শিরোনাম

ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

২৩: ৪৯

ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন ইরানের পরবর্তী নেতা নির্বাচনে ব্যক্তিগতভাবে তাকে যুক্ত থাকতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি মার্কিন সম্পৃক্ততা ছাড়া উত্তরসূরি নির্বাচনের চেষ্টা করে তাহলে তেহরান ‘সময় অপচয়’ করবে।

ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি জানেন উল্লেখ করে ট্রাম্প বলেন, এটা তিনি মেনে নেবেন না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘খামেনির ছেলে দুর্বল। নির্বাচন (ইরানের পরবর্তী নেতা) প্রক্রিয়ায় আমাকে জড়িত থাকতে হবে।’

ট্রাম্প আরও বলেন, তিনি এমন কোনো নতুন ইরানি নেতাকে মানবেন না যিনি আগের নেতৃত্বের নীতিগুলো অনুসরণ করবেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এটি করলে আগামীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সংঘাতের ঝুঁকি তৈরি হবে। তিনি আরও বলেন, ‘খামেনির ছেলে আমার কাছে অগ্রহণযোগ্য। আমরা এমন কাউকে চাই যে ইরানে সমৃদ্ধি এবং শান্তি আনবেন।’

২১: ৫৬

হামাসের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের উত্তর শহর ত্রিপোলিতে হামলা চালিয়ে হামাসের এক কমান্ডার ওয়াসিম আতাউল্লাহ আলিকে হত্যা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এই অভিযানে তাদের নৌবাহিনীর সদস্যরা জড়িত ছিল। তাদের অভিযোগ করেছে যে আলি হামাসের যোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন।

এ ঘটনায় এখন পর্যন্ত হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে খবর পাওয়া গেছে, ইসরায়েল লেবাননে তাদের হামলার পরিধি আরও বাড়িয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

এর আগে বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এলাকা খালি করে ত্রিপোলির দিকে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল।

২১: ৫০

ইসরায়েলের হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ১০২

ইসরায়েলের হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ১০২
লেবাননে নিহতদের শেষ বিদায় জানানো হচ্ছে। ছবি: সংগৃহীত

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ১০২ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, সোমবার থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পারস্পরিক হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৬৩৮ জন আহত হয়েছেন।

এর আগে বুধবার প্রকাশিত হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ছিল ৭৭ জন।

সূত্র: রয়টার্স

২১: ৪৩

কাতারে ৪ যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ব্রিটেন কাতারে অতিরিক্ত চারটি টাইফুন যুদ্ধবিমান পাঠাবে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই যুদ্ধবিমানগুলো কাতারে আগে থেকেই অবস্থান করা ব্রিটিশ সেনাদের সঙ্গে যুক্ত হয়ে অঞ্চলে যুক্তরাজ্যের প্রতিরক্ষামূলক অবস্থান আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, সম্ভাব্য উত্তেজনা বা সংঘাতের আশঙ্কা বিবেচনা করে যুক্তরাজ্য জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কাতারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন প্রতিরক্ষামূলক সামরিক সরঞ্জাম পাঠিয়েছে, যাতে সেনাবাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা যায়।

স্টারমার জানান, যুক্তরাজ্য মিত্র দেশগুলোর সামরিক কার্যক্রমে সহায়তা করতে আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ব্যবহার করেছে। মধ্যপ্রাচ্যে অংশীদার দেশগুলোর কাছ থেকে আসা অতিরিক্ত সহায়তার অনুরোধও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

সূত্র: আল জাজিরা

২১: ৩৩

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং সেগুলো প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

২১: ২৭

ইরানের ৩০০ মিসাইল লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, চলমান যুদ্ধে তাদের বিমান বাহিনী ইরানে ৩০০-এর বেশি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংস বা অকার্যকর করেছে।

তাদের মতে, এই হামলাগুলো মূলত পশ্চিম ইরানের মিসাইল লঞ্চারগুলোর ওপর কেন্দ্রীভূত ছিল, যাতে ইরানের পক্ষে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা কঠিন হয়ে পড়ে।

