শিরোনাম

সৌদি-কাতার-তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

সিটিজেন ডেস্ক
সৌদি-কাতার-তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা সফল করতে মধ্যস্থতাকারী হিসেবে জোর তৎপরতা চালাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ প্রচেষ্টার অংশ হিসেবে তিনি সৌদি আরব, কাতার এবং তুরস্কে একটি গুরুত্বপূর্ণ ৪ দিনের কূটনৈতিক সফরে যাচ্ছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, বুধবার (১৬ এপ্রিল) থেকে শনিবার (১৯ এপ্রিল) পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, সৌদি আরব ও কাতারে বৈঠকগুলো মূলত দ্বিপাক্ষিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, তুরস্কে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের একটি পার্শ্ব বৈঠকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানসহ অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন শাহবাজ শরিফ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে জানান, শাহবাজ শরিফ অন্যান্য সহযোগী মধ্যস্থতাকারীদের সঙ্গে চলমান শান্তি প্রক্রিয়া নিয়ে তার আলোচনা এবং ভবিষ্যৎ সংলাপ নিশ্চিত করার উদ্যোগ সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেছেন। মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগটি এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চলছে। আগামী ২২ এপ্রিল পর্যন্ত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ প্রেক্ষাপটে আসিফ আলী জারদারি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের প্রতি শান্তি প্রক্রিয়া টিকিয়ে রাখার স্বার্থে যুক্তরাষ্ট্র, ইরান এবং অন্যান্য প্রধান বিশ্বশক্তিগুলোর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখার জোরালো আহ্বান জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/