শিরোনাম

বিএনপি গণরায়ের সঙ্গে প্রতারণা শুরু করেছে: সারজিস আলম

বগুড়া সংবাদদাতা
বিএনপি গণরায়ের সঙ্গে প্রতারণা শুরু করেছে: সারজিস আলম
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি: সংগৃহীত

নির্বাচনের দেড় মাস পার না হতেই বিএনপি মানুষের গণরায়ের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (৬ এপ্রিল) বগুড়া সদরের বাঘোপাড়ায় আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জামায়াত নেতা আবিদুর রহমানের পক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।

সারজিস আলম বলেন, ‘আজ যদি আবার জাতীয় নির্বাচন হয়, তবে দেশের অনেক আসনের মানুষ তাদের আগের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করবেন। অনেকেই হয়তো তাদের ভোটের অবস্থান বদলে ফেলবেন।’

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় তার সমালোচনা করে সারজিস বলেন, ‘এখানকার মানুষ মন খুলে তাদের উত্তরসূরি তারেক রহমানকে ভোট দিয়েছিলেন। কিন্তু দুটি আসনের মধ্যে একটি বেছে নেওয়ার সময় তিনি তার পূর্বসূরিদের জন্মভূমির আসন বগুড়াকে ছেড়ে দিয়েছেন। এই একটি কারণই, এ আসনের মানুষের অন্য মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য যথেষ্ট।’

বিএনপি প্রতারণা করছে উল্লেখ করে বলেন, ‘যারা কাগজে-কলমে এক কথা বলে আর বাস্তবে অন্য কথা বলে, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।’

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে উপস্থিত জনতার উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ‘তারা (বিএনপি) ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, এটা যেমন সত্য, আমরা করতে দিয়েছি সেটা আমাদের দুর্বলতা।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সমাবেশ শেষে জামায়াত নেতা আবিদুর রহমানকে জোটের প্রার্থী হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

/টিই/