সূত্র: আল জাজিরা

২১: ১৯

ইরানি কর্মকর্তাদের ক্ষমতা ছাড়তে বললো রেজা পাহলভি

ক্ষমতাচ্যুত ইরানি শাহের ছেলে রেজা পাহলভি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইসলামিক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের ‘তাৎক্ষণিকভাবে ক্ষমতা হস্তান্তর’ করার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, খামেনির উত্তরসূরি নিয়োগের যেকোনো চেষ্টা ব্যর্থ হবে। তার মতে, যেই নতুন নেতা হোক না কেন, জনগণের কাছে তার বৈধতা থাকবে না।

সূত্র: আল জাজিরা

২১: ০৪

যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পর যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

তিনি বলেন, লন্ডন যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি থেকে অভিযান চালানোর অনুমতি দিয়েছে ‘একটি নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে’। এর লক্ষ্য হলো ইরানের সেই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র (মিসাইল লঞ্চার) ও সংরক্ষণস্থলগুলোকে লক্ষ্য করা, যেগুলো যুক্তরাজ্যের সেনা সদস্য ও তাদের মিত্রদের ওপর হামলায় ব্যবহৃত হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমালোচনা করেছিলেন যে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের প্রথম দফার ইরানবিরোধী হামলার সময় স্টারমার প্রথমে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেননি। ট্রাম্প তখন মন্তব্য করেন যে স্টারমার “উইনস্টন চার্চিলের মতো নন”।

স্টারমার এর আগে পার্লামেন্টে বলেছিলেন, যুক্তরাজ্য আক্রমণাত্মক সামরিক অভিযানে অংশ নেবে না, তবে যুক্তরাষ্ট্রকে সীমিত প্রতিরক্ষামূলক কাজে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে।

সূত্র: আল জাজিরা

২০: ৩৩

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইতালির প্রতিরক্ষামন্ত্রী

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইতালির প্রতিরক্ষামন্ত্রী
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। ফাইল ছবি (রয়টার্স)

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গত সপ্তাহে চালানো এই হামলার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের নিয়মের বাইরে পড়ে।

ক্রোসেত্তোর এই মন্তব্যকে ইতালির বর্তমান ডানপন্থী সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত সবচেয়ে কঠোর সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইতালির সরকার তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে আসছে।

গুইদো আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মিত্র ও অংশীদারদের আগাম কোনো সতর্কতা না দিয়েই যে সংঘাত শুরু করেছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হচ্ছে ইতালি।

সূত্র: রয়টার্স

১৯: ৫০

ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। ফাইল ছবি

উত্তর ইরাকের ইরবিল শহরে মার্কিন সেনাদের অবস্থানরত একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এই হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: আল জাজিরা

১৯: ৪৩

দক্ষিণ লেবাননের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের

ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরের বাসিন্দাদের অবিলম্বে ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘নিজেদের জীবন বাঁচাতে’ বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগ করা উচিত।

তিনি বিশেষভাবে বুর্জ আল-বারাজন ও হাদাথ এলাকার বাসিন্দাদের বৈরুত-দামেস্ক মহাসড়ক ধরে পূর্ব দিকে মাউন্ট লেবাননের দিকে সরে যাওয়ার আহ্বান জানান।

এছাড়া হারেত হরেইক এবং শিয়াহ এলাকার বাসিন্দাদের বৈরুত-ত্রিপোলি সড়ক ধরে উত্তরে ত্রিপোলির দিকে, অথবা পূর্ব দিকে মাউন্ট লেবাননের দিকে চলে যেতে বলা হয়েছে।

সূত্র: আল জাজিরা

১৯: ৩৪

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি আইআরজিসির, অস্বীকার যুক্তরাষ্ট্রের

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি আইআরজিসির, অস্বীকার যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের এফ-১৫ই যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ফাইটার জেট ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম আইআরজিসির বরাতে জানায়, দুই আসনের এই যুদ্ধবিমানটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে বিধ্বস্ত হয়েছে। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্র এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ইরানে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার যে খবর সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে তা ভিত্তিহীন এবং অসত্য।

