
সিটিজেন ডেস্ক


পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় ইরান অংশ নেবে কি না এ বিষয়ে তেহরানের আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য এখনো অপেক্ষা করছে ইসলামাবাদ।
তিনি বলেন, পাকিস্তান এখনো কূটনৈতিক প্রচেষ্টা ও সংলাপের পথেই এগোচ্ছে। তবে এ ক্ষেত্রে ইরানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তারার আরও বলেন, চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ দ্রুত শেষ হয়ে আসছে। এমন প্রেক্ষাপটে ইরান আলোচনায় অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত পরিস্থিতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে পাকিস্তান।





যুদ্ধের কারণে প্রায় ৫০ দিন বন্ধ থাকা অভ্যন্তরীণ ফ্লাইট আগামী বুধবার (২২ এপ্রিল) থেকে পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ার আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছে।
ইরান এয়ারের বরাতে তাসনিম নিউজ এজেন্সি জানায়, ফ্লাইট পুনরায় চালুর প্রথম ধাপে তেহরান থেকে মাশহাদ রুটে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হবে। একই দিনে এই রুটে ফিরতি ফ্লাইটও পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষের মতে, ধাপে ধাপে অন্যান্য অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট চালু করা হবে। সাম্প্রতিক সংঘাতের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা বিমান চলাচল পুনরায় শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগকে স্বাভাবিক জীবনে ফেরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে যারা জরুরি প্রয়োজনে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করতে চান তাদের জন্য এটি বড় স্বস্তির খবর।
সূত্র: আল জাজিরা