শিরোনাম

গণভোট নিয়ে ‘প্রতারণার রাজনীতি’ প্রত্যাখ্যান জামায়াতের

সিটিজেন ডেস্ক
গণভোট নিয়ে ‘প্রতারণার রাজনীতি’ প্রত্যাখ্যান জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণভোট ও সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে ‘প্রতারণা ও ধোকাবাজির রাজনীতি’ প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, জনগণের রায়কে উপেক্ষা করে দেশে নতুন করে ‘ফ্যাসিবাদী ধারা’ প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত দলটির ‘জেলা ও মহানগরী আমির সম্মেলনে’ উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যসহ ৮৯টি সাংগঠনিক জেলার আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রভাবিত’ হয়েছে এবং একই দিনে অনুষ্ঠিত গণভোটে জনগণের দেওয়া রায়ও উপেক্ষা করা হয়েছে। তার দাবি, গণভোটে ৬৮ শতাংশের বেশি মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।

তিনি বলেন, ‘বিদেশের মাটিতে বসে নির্বাচনের তারিখ ঘোষণা এবং নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের সঙ্গে সমঝোতার অভিযোগ জনগণের মধ্যে প্রশ্ন তৈরি করেছে।’

জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তার ভাষায়, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার দায়িত্ব তারা পালন করতে পারেনি।

তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ হতে দেওয়া হয়নি এবং এতে জনগণের আকাঙ্ক্ষা ‘বিফলে গেছে’।

বর্তমান সংসদ কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, বিরোধীদলীয় মতামত উপস্থাপনের সুযোগ সীমিত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো যথাযথ আলোচনা ছাড়াই উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ‘সংসদে কথা বলতে না দিলে রাজপথই হবে আমাদের জায়গা।’

দ্রব্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি সংকট নিয়ে সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, বাড়তি পরিবহন খরচ ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ চাপে পড়েছে।

সরকারকে গণভোটের ফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভুল থেকে বের হয়ে আসুন, জনগণের রায়কে সম্মান করুন। আমরা ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করব, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’

দেশের সার্বিক সংকট মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে খোলামেলা আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশ সবার—সংকট উত্তরণেও সবাইকে একসাথে কাজ করতে হবে।’

/এমআর/