সূত্র: আল জাজিরা

১৯: ২৪

ইরান সংকট কয়েকমাস ধরে চলতে পারে: যুক্তরাজ্যের মন্ত্রী

যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী হামিশ ফকনার বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংকট দীর্ঘ সময় ধরে চলতে পারে। এটি কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা কম।

ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, তবে বর্তমানে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে এটি শুধু কয়েক দিনের নয়, বরং কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস পর্যন্ত চলতে পারে।

ফকনারের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা দ্রুত কমার কোনো স্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

সূত্র: আল জাজিরা

১৮: ৫৫

ইরানবিরোধী যুদ্ধে নীরব থাকলে ইইউকে মূল্য দিতে হবে: তেহরানের সতর্কবার্তা

ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের বিষয়ে যদি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো নীরব থাকে, তাহলে শিগগির বা পরে তাদেরকে এর মূল্য দিতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি স্পেনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম টিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

বাঘায়ি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের বিষয়ে ইউরোপীয় দেশগুলো যদি নীরব অবস্থান বজায় রাখে, তাহলে ভবিষ্যতে তাদের এর রাজনৈতিক ও কূটনৈতিক পরিণতি ভোগ করতে হতে পারে।

এদিকে তুরস্কের আকাশসীমায় ভূপাতিত একটি ক্ষেপণাস্ত্র ইরান থেকে ছোড়া হয়েছে, এমন অভিযোগ আবারও অস্বীকার করেছেন। বাঘায়ি বলেন, ওই ক্ষেপণাস্ত্র ইরান থেকে উৎক্ষেপণ করা হয়নি।

সূত্র: রয়টার্স

১৮: ৪১

আমিরাতে ১ ক্ষেপণাস্ত্র ও ৬ ড্রোন আঘাত হেনেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয়

আমিরাতে ১ ক্ষেপণাস্ত্র ও ৬ ড্রোন আঘাত হেনেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয়
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ১টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ড্রোন দেশের ভেতরে পড়েছে।

কর্তৃপক্ষের মতে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। তবে এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন আমিরাতের ভূখণ্ডে পড়ে।

এর আগে আবুধাবির মিডিয়া অফিস জানিয়েছিল, ড্রোন ভূপাতিত করার পর আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষে ছয়জন আহত হন। আহতদের মধ্যে পাকিস্তান ও নেপালের নাগরিকরা রয়েছেন এবং তাদের আঘাত মৃদু থেকে মাঝারি ধরনের।

সূত্র: আল জাজিরা

১৮: ০০

আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার ইরানের

আজারবাইজানের অভিযোগের পর ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে তারা আজারবাইজানকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আজারবাইজান প্রজাতন্ত্রকে লক্ষ্য করে হামলা চালায়নি। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ঘারিবাবাদি আরও বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করে না।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের নীতি হলো শুধু শত্রুদের সামরিক ঘাঁটিতে হামলা চালানো, যেগুলো অঞ্চলটিতে সক্রিয় রয়েছে এবং ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে আজারবাইজান অভিযোগ করেছিল যে ইরানের দুটি ড্রোন দেশটির স্বায়ত্তশাসিত নাখচিভান অঞ্চলে আঘাত হানে, যার মধ্যে একটি বিমানবন্দর ভবনে আঘাত করে। তবে ইরান এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।

সূত্র: আল জাজিরা

১৭: ৪৭

ইরান যুদ্ধে সরাসরি জড়িত নয় ন্যাটো, তবে সহায়তা দিচ্ছে: রুট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে ন্যাটো সরাসরি অংশ নিচ্ছে না, তবে জোটটি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে।

ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, ন্যাটো মিত্র দেশগুলো এই যুদ্ধে সরাসরি লড়াইয়ে নেই, কিন্তু তারা ‘সক্রিয় সমর্থন’ প্রদান করছে। তার মতে, ইউরোপীয় মিত্রদের সহযোগিতা ছাড়া যুক্তরাষ্ট্রের জন্য ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান চালানো অনেক কঠিন হতো।

তিনি আরও বলেন, এই দিক থেকে ন্যাটো যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের ‘পাওয়ার প্রজেক্ট প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করছে।

