শিরোনাম

হরমুজ নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের ডাকে ৪০ দেশের বৈঠক

সিটিজেন ডেস্ক
হরমুজ নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের ডাকে ৪০ দেশের বৈঠক
হরমুজ প্রণালি পুনরায় সচল করতে প্রায় ৪০টি দেশের নেতাদের নিয়ে একটি ভার্চ্যুয়াল বৈঠকের আয়োজন করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ছবি: সংগৃহীত

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করার উপায় খুঁজতে প্রায় ৪০টি দেশের নেতাদের নিয়ে একটি ভার্চ্যুয়াল বৈঠকের আয়োজন করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলাচনা করা হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা এখন তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে এই রুটে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে তেহরান কার্যত নিজেদের নিয়ন্ত্রণ ছাড়া অন্য দেশের জাহাজ চলাচল সীমিত করে দেয়। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর অবরোধ আরোপ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই বৈঠকে অংশ নেওয়া বিশ্বনেতারা ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি উদ্যোগকে সমর্থন দেওয়ার পাশাপাশি হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের বিষয়েও আলোচনা করবেন।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু আঞ্চলিক উত্তেজনা প্রশমনের জন্যই নয়, বরং বৈশ্বিক অর্থনীতি সচল রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ, বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি ও পণ্যবাহী জাহাজ এই পথ দিয়েই যাতায়াত করে থাকে।

/এমআর/