শিরোনাম

ইসরায়েলের ‘যুদ্ধ সহায়তা কেন্দ্র’ লক্ষ্য করে হামলার দাবি আইআরজিসির

২২: ৫৫

ইসরায়েলের ‘যুদ্ধ সহায়তা কেন্দ্র’ লক্ষ্য করে হামলার দাবি আইআরজিসির

ইসরায়েলের ‘যুদ্ধ সহায়তা কেন্দ্র’ লক্ষ্য করে হামলার দাবি আইআরজিসির
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। ছবি: সংগৃহীত

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি পশ্চিম গ্যালিলি, হাইফা এবং কাফর কান্নায় ইসরায়েলের ‘যুদ্ধ সহায়তা কেন্দ্রগুলোতে’ হামলা চালানোর দাবি করেছে।

আইআরজিসি জানিয়েছে, ‘ইসলামিক প্রতিরোধের সঙ্গে যৌথ অভিযানের মাধ্যমে এবং কঠিন ও তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র, পাশাপাশি বিধ্বংসী ড্রোন ব্যবহার করে এই অভিযান সম্পন্ন করা হয়েছে।’

প্রতিবেদনে হামলার সময় ও সুনির্দিষ্ট ক্ষতির তথ্য উল্লেখ করা হয়নি।

২২: ৪৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইসরায়েলের

ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইসরায়েলের

ইসরায়েলের সামরিক বাহিনী—আইডিএফ জানিয়েছে, ইরান থেকে দেশটির দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।

এক বিবৃতিতে তারা জানায়, এই হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে এবং ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে আইডিএফ।

২২: ২৫

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা ‘যুদ্ধাপরাধ’ হতে পারে: কেনেথ রথ

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা ‘যুদ্ধাপরাধ’ হতে পারে: কেনেথ রথ
হিউম্যান রাইটস ওয়াচের সাবেক প্রধান ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক কেনেথ রথ। ছবি: সংগৃহীত

হিউম্যান রাইটস ওয়াচের সাবেক প্রধান ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক কেনেথ রথ সতর্ক করেছেন, ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর মার্কিন হামলা চালানো হলে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি ডোনাল্ড ট্রাম্প বিদ্যুৎকেন্দ্র বা লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রে হামলার হুমকি বাস্তবায়ন করেন, তবে তা স্পষ্টতই যুদ্ধাপরাধ হবে।’

রথের মতে, এ ধরনের হামলার সম্ভাব্য সামরিক উদ্দেশ্য স্পষ্ট নয় এবং এতে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি ব্যাপক ও অসামঞ্জস্যপূর্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নজিরের কথাও উল্লেখ করেন। তার ভাষায়, একই ধরনের হামলার অভিযোগে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইতোমধ্যে রুশ কমান্ডারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রথ আরও বলেন, ট্রাম্প যদি এ ধরনের পদক্ষেপ নেন, তাহলে তা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে। তিনি উল্লেখ করেন, শতাধিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞও একই ধরনের মত দিয়েছেন।

২২: ২১

ভূপাতিত যুদ্ধবিমান উদ্ধারে নিয়োজিত মার্কিন হেলিকপ্টারও বিধ্বস্ত

ভূপাতিত যুদ্ধবিমান উদ্ধারে নিয়োজিত মার্কিন হেলিকপ্টারও বিধ্বস্ত
মার্কিন বাহিনীর ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে সেই বিমানের পাইলটদের উদ্ধারের জন্য পাঠানো একটি মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টারও একই এলাকায় বিধ্বস্ত হয়েছে।

ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটির ক্রুদের অবস্থান ও জীবনরক্ষা সংক্রান্ত কোনো নির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।

এই ঘটনায় মার্কিন সামরিক বাহিনী এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার সূত্রে জানা গেছে।

২২: ০৬

ট্রাম্পের হুমকিকে ‘যুদ্ধাপরাধ’ বললেন ইরানের প্রেসিডেন্ট

ট্রাম্পের হুমকিকে ‘যুদ্ধাপরাধ’ বললেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার’ হুমকিকে ‘ব্যাপক যুদ্ধাপরাধ সংঘটনের অভিপ্রায়’ হিসেবে আখ্যা দিয়েছেন।

অন্যান্য ইরানি কর্মকর্তাদের মতো তিনিও এই হুমকির তীব্র সমালোচনা করেন। এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা গুরুতর উদ্বেগের বিষয়।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব-এর সঙ্গেও আলোচনা করেছেন, যিনি পেশায় একজন আইনজ্ঞ।