তবে তিনি স্পষ্ট করেন যে, এর বাইরে ন্যাটো সরাসরি যুদ্ধের অংশ নয়। যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি মনে করেন, তারা পরিস্থিতি সম্পর্কে সচেতনভাবেই সিদ্ধান্ত নিচ্ছেন।

রুটে আরও বলেন, ইরান পরিস্থিতি সত্ত্বেও ন্যাটো মিত্ররা ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডার অনেক নেতা মনে করেন, একইসঙ্গে দুটি বিষয়েই কাজ করতে হবে। অর্থাৎ, একদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কার্যক্রমে সহযোগিতা করা, অন্যদিকে যুদ্ধে টিকে থাকার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।

সূত্র: রয়টার্স

১৭: ৩১

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের সময় ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাঘায়ি বলেন, ইরানের জনগণকে ‘নির্মমভাবে হত্যা করা হচ্ছে’।

তিনি অভিযোগ করেন, ‘আগ্রাসী পক্ষগুলো ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে এবং এমন স্থানগুলোকে লক্ষ্য করছে যেখানে সর্বোচ্চ ভোগান্তি ও প্রাণহানি ঘটানো সম্ভব বলে তারা মনে করেন।’

বাঘায়ি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে এই নৃশংস, উস্কানিমূলক এবং সম্পূর্ণ অযৌক্তিক আগ্রাসন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব বিশ্ববাজারেও ছড়িয়ে পড়ছে। জ্বালানির দাম বাড়ছে, মুদ্রা অস্থির হয়ে পড়ছে এবং বিশ্বের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

১৭: ১৭

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে বড় ক্ষতির দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, মধ্যপ্রাচ্যের তিন দেশে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের ক্ষতি করেছে।

আইআরজিসির মতে, তাদের সাম্প্রতিক হামলায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে মোট ২০টি মার্কিন সামরিক স্থাপনা বা লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল জাজিরা

১৭: ০৫

ইউরোপের জন্য হুমকিতে পরিণত হচ্ছে ইরান: ন্যাটো মহাসচিব

ইউরোপের জন্য হুমকিতে পরিণত হচ্ছে ইরান: ন্যাটো মহাসচিব
ন্যাটো মহাসচিব মার্ক রুট। ছবি: সংগৃহীত

ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, ইরান ইউরোপের জন্য সম্ভাব্য হুমকিতে পরিণত হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে।

পাশাপাশি তিনি ন্যাটো প্রধান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপের প্রতিও সমর্থন জানান, যেখানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করার চেষ্টা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

১৬: ৫৭

মার্কিন ট্যাঙ্কারে হামলার দাবি ইরানের

মার্কিন ট্যাঙ্কারে হামলার দাবি ইরানের
মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর। ফাইল ছবি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে পারস্য উপসাগরের উত্তরাংশে তাদের নৌবাহিনী একটি মার্কিন ট্যাঙ্কারে আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর কোনো সামরিক বা বাণিজ্যিক জাহাজকে এই পথ দিয়ে পার হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

ইরানের তাসনিম নিউজের বরাতে আইআরজিসি আর বলেছে, ‘যদি তাদের দেখা পাওয়া যায়, তবে নিশ্চিতভাবেই আঘাত হানা হবে।’

তারা আরও জানায়, ‘আমরা আগেই বলেছি, আন্তর্জাতিক আইন ও প্রস্তাবনা অনুযায়ী যুদ্ধের সময়ে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করার অধিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের থাকবে।’

১৬: ৪৯

ইরাকের বন্দরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

ইরাকের খোর আল-জুবাইর বন্দরে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। দেশটির এক নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সূত্রটি জানায়, হামলার ফলে জাহাজটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে।

১৬: ৪৫

আবুধাবিতে ড্রোন ভূপাতিতের পর ধাতব টুকরো পড়ে আহত ৬

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ড্রোন প্রতিহত করার পর আকাশ থেকে পড়া ধাতব টুকরো (শ্র্যাপনেল) পড়ে ছয়জন আহত হয়েছেন।

