শিরোনাম

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

সিটিজেন ডেস্ক
রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়া থেকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য বা তেল আমদানির জন্য বাংলাদেশকে ৬০ দিনের সাময়িক অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন ট্রেজারি বিভাগ এ বিষয়ে সবুজ সংকেত প্রদান করেছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্যমতে, গত ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এ বিশেষ ছাড় আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত ১২ মার্চও মার্কিন ট্রেজারি বিভাগ একই বিষয়ে ৩০ দিনের একটি ছাড় দিয়েছিল। মূলত ভারতের মতো রাশিয়া থেকে তেল কেনার সুযোগ পেতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছিল, তারই ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত এসেছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্যের পাশাপাশি তেল আমদানির বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়। বাংলাদেশ মূলত ৩ মাসের জন্য এই ছাড় বা ওয়েভার চেয়েছিল। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকরা মার্কিন ট্রেজারি বিভাগের সঙ্গে সমন্বয় করে বিষয়টি নিয়ে কাজ করছেন। এমনকি যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রাশিয়ার নির্দিষ্ট কিছু তেল কোম্পানির নামও প্রস্তাব করেছে, যাদের সঙ্গে বাংলাদেশ আমদানির বিষয়ে আলোচনা করতে পারবে।

তবে আমদানির ক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ইস্টার্ন রিফাইনারিতে প্রক্রিয়াজাত করা সম্ভব এমন বিশেষ ধরনের হালকা অপরিশোধিত তেলই কেবল রাশিয়া থেকে আমদানি করতে চায় বাংলাদেশ। বর্তমানে রিফাইনারিটি মূলত সৌদি আরব ও কুয়েতের তেলের ওপর নির্ভরশীল। যদি রাশিয়া থেকে আনা তেল এখানে পরিশোধন করা সম্ভব না হয়, তবে বিকল্প হিসেবে তৃতীয় কোনো দেশে তা প্রক্রিয়াজাত করার কথা ভাবছে সরকার। যদিও আমদানির চূড়ান্ত প্রক্রিয়া এখনো শুরু হয়নি, তবে উপযুক্ত তেলের মান ও সরবরাহকারী প্রতিষ্ঠান নিয়ে বর্তমানে নিবিড় আলোচনা চলছে।

/এমএকে/