদ্ধ এবং এলাকাটি অনিরাপদের বিষয়ে আইআরজিসির বারবার দেওয়া সতর্কতা উপেক্ষা করার পর এই হামলা চালানো হয়।’
মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কার ‘প্রিমা’ মাল্টার পতাকা নিয়ে চলাচল করছে।
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হওয়ায় এই জলপথকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ওই পথ বন্ধ থাকায় ইতোমধ্যে বিশ্বুজড়ে জ্বালানির দাম বেড়ে গেছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানের ওপর হামলা না হয়, তাহলে সেসব দেশে আর আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ।
গত কয়েক দিনে যেসব হামলা হয়েছে, সেগুলোর জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে তিনি দুঃখও প্রকাশ করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি পূর্ব-রেকর্ডকৃত ভাষণে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এই বিবৃতি দেন।
রাষ্ট্রপতি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি একটি ‘স্বপ্ন যা তাদের কবরে নিয়ে যাওয়া উচিত’।
তিনি আঞ্চলিক দেশগুলিতে ইরানের আক্রমণের জন্যও ক্ষমা চেয়ে বলেন, এটি সামরিক বাহিনীর মধ্যে ভুল যোগাযোগের কারণে ঘটেছে।
তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোন মার্কিনঘাঁটি লক্ষ্য করে ইরান তীব্র আক্রমণ করছে এবং ইসরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করে তাদের বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
শনিবার সকালে বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিনঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

ইসরায়েলের কাছে নতুন করে ১৫১.৮ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরো এই সিদ্ধান্ত জানিয়েছে।
পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরো এই সিদ্ধান্ত জানায়, তারা ইসরায়েলের কাছে ১৫১.৮ মিলিয়ন ডলারের (প্রায় ২ হাজার কোটি টাকা) অস্ত্র বিক্রির অনুমোদন দিচ্ছে।
এক বিবৃতিতে তারা বলেছে, ‘এই প্রস্তাবিত বিক্রয় মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি এবং জাতীয় নিরাপত্তায় অবদান রাখবে, একটি কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা উন্নত করতে সাহায্য করবে, যা মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি ছিল এবং এখনও রয়েছে।’

ইরান যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান ‘বেআইনি হামলার’ তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। শুক্রবার তিনি সতর্ক করে বলেন, সংঘাত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
জাতিসংঘ থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথভাবে ব্যাপক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী। ইরানও এর জবাবে ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি ঠেকাতেই এই অভিযান।
তবে এই হামলায় খামেনির মৃত্যুর পর ইরান কার্যত নেতৃত্বহীন হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করছেন।
এদিকে গুতেরেস বলেছেন, ‘মধ্যপ্রাচ্য ও এর বাইরে চলমান সব বেআইনি হামলা ওই অঞ্চলের সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগ ও ক্ষতির কারণ হচ্ছে। এটি বিশ্ব অর্থনীতি, বিশেষ করে অসহায় মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি সবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এখন লড়াই থামানোর এবং গুরুত্বের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করার সময়।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে কাতার।
কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশপথ আংশিকভাবে আবার খুলে দেওয়া হচ্ছে। তবে আপাতত শুধু উদ্ধারকারী ও জরুরি পণ্যবাহী (কার্গো) ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হবে।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনগুলোতে আরও ফ্লাইট চালু হবে কি না, তা নির্ভর করবে নিরাপত্তা পরিস্থিতির চলমান পর্যালোচনার ওপর।
কাতার সরকারের কর্তারা এ সপ্তাহের শুরুতে বলেছিলেন, বিমানবন্দর লক্ষ্য করে ইরানের হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে তাদের সামরিক বাহিনী।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গতকাল শুক্রবার দেশটি ৯টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে একটি ড্রোন জনশূন্য এলাকায় পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র: বিবিসি

তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর সেখানকার টারমার্কে পুড়ে যাওয়া বিমান দেখা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এর আগে ইসরায়েল নতুন করে আরও হামলার তথ্য দিয়েছিল।
তেহরানের বাসিন্দারা বিবিসি ফার্সিকে বলেছে, সবশেষ রাতটি ছিল তাদের কাছে সবচেয়ে ভয়াবহ যেখানে প্রতি ঘণ্টায় হামলা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া দেশটির সাথে কোনো চুক্তি হবে না। একই সাথে তিনি বলেছেন, তার প্রশাসনের কাছে গ্রহণযোগ্য কাউকে ইরানের নতুন নেতা হিসেবে বেছে নেওয়া উচিত।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে তারা চিহ্নিত করেছে। ‘প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর হুমকি প্রতিহত করতে কাজ করছে।’ এক বিবৃতিতে বলা হয়েছে।
জাতিসংঘে ইরানের দূত আমির সাইয়েদ ইরাভানি জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ১৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার থেকে বাচঁতে আবারও বাংকারে আশ্রয় নিয়েছে ইসরায়েলের লাখ লাখ বাসিন্দা। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে এ পর্যন্ত ইরান ইসরায়েলের দিকে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এ হামলার জেরে সারা রাত লাখ লাখ ইসরায়েলিকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে (বাংকারে) অবস্থান করতে হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলের বিশ্লেষকদের মতে, দেশটির সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে ইরান এমন কৌশল নিয়েছে। যাতে ভিন্ন ভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলিদের দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য করা যায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে ইসরায়েলের বাসিন্দাদের জানানো হয়েছে, দেশটির নিরাপত্তা সংস্থাগুলো ধারণা করছিল হামলার প্রথম সপ্তাহেই ইরান থেকে ইসরায়েলে অন্তত ১ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে। তবে এ পর্যন্ত ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইসরায়েলিদের দাবি, এটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রে ইরানের দুর্বল সক্ষমতাকে ফুটিয়ে তুলছে। আর এর কারণ হিসেবে ইসরায়েল তাদের ভাষায় নিজেদের ‘সাফল্য’কে কৃতিত্ব দিচ্ছে। সূত্র: আল–জাজিরা

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, আজ রাতে ইরানের ওপর ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
স্কট বেসেন্ট জানান, মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে’। তিনি আরও বলেন, ‘আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।’
এ সময় বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার’ অভিযোগ আনেন। এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন। সূত্র: আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন। তিনি বলেছেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনও চুক্তি হবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।
পোস্টে তিনি লেখেন, ‘এর পর (নিঃশর্ত আত্মসমর্পণ) এবং (ইরানের) একজন মহান ও গ্রহণযোগ্য নেতা বা (নেতাদের) বাছাই করা হয়ে গেলে আমরা এবং হয়ত আমাদের চমৎকার, সাহসী মিত্র ও অংশীদাররা নিরন্তর কাজ করে যাব।’
ট্রাম্প বলেন, ‘ইরানকে ধ্বংস থেকে ফিরিয়ে আনতে, তাদেরকে অর্থনৈতিক দিক থেকে আরও বড় এবং ভাল করাসহ আগের যে কোনও সময়ের চেয়ে আরও শক্তিশালী করে তুলতে। ইরান একটি দারুণ ভবিষ্যৎ পাবে। ‘মেইক ইরান গ্রেট অ্যাগেইন’ (মিগা)!’

গত সপ্তাহব্যাপী ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিনঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা হামলায় বিশ্বজুড়ে জ্বালানি ও পরিবহন খাত অস্থির হয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধার কারণে তেলের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
এর মধ্যে ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৯ ডলারে পৌঁছেছে, যা এক দিনে ৮.৫ শতাংশ এবং সপ্তাহের নিরিখে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক ব্যবসায়ীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কারণ ইরান বারবার এই জলপথ বন্ধ করার হুমকি দিয়েছে। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হয়।