দেশটির মিডিয়া অফিস জানিয়েছে, সফলভাবে ড্রোন প্রতিহত করার পর আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষে পাকিস্তান ও নেপালের ছয়জন নাগরিক আহত হন। তাদের আঘাত মৃদু থেকে মাঝারি ধরনের বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আইক্যাড-২ শিল্প এলাকায় দুটি ভিন্ন স্থানে এ ঘটনা ঘটেছে।

সূত্র: রয়টার্স

১৬: ৩৯

ইসরায়েলি হামলায় লেবাননে আরও ২ জন নিহত

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় আরও দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা। এতে করে বৃহস্পতিবার (৫ মার্চ) মোট মৃত্যুর সংখ্যা ৮ জনে পৌঁছেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, পূর্ব লেবাননের জাহলে শহরের কাছে একটি মহাসড়কে চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় গাড়িতে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।

এ হামলায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা

১৬: ১৩

দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে

দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে
নতুন হামলা প্রতিহত করেছে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: আল জাজিরা

কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাতার ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করার চেষ্টা করছে।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দোহার পশ্চিম প্রান্তের একটি আবাসিক এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

সূত্র: রয়টার্স

১৫: ৫৪

যুদ্ধজাহাজ ডোবানোয় যুক্তরাষ্ট্রকে ফলাফল ভোগ করতে হবে: ইরান পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধজাহাজ ডোবানোয় যুক্তরাষ্ট্রকে ফলাফল ভোগ করতে হবে: ইরান পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক যুদ্ধজাহাজ ডুবে গেছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র কোনো সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় থাকা ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রকে এই হামলার ফলাফল ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি বলেন, ইরানি যুদ্ধজাহাজটি ভারতের নৌবাহিনীর অতিথি ছিল। বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিকমাধ্যম এক্স পোস্টে আব্বাস আরাগচি লেখেন, যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে, এজন্য তারা তীব্র অনুশোচনা করবে।

এর আগে বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে আইআরআইএস দিনা নামের ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে জাহাজটি ডুবে যায়।

বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল। জাহাজটি টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে।’

শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বলছে, এই ঘটনায় তারা ৮৭ জনের লাশ উদ্ধার করেছে। আর ৩২ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহাজটিতে ১৮০ জনের মতো আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

১৫: ৪৩

আজারবাইজানে ড্রোন হামলা

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ভূখণ্ড থেকে চালানো ড্রোন হামলায় দুইজন আহত হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দেশটি তেহরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হামলার ঘটনায় আজারবাইজান প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাছে কালো ধোঁয়া উঠছে। বিমানবন্দরটি ইরানের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে অবস্থিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় দুইজন আহত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।

সূত্র: রয়টার্স

১৫: ৩৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত নিহতের চিত্র

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান আঞ্চলিক যুদ্ধ এখন ষষ্ঠ দিনে গড়িয়েছে। বিভিন্ন দেশ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ মার্চ পর্যন্ত সংঘাতে অন্তত ১,১৬৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।

ইরান

যুদ্ধে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইরানে। দেশটিতে ১,০৪৫ জন নিহত হওয়ার খবর দিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। নিহতদের মধ্যে ১৭৫ জন স্কুলছাত্রী ও স্কুলের কর্মী, যারা মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় মারা যায়। এই সংখ্যার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সদস্য রয়েছে কি না, তা পরিষ্কার নয়।

ইসরায়েল

ইসরায়েলে ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে ৯ জন ১ মার্চ জেরুজালেমের কাছাকাছি বেইত শেমেশ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়। তবে দেশটির সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রের হতাহতের তথ্য প্রকাশ করেনি।

লেবানন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ৭৯ জন নিহত হয়েছে।

বাহরাইন

সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর আগুন লাগলে ১ জনের নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কুয়েত

ইরানের হামলায় ৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ২ জন কুয়েতি সেনা সদস্য।

ওমান

মাস্কাট উপকূলের কাছে মার্শাল আইল্যান্ডস পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে প্রজেক্টাইল আঘাত করলে ১ জন নিহত হয়।

