
সিটিজেন ডেস্ক


ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র–ইসরায়েল যৌথভাবে ইরানের কমপক্ষে ১৫৩টি শহরে হামলা করেছে।
এর মধ্যে ৫০৪ টি স্থানে এক হাজার ৩০৯ বার হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত হামলায় ৭৮৭ জন নিহত বলে জানিয়েছে আল জাজিরা।
এছাড়া লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুইদিব্যাপী ইসরায়েলের ব্যাপক হামলায় অন্তত ৪০ জন নিহত ও ২৪৬ জন আহত হয়েছেন।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আমিরাতজুড়ে ইরানের চালানো হামলায় এ পর্যন্ত ৩ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে আমিরাত লক্ষ্য করে এ পর্যন্ত ১৮৬টি ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন ছোঁড়া হয়েছে। এর মধ্যে ১৭২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এবং ১৩টি সমুদ্রে গিয়ে পড়েছে। একটি ক্ষেপণাস্ত্র আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।
আর ৮১২টি ড্রোনের মধ্যে আমিরাত ৭৫৫টি ড্রোন প্রতিহত করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় ৩ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।
আরব আমিরাত বলেছে, তাদের দিকে ১৮৬টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে ১৭২টি ধ্বংস করা হয়েছে। ১৩টি ধ্বংস করা হয়েছে সমুদ্রের ওপর। একটি ক্ষেপণাস্ত্র ভূখণ্ডে আঘাত হেনেছে।
তারা আরও বলেছে, মোট ৮১২টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। তার মধ্যে ৭৫৫টি প্রতিহত করা হয়েছে।

ইরানের রাজধানী তেহরানে মঙ্গলবার নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, তারা সেখানে নতুন করে সেখানে হামলা চালিয়েছে।
ইরানের সামরিক বাহিনীর একজন শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছেন আইডিএফ কর্মকর্তারা। তবে এই হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

সাইপ্রাসে নিজেদের সেনা ঘাঁটিতে ড্রোন হামলা হওয়ার পর এখন ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছে যুক্তরাজ্য।
এজন্য ব্রিটিশ রয়েল নেভির যুদ্ধজাহাজ এইচএমএস ডানকান প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে যেকোনো মূহূর্তে মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ রয়েল নেভি।
তবে মোতায়েনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দেশটির প্রতিরক্ষাসূত্রে জানা যাচ্ছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রথমবারের মতো খুলে দেওয়া হল গাজা ক্রসিং।
যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার, ওষুধসহ মানবিক সহায়তা প্রবেশের জন্য ওই পথটি খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি সৈন্যরা পথটি বন্ধ করে রেখেছিল।
ফলে ত্রাণ সহায়তা ঢুকতে না পারায় গাজায় খাদ্য ও জ্বালানির মজুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। যার ফলে গাজায় খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছিল। বিষয়টি নিয়ে সতর্ক করেছিল জাতিসংঘসহ অন্য সংস্থাগুলো।

মঙ্গলবার সকালে আরব আমিরাতের ফুজাইরাহ তেল শিল্প অঞ্চলে একটি ইরানি ড্রোন ধ্বংস করার পর ধ্বংসাবশেষ থেকে আগুন লেগে যায় বলে জানিয়েছে সিএনএন।
ফুজাইরাহ তেল শিল্প অঞ্চলের মিডিয়া অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এরপর থেকে এলাকায় স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ ইরানের গেরাশ অঞ্চলের কাছে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে।
প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, ভূমিকম্পে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিম এশিয়ায় পাক-আফগান ক্রমবর্ধমান সংকটের সমাধান করতে এবং ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানাতে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।
উত্তেজনা হ্রাস এবং কূটনৈতিক সমাধানের বিষয়ে আঞ্চলিক নেতাদের সাথে আলোচনার সময় তিনি এ কথা জানান।
খবর: ফাস্ট নিউজ

আয়াতুল্লাহ আলী খামেনির পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন দ্রুতই হবে এবং এ প্রক্রিয়া দীর্ঘায়িত হবে না বলে জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞ পরিষদের সদস্য আলী মোয়ালেমি। ইরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচালিত বার্তা সংস্থা আইএসএনএ-এর প্রতিবেদন থেকে এমনটা জানিয়েছে আল জাজিরা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের এ বিশেষজ্ঞ পরিষদই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে।
আলী মোয়ালেমি বলেন, ‘বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন যে, নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা রাজনৈতিক ও দলীয় গোষ্ঠীর প্রতি ‘ব্যক্তিগত পছন্দের’ বিষয়টি প্রভাব ফেলবে না। তাঁরা নিজেদের বিবেচনাবোধ ও ধর্মীয় বিধির সঙ্গে সঙ্গতি রেখে ভোট দেবেন।’
তিনি আরও বলেন, ‘বিশেষজ্ঞ পরিষদ অতীতের মতো করেই শহীদ বিপ্লবী নেতার (আয়াতুল্লাহ খামেনি) মতো একজন ব্যক্তিত্বকে নির্বাচন করবে।’

আল জাজিরা জানিয়েছে, ইরানের কেরমান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ১৩ জন ইরানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল।

‘চলমান আঞ্চলিক উত্তেজনা’ উল্লেখ করে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ কুয়েতে মার্কিন দূতাবাসে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জাতিয়েছে দূতাবাস।
পোস্টে দূতাবাস বলেছে, আমরা সব নিয়মিত এবং জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট (আবেদন) বাতিল করেছি। এছাড়া ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস দেশের ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতি’ উল্লেখ করে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ঘোষণা করেছে।