শিরোনাম

আরামবাগকে হারিয়ে শীর্ষেই রইলো বসুন্ধরা কিংস

নিজস্ব প্রতিবেদক
আরামবাগকে হারিয়ে শীর্ষেই রইলো বসুন্ধরা কিংস
গোলের পর বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের উল্লাস। ছবি: ফেসবুক

বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) এ ঘরের মাঠে আরামবাগের কাছে বসুন্ধরা হারলে ফর্টিস এফসি তাদের ছুঁয়ে ফেলতে পারতো। তবে ফর্টিসকে সুযোগ না দিয়ে বসুন্ধরা নিজেদের কাজটা ঠিকমতো করেছে।

শনিবার (১১ এপ্রিল) বসুন্ধরা কিংস ২-১ গোলে হারিয়েছে আরামবাগকে। অসাধারণ বেশ কিছু সেভ করে দলকে ৩ পয়েন্ট এনে দেন অভিজ্ঞ গোলকিপার আনিসুর রহমান জিকো।

২৪ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিং। মাঝমাঠ থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন রাকিব হোসেন। বক্সে ঢুকে বাইলাইনের উপর থেকে কাটব্যাক করেন ডরিয়েল্টন গোমেজের উদ্দেশে। জাল খুঁজে নেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চলতি লিগ সর্বোচ্চ গোলদাতার তালিকায় আগে থেকেই শীর্ষে ছিলেন ডরিয়েল্টন। বর্তমানে তার গোল ১৩টি। ৯ গোল নিয়ে তার পরে আছেন আবাহনীর সুলেমানে দিয়াবাতে।

পাল্টা আক্রমণ থেকে ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংস। সতীর্থের থ্রু পাস ধরে ডরিয়েল্টনের আড়াআড়ি ক্রসে এমানুয়েল সানডের হেড এক ড্রপ খেয়ে জালে জড়ায়। ৬৩ মিনিটে ম্যাচে ফিরে আরামবাগ। ল্যানটেই-মিলস গোল করেন। পরে আর তারা পায়নি সমতাসূচক গোলের দেখা।

একই দিনে জয় পেয়েছে ফর্টিস এফসিও। গাজীপুরে তারা ২-০ ব্যবধানে হারায় পুলিশ এফসিকে।

১২তম রাউন্ড শেষে বসুন্ধরা আট জয়, তিন ড্রতে ২৭ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে। ফর্টিসের সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট। তিনে থাকা আবাহনীর পয়েন্ট ২২।

/টিই/