সংযুক্ত আরব আমিরাত

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩ জন নিহত হয়েছে।

মার্কিন সেনাবাহিনী

কুয়েতে একটি সামরিক স্থাপনায় হামলায় ৬ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সিরিয়া

রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানার খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় সুইদা শহরে একটি ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করলে ৪ জন নিহত হয়।

ইরাক

ইরাকের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন মিলিশিয়া সদস্য, ১ জন সেনা ও ১ জন বেসামরিক নাগরিক রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সূত্র: রয়টার্স

১৫: ২২

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ মার্চ) পৌনে ৭টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে।

এর অন্তত ৮ ঘণ্টা আগে ইসরায়েলে মিসাইল ছুড়েছিল তেহরান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলের প্রভাবে মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা মিসাইলগুলো প্রতিহত করার চেষ্টা করছে।

ইরানের পাশপাশি প্রায় একই সময়ে ইরাক থেকেও মিসাইল ছোড়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।

১৫: ১০

কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণ

কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের ‘সতর্কতামূলক ব্যবস্থার’ অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছিল কাতার।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাস হামলার শিকার হয়। এ ছাড়া দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও হামলা হয়েছে।

এমন প্রেক্ষাপটে কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু হয়। সবশেষ দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেল।

সূত্র: বিবিসি

১৪: ৫৬

প্রতিবেশী দেশে হামলা বন্ধে ইরানকে আহ্বান আরব লীগের

প্রতিবেশী দেশে হামলা বন্ধে ইরানকে আহ্বান আরব লীগের
আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশের ওপর হামলা বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। এসময় এই হামলাকে ইরানের কৌশলগত ভুল বলেও বর্ণনা করেন তিনি।

এক বিবৃতিতে তিনি জানান, চলমান হামলাগুলো উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিবেশীদের সঙ্গে ‘অভূতপূর্ব বৈরী সম্পর্ক’ পরিস্থিতি আরও গভীর করছে।

এসময় তিনি এ ধরনের হামলাকে ‘কৌশলগত ভুল’ আখ্যা দিয়ে তেহরানের প্রতি হামলা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, ‘ইরানকে অবশ্যই হুঁশে ফিরতে হবে।’

২২ সদস্যের আরব লীগ আঞ্চলিক সহযোগিতা উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করে। তবে সংস্থাটিকে ব্যাপকভাবে অকার্যকর হিসেবে দেখা হয় এবং বিভিন্ন সংঘাত সমাধানে দীর্ঘদিন ধরেই এটি হিমশিম খাচ্ছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

১৪: ৪৯

উত্তর উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলা করেছে আইআরজিসি

উত্তর উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলা করেছে আইআরজিসি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। ছবি: কাসপিয়ান নিউজ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, আজ সকালে তাদের নৌবাহিনী উত্তর উপসাগরে একটি মার্কিন ট্যাংকারে আঘাত হেনেছে।

আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক–বাণিজ্যিক জাহাজকে এই পথে চলাচল করতে দেওয়া হবে না।

আইআরজিসি বলেছে, ‘এ ধরনের কোনো জাহাজ দেখা গেলে অবশ্যই তা লক্ষ্য করে আঘাত হানা হবে।’

ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি আরও বলেছে, তারা আগেই জানিয়েছিল যে, আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধের সময়ে হরমুজ প্রণালিতে যাতায়াত নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের রয়েছে। সূত্র: বিবিসি ও আল–জাজিরা

১৪: ১৯

ইরানি ফ্রিগেটে মার্কিন টর্পেডো হামলার পর ৮০ টিরও বেশি মৃতদেহ উদ্ধার

ইরানি ফ্রিগেটে মার্কিন টর্পেডো হামলার পর ৮০ টিরও বেশি মৃতদেহ উদ্ধার
ইরানিয়ান ফ্রিগেট আরিশ দেনা। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে ইরানি নৌবাহিনীর ফ্রিগেট ‘আইরিশ দেনা’ থেকে সাহায্যের বার্তা পাওয়ার পর মঙ্গলবার শ্রীলঙ্কার নৌবাহিনী এবং বিমান বাহিনী বত্রিশ জন নাবিককে উদ্ধার করেছে।