পেজেশকিয়ানের ভাষায়, ‘ইতিহাস এমন মানুষের উদাহরণে পূর্ণ, যারা অপরাধের মুখে নীরব থাকার জন্য চরম মূল্য দিয়েছে।’

২১: ৩৮

তেহরানে বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর এলাকায় হামলার দাবি

তেহরানে বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর এলাকায় হামলার দাবি
প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে হামলা চালানো হয়।

ইরানের রাজধানী তেহরানে একাধিক স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, উত্তর তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর পশ্চিমে অবস্থিত মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় এসব হামলা চালানো হয়েছে।

হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২০: ৪৪

প্রতিরক্ষা ব্যয় ১.৫ ট্রিলিয়ন ডলার বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে ব্যয় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে তিনি কংগ্রেসের কাছে অনুমোদন চেয়েছেন।

যদিও চলমান সংঘাতের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই মিত্র দেশগুলোর ওপর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য চাপ দিয়ে আসছে। একই সঙ্গে নিজ দেশের সামরিক সক্ষমতা জোরদার করতেও তিনি বাজেট বৃদ্ধির পক্ষে অবস্থান নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি বাড়ানোর ইঙ্গিত বহন করে।

২০: ৩৩

ইরানে আরও সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

ইরানে আরও সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প ইরান ও লেবাননে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকদের মতে, তিনি বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জনমতকে লক্ষ্য করে এ ধরনের অবস্থান তুলে ধরছেন।

হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রসঙ্গ টেনে ট্রাম্প বিষয়টিকে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ হিসেবে উপস্থাপন করছেন। এতে মাইন অপসারণ, নৌ-প্রহরা বা সীমিত সামরিক হামলার মতো উদ্যোগকে সহজভাবে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা দেখা যাচ্ছে।

যদিও সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইরানে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যে পরিস্থিতিকে সরলভাবে তুলে ধরা হলেও বাস্তবে তা জটিল। বিশেষ করে তেল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ন্ত্রণের প্রসঙ্গ সামনে এনে তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থকে জোর দিচ্ছেন।

এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের আলোচনা থাকলেও, অনেক মিত্র দেশ এতে সরাসরি যুক্ত হতে অনাগ্রহ দেখাচ্ছে।

১৯: ৩৪

ইরানের ৭০% ইস্পাত সক্ষমতা ধ্বংসের দাবি নেতানিয়াহুর

ইরানের ৭০% ইস্পাত সক্ষমতা ধ্বংসের দাবি নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: দ্য টাইমস অব ইসরায়েল

বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের প্রায় ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়েছে।

শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, হামলাগুলোতে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও শিল্পখাতকে ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাঁর ভাষায়, ‘আমরা কমান্ডারদের নির্মূল করছি, সেতুতে বোমা ফেলেছি, অবকাঠামোতে বোমা ফেলেছি।’

নেতানিয়াহুর দাবি, এসব হামলা বিপ্লবী রক্ষীবাহিনীকে আর্থিক সম্পদ ও অস্ত্র উৎপাদনের সক্ষমতা থেকে বঞ্চিত করছে, যা বড় ধরনের কৌশলগত সাফল্য।

তবে সামরিক কাজে ব্যবহৃত না হলে ইস্পাত কারখানার মতো বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ।

১৯: ২৬

ইরানে মানবিক সহায়তার গুদামে ইসরায়েলি-মার্কিন ড্রোন হামলা

ইরানে মানবিক সহায়তার গুদামে ইসরায়েলি-মার্কিন ড্রোন হামলা
তেহরানের পশ্চিমে ফারদিসে মার্কিন-ইসরায়েলি হামলা। ছবি: রয়টার্স

দক্ষিণ ইরানে একটি মানবিক সহায়তার গুদামে ইসরায়েলি–মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন (আইএফআরসি)।

সংস্থাটির এক মুখপাত্র শুক্রবার জানান, বুশেহর প্রদেশ-এ হামলার ঘটনায় ত্রাণসামগ্রী ও জরুরি যানবাহন সংরক্ষিত একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুটি কন্টেইনার, দুটি বাস এবং বেশ কয়েকটি জরুরি সেবার যান ধ্বংস হয়েছে।

আইএফআরসি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল–মার্কিন সংঘাত শুরুর পর থেকে তাদের অন্তত তিনজন কর্মী নিহত হয়েছেন। বর্তমানে সংস্থাটি ইরানজুড়ে প্রায় এক লাখ কর্মী নিয়ে কাজ করছে।

