শিরোনাম

রুশ তেল কেনার নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
রুশ তেল কেনার নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার তেলের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় ওয়াশিংটন এ কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক নথিতে জানিয়েছে, শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত যেসব জাহাজে রুশ তেল ও জ্বালানি পণ্য তোলা হয়েছে, সেগুলো আগামী ১৬ মে পর্যন্ত কেনা যাবে। এর আগে গত ১১ এপ্রিল ৩০ দিনের একটি বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হয়েছিল। বর্তমান সিদ্ধান্তটি মূলত সেই মেয়াদেরই একটি বর্ধিত অংশ।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এ ঘোষণার মাত্র দুদিন আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, রুশ তেল ক্রয়ের ক্ষেত্রে ওয়াশিংটন আর কোনো ছাড় দেবে না। তবে বাজার পরিস্থিতি বিবেচনায় প্রশাসন শেষ পর্যন্ত নমনীয় অবস্থান গ্রহণ করল। রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ জানান, প্রথম দফার ছাড়ের ফলে প্রায় ১০ কোটি ব্যারেল রুশ অপরিশোধিত তেল বিশ্ববাজারে আসবে, যা বিশ্বের প্রায় এক দিনের মোট চাহিদার সমান।

সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করার এ সিদ্ধান্ত বাজারে তেলের সরবরাহ কিছুটা বাড়ালেও হরমুজ প্রণালি নিয়ে তৈরি হওয়া ভূ-রাজনৈতিক অচলাবস্থা পুরোপুরি না কাটায় জ্বালানি তেলের দাম এখনো উল্লেখযোগ্য হারে কমেনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/