শিরোনাম

টেকনাফ স্থলবন্দর পুনরায় চালু হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টেকনাফ সংবাদদাতা
টেকনাফ স্থলবন্দর পুনরায় চালু হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ছবি: সংগৃহীত

মিয়ানমারে চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে স্থবির থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে টেকনাফ স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দর এলাকার গুদামে সংরক্ষিত পণ্যসহ সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের মো. রাজিব আহসান বলেন, ‘টেকনাফ স্থলবন্দর পুনরায় সচল করতে সরকার কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে বিজিবি, কোস্ট গার্ড, কাস্টমস, এনবিআর, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনগণের চাহিদা এবং ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সমন্বয়ের মাধ্যমে বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

এছাড়া, নৌপরিবহন প্রতিমন্ত্রী কক্সবাজার লাইট হাউস এবং নির্মানাধীন বিআইডব্লিউটিএর জেটিঘাট পরিদর্শন করেন।

/টিই/