সংস্থাটির প্রতিনিধিদলের প্রধান সতর্ক করে বলেছেন, দেশে চিকিৎসাসেবার চাহিদা দ্রুত বাড়ছে। একই সঙ্গে প্রয়োজনীয় সরবরাহ কমে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

১৯: ০৪

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি খুলে তেল নিয়ে ‘বিপুল সম্পদ’ আয় করতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি খুলে তেল নিয়ে ‘বিপুল সম্পদ’ আয় করতে পারে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প: ছবি সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চাইলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিয়ে তেল থেকে বিপুল সম্পদ অর্জন করতে পারে।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আর একটু সময় পেলেই আমরা সহজেই হরমুজ প্রণালি খুলে, তেল দখল করে বিপুল সম্পদ গড়ে তুলতে পারি।’

একই পোস্টে তিনি আরও বলেন, ‘এটা তো সারা বিশ্বের জন্য একটি ‘উচ্ছ্বাস’-এর কারণ হয়ে উঠবে।

১৮: ৪৮

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলট উদ্ধারে মার্কিন চেষ্টা ব্যর্থ: ইরান

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলট উদ্ধারে মার্কিন চেষ্টা ব্যর্থ: ইরান
যুক্তরাষ্ট্রের এফ-৩৫বি যুদ্ধবিমান। ফাইল ছবি

ইরান দাবি করেছে, দেশটির মধ্যাঞ্চলের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার পর পাইলটকে উদ্ধারের যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে বলা হয়, ভূপাতিত বিমানটির ধ্বংসাবশেষের ছবিও প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র পাইলটকে উদ্ধারে ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান ব্যবহার করে তল্লাশি অভিযান চালায়। কিন্তু ইরানি বাহিনীর প্রতিরোধের মুখে সেই প্রচেষ্টা সফল হয়নি বলে দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যমটির ভাষ্য অনুযায়ী, ‘ইরানি সশস্ত্র বাহিনীর গুলিতে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের জন্য মার্কিন বাহিনী অভিযান চালালেও তা ব্যর্থ হয়েছে।’

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে মার্চ মাসেও ইরানের হামলার মুখে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানকে জরুরি অবতরণ করতে হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।

১৮: ৩৮

যুদ্ধ বন্ধে ইসরায়েলকে পোপের আহ্বান

যুদ্ধ বন্ধে ইসরায়েলকে পোপের আহ্বান
ভ্যাটিকানে প্রার্থনার সময় জনতার উদ্দেশে ভাষণ দিচ্ছেন পোপ লিও চতুর্দশ। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ।

আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে এক ফোনালাপে তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

ভ্যাটিকান জানায়, এই আলোচনায় পোপ জোর দিয়ে বলেন, পুরো মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক আলোচনার সব সম্ভাব্য পথ আবারও খুলে দেওয়া প্রয়োজন।

ইস্টার উপলক্ষে দেওয়া এই বার্তায় পোপ সংঘাতের অবসান ঘটাতে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

১৮: ২৬

সেতুতে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলল ইরান

সেতুতে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলল ইরান
মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের বি১ সেতু। ছবি: রয়টার্স

ইরানের গুরুত্বপূর্ণ সেতুগুলোর ওপর হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এসব হামলা ‘আইএসআইএস ধাঁচের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মতো’ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামোর ওপর হামলা আরও জোরদার করার হুমকি দেওয়ার পর তেহরান ও কারাজকে সংযোগকারী বি-১ সেতুটি আংশিকভাবে ধ্বংস হয়। এর প্রেক্ষিতেই এই নিন্দা জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, ‘ইরানি প্রকৌশলী ও শ্রমিকদের উদ্ভাবনী ক্ষমতা, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের প্রতীক এই বিশাল সেতুগুলো ধ্বংস করা কোনোভাবেই হামলাকারীদের মর্যাদা বাড়ায় না।’

তিনি আরও বলেন, এ ধরনের হামলা কেবল অবকাঠামো ধ্বংসই নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

১৮: ১২

আমিরাতে সারাদিনে ২২ ক্ষেপণাস্ত্র ও ৪৭ ড্রোন হামলা

আমিরাতে সারাদিনে ২২ ক্ষেপণাস্ত্র ও ৪৭ ড্রোন হামলা
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে একটি তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ছবি: এপি

