শিরোনাম

জবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

জবি প্রতিনিধি
জবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা
ছবি: সিটিজেন গ্রাফিক্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে এবং এডুমেক্স কনসালটেন্সির আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার ২০২৬’।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষা মেলাটি অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন এবং উচ্চশিক্ষা, ভর্তির সুযোগ ও স্কলারশিপ বিষয়ে সরাসরি পরামর্শ প্রদান করবেন।

২২ এপ্রিল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শিক্ষা সেমিনার। সেমিনারে বিদেশে পড়াশোনার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেশনে অংশ নিতে পারবেন। পাশাপাশি ১০০টিরও বেশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ পাবেন। এতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা এবং অন-স্পট অ্যাপ্লিকেশন ও প্রোফাইল অ্যাসেসমেন্ট সুবিধা থাকবে।

জকসুর উদ্যোগে মেলায় ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে এডুমেক্সের আইইএলটিএস কোর্স প্রদান করা হবে। এজন্য শিক্ষার্থীদের ২০০০ টাকা জামানত দিয়ে কোর্সে অংশ নিতে হবে। ক্লাসে যাদের উপস্থিতি ৯০ শতাংশ থাকবে এবং মক টেস্টে ৬ বা তার বেশি স্কোর করবে, তাদের জামানতের অর্থ ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল বলেন, ‘এই শিক্ষা মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাবে। পাশাপাশি সেমিনারের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হবে।’

তিনি আরও জানান, সেমিনার পরবর্তী প্লেসমেন্ট পরীক্ষার মাধ্যমে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে আইইএলটিএস কোর্সে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

/জেএইচ/