শিরোনাম

‘দেশের প্রয়োজনে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

নিজস্ব প্রতিবেদক
‘দেশের প্রয়োজনে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
ঢাকেশ্বরী মন্দিরে ‘মহানগর পরিবার দিবস-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম। ছবি: সিটিজেন জার্নাল

প্রত্যেকের ধর্ম-দল আলাদা থাকতে পারে, তবে দেশের প্রয়োজনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ‘মহানগর পরিবার দিবস-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মহানগর সার্বজনীন পূজা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

আব্দুস সালাম বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং খ্রিস্টানসহ সবাই মিলে একটা পরিবার। আমাদের মধ্যে পারিবারিক বন্ধন যুগ যুগ ধরে ছিল। মাঝে অনেকে সেটা ছিন্ন করার চেষ্টা করেছে, এখনো হয়তো করবে। কিন্তু আমাদের যে সংস্কৃতি, সেটাকে কখনো ধর্ম দিয়ে আলাদা করা যাবে না। বাংলাদেশের মানুষ সবসময় ভাবে যে, ধর্ম যার যার কিন্তু দেশ সবার। আমরা সবাই এই নীতিতে বিশ্বাস করি।

মন্দিরে উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করলে সব সময় পাশে থাকবো। আপনাদের পরিবারের সদস্য হিসেবেই থাকবো। ঢাল-তলোয়ার হিসেবে পাশে দাঁড়াবো। এ ছাড়াও সিটি করপোরেশন সবসময় আপনাদের সঙ্গে থাকবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি শুধু বিএনপির নেতা নন, তিনি সবার নেতা। তিনি বাংলাদেশের নেতা। তার কথাবার্তা এবং কাজের মধ্যে সেটা ফুটে উঠেছে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কোনো ধর্মীয় গণ্ডিতে বাঁধা থাকা যাবে না।

তিনি আরও বলেন, আজ বিশ্ব অর্থনীতিতে মন্দা চললেও প্রধানমন্ত্রী সাহস হারাননি। তিনি সাহসের সঙ্গে বলীয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে রুখতে পারবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। উপস্থিত ছিলেন– ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল প্রমুখ।

/এফসি/