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সব হামলাই প্রতিহত করা হয়েছে। তবে ধ্বংসাবশেষ পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে দেশটিকে লক্ষ্য করে ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪৭টি ড্রোন ছোঁড়া হয়। এগুলো সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়।

সরকারি মিডিয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, আল আজবান এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে আহত হন অন্তত ১২ জন। আহতদের মধ্যে সাতজন নেপালের নাগরিক এবং পাঁচজন ভারতের নাগরিক। তাদের মধ্যে একজন নেপালি নাগরিকের অবস্থা গুরুতর।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরান থেকে আমিরাতের দিকে ছোঁড়া মোট ৪৭৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ৮৫টি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা।

১৭: ৫৪

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও শোধনাগারে ইসরায়েল হামলা চালিয়েছে: আইআরজিসি

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও শোধনাগারে ইসরায়েল হামলা চালিয়েছে: আইআরজিসি
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। ছবি: সংগৃহীত

কুয়েতের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ও লোনা পানি শোধনাগারে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে এ ঘটনাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, কুয়েত কর্তৃপক্ষ দেশটির একটি বিদ্যুৎকেন্দ্র এবং লোনা পানি স্বাদু করার স্থাপনায় হামলার তথ্য নিশ্চিত করেছে। এই হামলা ইসরায়েল করেছে বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা দখলদার ইসরায়েলের আচরণেরই প্রতিফলন এবং এটি তাদের ‘নিচতা’ প্রকাশ করে। সংস্থাটি এমন কর্মকাণ্ডকে অমানবিক বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছে।

আইআরজিসি আরও জানায়, তাদের সামরিক অভিযান মূলত মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সেনা সদস্যদের পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

১৭: ৪৫

হরমুজ সংকট পুনরুদ্ধারের ‘কাছাকাছিও নেই’ বিশ্ব: নিল অ্যাটকিনসন

হরমুজ সংকট পুনরুদ্ধারের ‘কাছাকাছিও নেই’ বিশ্ব: নিল অ্যাটকিনসন
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সাবেক প্রধান নিল অ্যাটকিনসন। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী ঘিরে চলমান সংকট থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে না বলে সতর্ক করেছেন জ্বালানি বিশ্লেষক নিল অ্যাটকিনসন। তিনি বলেন, প্রণালী খুলে গেলেও পরিস্থিতি আগের অবস্থায় ফিরতে সময় লাগবে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সাবেক এই প্রধান জানান, হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়া সম্ভব হলেও তাতে সঙ্গে সঙ্গে জ্বালানি প্রবাহ পুরোপুরি স্বাভাবিক হবে না। তার ভাষায়, হরমুজ সংকট পুনরুদ্ধারের ‘কাছাকাছিও নেই’ বিশ্ব। প্রণালীর দুই পাশে আটকে থাকা ট্যাংকারগুলো চলাচল শুরু করতে পারলেও উৎপাদন বন্ধ থাকায় সরবরাহে ঘাটতি থেকেই যাবে।

তিনি উল্লেখ করেন, সৌদি আরব, ইরাক, কুয়েত এবং আবুধাবিতে বেশ কিছু উৎপাদন কেন্দ্র বন্ধ রয়েছে। এসব স্থাপনায় কার্যক্রম পুরোপুরি চালু করতে কয়েক দিন থেকে আরও বেশি সময় লাগতে পারে।

এছাড়া কাতার থেকে এলএনজি রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলেও জানান অ্যাটকিনসন। এমনকি সবচেয়ে অনুকূল পরিস্থিতিতেও জ্বালানি খাত পুরোপুরি ঘুরে দাঁড়াতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে তিনি সতর্ক করেন।

বিশ্ব অর্থনীতিতে তেলের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘প্রায় সবকিছুর জন্যই তেল প্রয়োজন।’ জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে এর প্রভাব খাদ্য উৎপাদনেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তার মতে, সারের ঘাটতি তৈরি হলে তা দীর্ঘমেয়াদে খাদ্য উৎপাদন ও ফলনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। পরিস্থিতির গভীরতা সম্পর্কে তিনি বলেন, এই সংকটের গুরুত্ব কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

সূত্র: আল জাজিরা

১৭: ২৫

কুয়েতকে আকাশ প্রতিরক্ষা দিচ্ছে যুক্তরাজ্য

কুয়েতকে আকাশ প্রতিরক্ষা দিচ্ছে যুক্তরাজ্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। ছবি: সংগৃহীত

কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় সাম্প্রতিক ড্রোন হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রাতে কুয়েতের কুয়েতের মিনা আল-আহমাদি তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটে। এর পরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল সাবাহর মধ্যে ফোনালাপ হয়। ওই আলোচনার পর কুয়েতে আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠানোর ঘোষণা আসে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, স্টারমার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা জোরদারে যুক্তরাজ্য প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

সূত্র: আল জাজিরা

১৭: ১২

কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা

কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা
কুয়েতের মিনা আল-আহমাদি শোধনাগার। ছবি: সংগৃহীত

কুয়েতের অন্যতম প্রধান তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্র মিনা আল-আহমাদি শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (৩ এপ্রিল) ভোরে কুয়েত শহর থেকে প্রায় ২৮ মাইল দক্ষিণে অবস্থিত এই স্থাপনায় হামলা চালানো হয়।

কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, হামলার পর শোধনাগারের কয়েকটি ইউনিটে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দেশটির আকাশসীমায় প্রবেশ করা শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

সূত্র: আল জাজিরা

১৬: ৫৩

আমিরাতের হাবশান গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ড, উৎপাদন বন্ধ

আমিরাতের হাবশান গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ড, উৎপাদন বন্ধ
আরব আমিরাতের অন্যতম প্রধান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র ‘হাবশান গ্যাস কমপ্লেক্স’। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র হাবশান গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, আকাশপথে আসা একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ গ্যাসক্ষেত্রে পড়ে আগুনের সূত্রপাত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগুন নেভাতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে গ্যাসক্ষেত্রের উৎপাদন কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে আবুধাবি মিডিয়া অফিস।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: আল জাজিরা

১৬: ১২

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্পদ-অবকাঠামো ধ্বংসের হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্পদ-অবকাঠামো ধ্বংসের হুমকি ইরানের
ইরানের সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করে যুক্তরাষ্ট্র। ছবি: এপি

ইরানের সামরিক বাহিনী সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে আক্রমণ আরও বিস্তৃত করা হবে।

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘানি বলেন, ‘তোমরা যদি আমাদের অবকাঠামোতে আঘাত করো, আমরা তোমাদের সব আঞ্চলিক সম্পদ ও অবকাঠামো ধ্বংস করব।’

তিনি বলেন, এই সতর্কবার্তা এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও হুমকির প্রতিক্রিয়ায়। সেখানে তিনি ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামো ধ্বংসের কথা বলেছেন।

জোলফাঘানি আরও বলেন, এমন হামলা হলে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট জ্বালানি, অর্থনৈতিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। পাশাপাশি যেসব দেশ মার্কিন ঘাঁটি রাখে, তাদেরও পরিণতি ভোগ করতে হতে পারে বলে সতর্ক করেন তিনি।

‘ক্ষতি এড়াতে চাইলে এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনকারী দেশগুলোকে অবশ্যই আমেরিকানদের তাদের দেশ ছাড়তে বাধ্য করতে হবে,’ যোগ করেন তিনি।

তেহরান ও কারাজের মধ্যে নির্মাণাধীন ঝুলন্ত সেতুর একাংশ ধসে পড়ার ফুটেজ শেয়ার করার পর ট্রাম্প দাবি করেন যে মার্কিন বাহিনী ইরানের বৃহত্তম সেতুটি ধ্বংস করেছে। এর পরিপ্রেক্ষিতেই এই বিবৃতিটি আসে।

সূত্র: আল জাজিরা

১৫: ৫২

ইসরায়েলের হাইফা শহরে হামলা, আহত ৬

ইসরায়েলের হাইফা শহরে হামলা, আহত ৬
ইসরায়েলের হাইফা শহরে হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: আনাদোলু

ইসরায়েলের উত্তরাঞ্চল, বিশেষ করে কৌশলগত শহর হাইফা ও এর আশপাশের এলাকা রকেট হামলায় আক্রান্ত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি চিকিৎসা সূত্র জানায়, এতে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কেউ কেউ মানসিক আঘাত পেয়েছেন। এছাড়া বিস্ফোরণের শকওয়েভের কারণে একজন পাথরের আঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, হাইফা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত শহর। এখানে বিপুল সংখ্যক মানুষ বসবাস করে। এই শহরটিতে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল শোধনাগার অবস্থিত। এখান থেকে দেশটির মোট শোধন ক্ষমতার প্রায় ৭০ শতাংশ প্রক্রিয়াজাত করা হয়।

তবে সর্বশেষ হামলায় ওই শোধনাগারটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। এর আগে চলমান যুদ্ধের সময় এটি দুইবার হামলার শিকার হয়েছিল।