শ্রীলঙ্কা উপকূলে যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে টর্পেডো হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে জীবিতদের এবং শ্রীলঙ্কার হেফাজতে থাকা দ্বিতীয় ইরানি জাহাজের ক্রুদের উদ্ধার না করতে শ্রীলঙ্কার সরকারকে চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর গ্যাল থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন ইরানের আইআরআইএস ডেনা যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেয়। এতে প্রায় ৮০ জন নাবিকের মৃতদেহ এবং ৩৩ জনকে জীবিত উদ্ধার করেছে শ্রীলঙ্কান নৌবাহিনী। এ ঘটনায় ইরানি নৌবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের আক্রমণের তীব্রতা প্রকাশ পেয়েছে।

এরপর বৃহস্পতিবার, শ্রীলঙ্কা দ্বিতীয় ইরানি জাহাজ আইআরআইএস বুশেহর থেকে ২০৮ জন ক্রুকে উদ্ধার করতে শুরু করেছে। যা শ্রীলঙ্কার সামুদ্রিক সীমানার বাইরে অর্থনৈতিক অঞ্চলে আটকা পড়েছিল।
এ ব্যাপারে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে বলেছেন, ক্রুদের উদ্ধার করা তার ‘মানবিক দায়িত্ব’।
আইআরআইএস ডেনায় টর্পেডো হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম এ ধরনের হামলা। এটি চলমান ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ভৌগোলিক পরিধির স্পষ্ট লক্ষণ। এ ঘটনাকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানের ‘নীরব মৃত্যু’ বলে উপহাস করেছেন।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পররাষ্ট্র দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, কলম্বোতে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেইন হাওয়েল শ্রীলঙ্কার সরকারকে জোর দিয়ে বলেছেন, বুশেহর থেকে উদ্ধারকৃত ক্রু বা ডেনা থেকে উদ্ধারকৃত ৩২ জন জীবিতদের ইরানে ফেরত পাঠানো উচিত নয়।
এতে বলা হয়েছে, উদ্ধারকৃত ইরানি ক্রুদের প্রচারণার জন্য ব্যবহার করতে দেওয়া উচিত নয় শ্রীলঙ্কার কর্তৃপক্ষের।
গত ৪ মার্চ ভারত মহাসাগরে শ্রীলঙ্কার সামুদ্রিক অঞ্চলে ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা থেকে সাহায্যের বার্তা পাওয়ার পর শ্রীলঙ্কা নৌবাহিনী ইরানি নাবিকদের উদ্ধার।
বার্তায় আরও বলা হয়েছে, জেইন হাওয়েল ভারত ও শ্রীলঙ্কায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে আরও জানিয়েছেন, ক্রুদের ইরানে ফেরত পাঠানোর কোনও পরিকল্পনা নেই।
গত বুধবার, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম বিষয়ক উপমন্ত্রী হানসাকা উইজেমুনি রয়টার্সকে বলেন, তেহরান ডেনা জাহাজে নিহতদের মৃতদেহ দেশে ফিরিয়ে নিতে কলম্বোর কাছে সাহায্য চেয়েছে। তবে সেজন্য সময়সীমা এখনও নির্ধারণ করা হয়নি।
গত মাসে বঙ্গোপসাগরে ভারত কর্তৃক আয়োজিত নৌ-মহড়ায় অংশ নিয়েছিল ডেনা এবং ইরানে ফিরে যাওয়ার সময় একটি মার্কিন টর্পেডোর আঘাতে এটি ডুবে যায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ডেনায় যখন টর্পেডো আঘাত হানে তখন এটি সশস্ত্র ছিল এবং হামলা চালানোর আগে মার্কিন যুক্তরাষ্ট্র কোনও সতর্কতা দেয়নি।
স্টেট ডিপার্টমেন্টের তারবার্তায় বলা হয়েছে, দ্বিতীয় জাহাজ বুশেহর, সংঘাতের সময়কাল ধরে শ্রীলঙ্কার হেফাজতে থাকবে।
শ্রীলঙ্কার কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, তারা বুশেহরকে পূর্ব উপকূলের একটি বন্দরে নিয়ে যাচ্ছে এবং এর বেশিরভাগ ক্রুকে কলম্বোর কাছে একটি নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যাচ্ছে।