উদ্ধারকারী দল জীবিতদের খুঁজে বের করার জন্য সাগরে উদ্ধার অভিযান চালিয়েছে। কিন্তু তারা জানিয়েছে যে ফ্রিগেট বা ধ্বংসাবশেষের কোনও দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন সাবমেরিন একটি ফ্রিগেটে টর্পেডো দিয়ে আঘাত করেছে।

দেনা এবং অন্যান্য ইরানি জাহাজগুলি ভারতের বিশাখাপত্তনমে ৫৪টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ২০২৬ থেকে ফিরছিল।

ঘটনাস্থল থেকে ৮০ টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং গ্যালের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সূত্র: আলজাজিরা

১৩: ৪৯

ইরানের কোম ও ইসফাহান অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের কোম ও ইসফাহান অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানের সাথে মার্কিন-ইসরায়েলি সংঘর্ষের মধ্যে একটি পুলিশ স্টেশনে হামলার পরের দৃশ্য। ছবি: রয়টার্স

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা ইরানের কোম শহরে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইডিএফ জানিয়েছে, ‘ওই শহর থেকে ইসরায়েলে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।’

একইসাথে, ইসফাহান শহরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও ‘হামলা’ করেছে ইসরায়েল।

১৩: ৩৯

যুদ্ধ থামানোর আহ্বান অস্ট্রেলিয়া ও কানাডার প্রধানমন্ত্রীর

যুদ্ধ থামানোর আহ্বান অস্ট্রেলিয়া ও কানাডার প্রধানমন্ত্রীর
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি: বিবিসি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন।

তবে শনিবার থেকে শুরু হওয়া ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে এই দুই নেতাই সমর্থন করেছেন। তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত না ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি হওয়া উচিত নয়।

ক্যানবেরায় সফররত কানাডিয়ান প্রধানমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ সাংবাদিকদের বলেন, ‘বিশ্ব উত্তেজনা নিরসন দেখতে চায় ... আমরা দেখছি যে, উপসাগরীয় দেশগুলোর যারা এর সাথে জড়িত ছিল না তারাও হামলার শিকার হচ্ছে। এমনকি বেসামরিক এবং পর্যটন এলাকাগুলোতেও হামলা চালানো হচ্ছে। আমরা লক্ষ্য অর্জনও দেখতে চাই।’

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মতো মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে একই সুরে কথা বলেছেন।

তিনি বলেন, ‘এখন আমাদের মধ্যে শত্রুতা ছড়িয়ে পড়েছে, তা স্বীকার করি আমরা। তবে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধ করা দরকার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে এগুলো প্রয়োজনীয় শর্ত।’

১৩: ২৫

পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে: ট্রাম্প

পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আলজাজিরা

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা যদি দুই সপ্তাহের মধ্যে আঘাত না করতাম, তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে।’

হোয়াইট হাউসে এক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন।

ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন, সংস্থাটি এ বিষয়ে নিশ্চিত করতে পারছে না।

তিনি বলেন, ‘ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে— এমন কোনো প্রমাণ না থাকলেও প্রায় অস্ত্রমাত্রার কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুদ এবং আমার পরিদর্শকদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার না দেওয়া গভীর উদ্বেগের কারণ।’

১৩: ১১

মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
ইরানের হামলার পর দোহার শিল্পাঞ্চলে ধোঁয়ার কুণ্ডলীর পাশ দিয়ে গাড়িচালকরা গাড়ি চালাচ্ছেন। ছবি: আল-জাজিরা

কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার সরকার। হামলা থেকে বাসিন্দাদের বাঁচাতে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে সরানো শুরু হয়েছে।

এক্স পোস্টে দেওয়া এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে ইতিমধ্যে যাঁদের সরিয়ে নেওয়া হয়েছে, তাঁদের জন্য উপযুক্ত বাসস্থান নিশ্চিত করা হয়েছে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাস হামলার শিকার হয়।

এ ছাড়া দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও হামলা হয়েছে। এমন প্রেক্ষাপটে কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের সরানো হচ্ছে। সূত্র: বিবিসি