সূত্র: আল জাজিরা

১৩: ৫০

বৈরুতের বাসিন্দাদের এলাকা ছাড়তে বললো ইসরায়েল

বৈরুতের বাসিন্দাদের এলাকা ছাড়তে বললো ইসরায়েল
লেবাননের রাজধানী বৈরুতে একটি স্থাপনায় ইসরায়েলি হামলায় ধোয়ার কুণ্ডুলি। ছবি: সংগৃহীত

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে বসবাসকারী বেসামরিক নাগরিকদের সম্ভাব্য আসন্ন হামলার আগে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

এই অঞ্চলটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্থানীয় সময় সকাল ৬টা ৩৪ মিনিটে একটি জরুরি সতর্কতা জারি করে।

আইডিএফের আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই বলেন, ‘বাহিনী দক্ষিণ উপশহর জুড়ে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে।’

‘আপনাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্য আইডিএফের নেই। তাই, আপনাদের নিজেদের নিরাপত্তার জন্য, আপনাদের অবশ্যই অবিলম্বে সরে যেতে হবে।’

সূত্র: দ্য টেলিগ্রাফ

১২: ৫৫

আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) সকালে এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

উপসাগরীয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, তেহরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।’

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, দেশের বিভিন্ন অংশে শোনা শব্দগুলো সংযুক্ত আরব আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোকাবিলার ফল।

সূত্র: দ্য টেলিগ্রাফ

১২: ৪৩

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

আরও একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিমানটিকে ভূপাতিত করেছে।

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ধ্বংসাবশেষের ছবি দেখে বিশ্লেষকরা বলছেন, এটি আসলে একটি এফ-১৫ই ফাইটার জেটের অংশ। এফ-৩৫-এর নয়।

তবে ইরানের এ দাবি নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। যদিও এর আগেও একই ধরনের দাবিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অস্বীকার করে।

এ নিয়ে স্বাধীনভাবে কোনো ক্ষয়ক্ষতি বা বিমান ভূপাতিত হওয়ার প্রমাণ এখনও নিশ্চিত হয়নি।

সূত্র: দ্য টেলিগ্রাফ

১২: ০৫

ট্রাম্পের হুমকির পরও অনমনীয় ইরান

ট্রাম্পের হুমকির পরও অনমনীয় ইরান
ইরানের একটি বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর ধোয়া উড়ছে। ছবি: সংগৃহীত

নতুন করে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান এই হুমকিকে গুরুত্ব সহকারে নিচ্ছে। কারণ তারা এর বাস্তবায়ন ইতোমধ্যেই হতে দেখেছে। গত তিন দিনে তেহরান ও কারাজের আশেপাশের কিছু বিদ্যুৎ কেন্দ্রে হামলার কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। তৃতীয়বার হামলাটি হয়েছিল রাতের বেলায়।

তেহরান শুধু এটিকে গুরুত্ব সহকারেই নিচ্ছে না, বরং এটিকে চলমান সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে এবং আরও হামলার আশঙ্কা করছে।

ইরান দাবি করছে, এসব হামলা বেসামরিক অবকাঠামো এবং সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত স্থাপনাকে লক্ষ্য করে করা হচ্ছে, যা যুদ্ধাপরাধ। একই সঙ্গে এটি মানবতার বিরুদ্ধেও অপরাধ।

ইরান বলছে, এ ধরনের অপরাধ তাদের আলোচনার টেবিলে আনতে বাধ্য করতে পারবে না। তাদের মতে, বলপ্রয়োগ বা শক্তির হুমকির মাধ্যমে চাপিয়ে দেওয়া কোনো চুক্তিই ইরানের স্বার্থে যাবে না।

সূত্র: আল জাজিরা

১১: ৩৪

বলপ্রয়োগে হরমুজ প্রণালি খোলার অনুমোদন নিয়ে জাতিসংঘে ভোট শনিবার

বলপ্রয়োগে হরমুজ প্রণালি খোলার অনুমোদন নিয়ে জাতিসংঘে ভোট শনিবার
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার একটি প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটগ্রহণ শুরু হচ্ছে। তবে পূর্বনির্ধারিত শুক্রবারের পরিবর্তে শনিবার এই ভোট অনুষ্ঠিত হবে।

পরিষদের ১৫ সদস্য রাষ্ট্র বাহরাইনের উত্থাপিত এই প্রস্তাবের ওপর ভোট দেবে। প্রস্তাবটির লক্ষ্য হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত করা। হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়ে থাকে।

বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, খসড়া প্রস্তাবে বাণিজ্যিক জাহাজ রক্ষায় ‘প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের’ অনুমোদনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

তবে প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। কারণ ভেটো ক্ষমতাধর স্থায়ী সদস্য চীন জানিয়েছে, শক্তি প্রয়োগের বিষয় উল্লেখ থাকায় তারা এ ধরনের প্রস্তাবের বিরোধিতা করবে।

সূত্র: আল জাজিরা

১০: ৫৭

সমুদ্রে ফিরেছে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড

সমুদ্রে ফিরেছে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক ও বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে’ আগুন লাগার পর মেরামত শেষে আবারও সমুদ্রে ফিরে এসেছে এবং সম্পূর্ণভাবে মিশন-সক্ষম অবস্থায় রয়েছে।

মার্চের ১২ তারিখে লোহিত সাগরে ‘অপারেশন এপিক ফিউরি’-এর অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে অভিযান চলাকালে জাহাজটির লন্ড্রি স্পেসে আগুন লাগে। পরে যুক্তরাষ্ট্রের ৬ষ্ঠ নৌবহরের এক বিবৃতিতে জানানো হয়, জাহাজটি মেরামতের পর আবারও যেকোনো অঞ্চলে জাতীয় স্বার্থ রক্ষায় প্রস্তুত।

মঙ্গলবার ওয়াশিংটনে একটি প্রতিরক্ষা ফোরামে বক্তব্য রাখতে গিয়ে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ড্যারিল কডল, আগুন লাগার দুই দিন পর জাহাজটিকে পুনরায় সক্রিয় করার জন্য ফোর্ডের নাবিকদলের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘তারা আগুন নিভিয়েছে এবং তার দুই দিন পরেই বিমান উড্ডয়ন শুরু করেছে, তাই আমি ওই নাবিকদলের জন্য অত্যন্ত গর্বিত।’

কিন্তু আগুন লাগার এক সপ্তাহের কিছু বেশি সময় পর জাহাজটিকে ইরানের বিরুদ্ধে অভিযান থেকে প্রত্যাহার করে নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত বার্থিং স্পেসগুলো মেরামতের জন্য গ্রিসে পাঠানো হয়। পরে ক্রোয়েশিয়ার বন্দরে মেরামত ও বিশ্রামের জন্য পাঠানো হয়।

কডল আরও বলেন, গত জুনে ভার্জিনিয়ার নরফোক ঘাঁটি থেকে শুরু হওয়া এই মিশনটি ইতিহাসে অন্যতম দীর্ঘ প্রায় ১১ মাস পর্যন্ত চলতে পারে।

সূত্র: সিএনএন

১০: ৪০

মধ্যপ্রাচ্যজুড়ে এখনো ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রয়েছে ইরানের

মধ্যপ্রাচ্যজুড়ে এখনো ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রয়েছে ইরানের
ইরানের একটি গোপন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। ছবি: সংগৃহীত

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। ব্যাপক হামলার পরও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষত রয়েছে। এ ছাড়া দেশটির রয়েছে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্রের মজুদও।

তিনটি সূত্র মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়নের বরাতে সিএনএনকে এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, ইরানের ভাণ্ডারে এখনও হাজার হাজার ড্রোনও মজুত আছে।

একটি সূত্র বলেছে, ‘ইরানের এখনো পুরো অঞ্চলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা তাদের রয়েছে।’

গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিছু লঞ্চার হামলার পর মাটির নিচে চাপা পড়ে গেলেও সম্পূর্ণ ধ্বংস হয়নি। ফলে সেগুলো বর্তমানে ব্যবহারযোগ্য না হলেও কার্যত অক্ষত অবস্থায় রয়েছে।

দুটি সূত্রের তথ্য অনুযায়ী, ইরানের ড্রোন সক্ষমতার প্রায় ৫০ শতাংশ এখনো অক্ষুণ্ন আছে, অর্থাৎ তাদের কাছে এখনো হাজার হাজার ড্রোন মজুত রয়েছে।

মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ মিসাইলের এক বড় অংশও অক্ষত আছে। যুক্তরাষ্ট্র ইরান উপকূলে খুব একটা বিমান হামলা না চালানোয় এগুলো রক্ষা পেয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা প্রকাশ্যে সামরিক সাফল্যের দাবি করলেও গোয়েন্দা তথ্য ভিন্ন চিত্র তুলে ধরছে। এসব তথ্য অনুযায়ী, ইরানের সামরিক সক্ষমতা এখনো পুরোপুরি ভেঙে পড়েনি।

গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তিনি দাবি করেন, দেশটির অস্ত্র কারখানা ও রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে এবং এখন খুব অল্পসংখ্যক অবশিষ্ট রয়েছে।

সূত্র: সিএনএন

১০: ০১

ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি

ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড উত্তর গালিলি অঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে।

সংস্থাটি জানিয়েছে, মালকিয়া, কিরিয়াত শমোনা, তেল হাই ও মেতুলা এলাকায় এ সতর্কতা দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার পশ্চিম গালিলি অঞ্চলেও ‘শত্রু বিমান অনুপ্রবেশ’ সংক্রান্ত একটি সতর্কতা জারি করেছিল এই সংস্থা। তারা মূলত বেসামরিক নাগরিকদের সুরক্ষার দায়িত্বে নিয়োজিত।

০৯: ৪৯

এবার ইরানের যেসব স্থাপনায় হামলার ঘোষণা ট্রাম্পের

এবার ইরানের যেসব স্থাপনায় হামলার ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে কড়া হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো ইরানের অবকাঠামো ধ্বংসের পূর্ণ মাত্রার অভিযান শুরুই করেনি।

নিজের মালিকানাধীন ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী আমাদের সামরিক বাহিনী এখনও ইরানে যা অবশিষ্ট আছে, তা ধ্বংস করা শুরুই করেনি। পরবর্তী লক্ষ্য সেতু, এরপর বিদ্যুৎকেন্দ্র।’

তিনি আরও দাবি করেন, ইরানের নতুন নেতৃত্ব জানে কী করতে হবে এবং তা দ্রুতই করতে হবে।

ট্রাম্পের এই বক্তব্যে বোঝা যাচ্ছে, সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার সম্ভাবনাও বাড়ছে।

সূত্র: আল জাজিরা

০৯: ১১

কোনো শত্রুসেনাই যেন জীবিত না ফেরে: ইরানি সেনাপ্রধান

কোনো শত্রুসেনাই যেন জীবিত না ফেরে: ইরানি সেনাপ্রধান
ইরানের সেনাপ্রধান আমির হাতামি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলো ইরান। দেশটির সেনাপ্রধান আমির হাতামি ইরানি কমান্ডারদের যেকোনো হামলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থল অভিযানের বিষয়টি বিবেচনায় আছে বলে জানিয়েছিল। যার ফলে মধ্যপ্রাচ্যে হাজার হাজার মেরিন সেনা মোতায়েন করে ওয়াশিংটন। এটি ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এমন প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার ইরানের সেনাপ্রধান আমির হাতামি ইরানি কমান্ডারদের যেকোনো হামলার জন্য প্রস্তুত থাকতে বললেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি অনুযায়ী, আমির হাতামি বলেছেন, প্রতিপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে কোনো শত্রুসেনাই যেন জীবিত না ফেরে।

০৮: ৪৬

ইসরায়েলি বাহিনীর ওপর আবারও হামলা চলিয়েছে হিজবুল্লাহ

ইসরায়েলি বাহিনীর ওপর আরও হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

তাদের দাবি, দক্ষিণ লেবাননের বিয়্যাদা এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এছাড়া মালকিয়া ও দিশোন বসতিতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের জড়ো হওয়া লক্ষ্য করে রকেট হামলাও চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

সূত্র: আল জাজিরা

০৮: ৪৩

ড্রোন সরঞ্জাম পরিবহন ঠেকাতেই সেতুতে হামলা: যুক্তরাষ্ট্র

ড্রোন সরঞ্জাম পরিবহন ঠেকাতেই সেতুতে হামলা: যুক্তরাষ্ট্র
ইরানের সেতু ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে একটি সেতুতে হামলার উদ্দেশ্য ছিল ড্রোন তৈরির উপকরণ পরিবহন বন্ধ করা।

হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবে তেহরান রাজি না হলে ইরানের ভেতরে সামরিক হামলা আরও জোরদার করা হবে।

এই হামলাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ইরানের দাবি, লক্ষ্যবস্তু সেতুটি একটি বেসামরিক অবকাঠামো, যা ধ্বংস করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বক্তব্য, সেতুটি ব্যবহার করা হচ্ছিল এমন উপকরণ পরিবহনে, যা দিয়ে ইরানের সামরিক বাহিনী ড্রোন তৈরি করছিল। যেগুলো যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহৃত হয়েছে।

সূত্র: আল জাজিরা