শিরোনাম

ইরানের সঙ্গে শান্তি আলোচনা

প্রধান মার্কিন আলোচক জেডি ভ্যান্স সম্পর্কে যা জানা গেলো

সিটিজেন ডেস্ক
প্রধান মার্কিন আলোচক জেডি ভ্যান্স সম্পর্কে যা জানা গেলো
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি

ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি আলোচনায় নেতৃত্ব দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ (১১ এপ্রিল) পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই উচ্চপর্যায়ের আলোচনাকে ঘিরে তার ভূমিকা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

৪১ বছর বয়সী ভ্যান্স ২০১৬ সালে প্রকাশিত তার স্মৃতিকথা ‘হিলবিলি এলিজি’ বইয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। বইটিতে তার শৈশব ও ইয়েল ল’ স্কুলে পড়াশোনার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

ট্রাম্পের একসময়কার সমালোচক হলেও, ভ্যান্স বর্তমানে তার ঘনিষ্ঠ মিত্রদের একজন। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি ওহাইও অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর ছিলেন।

জানা গেছে, ইরান নিজেই ভ্যান্সকে আলোচনায় প্রধান ভূমিকায় দেখতে আগ্রহী ছিল। পাকিস্তানের সাবেক জাতিসংঘ দূত মালিহা লোদি আল জাজিরাকে বলেন, ইসলামাবাদে ভাইস প্রেসিডেন্টের এই উপস্থিতিকে ‘খুব ইতিবাচকভাবে দেখা হচ্ছে’।

প্রধান আলোচকের দায়িত্ব নেওয়ার পর ভ্যান্স বলেন, ‘লেবানন ইস্যু নিয়ে আলোচনা ভেঙে যাওয়া ইরানের জন্য নির্বুদ্ধিতার কাজ হবে।’ ইরানের দাবি, চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেলছেন, ‘যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয় এবং লেবাননে হামলা অব্যাহত থাকবে।’

ভ্যান্স বলেন, যুদ্ধবিরতি থেকে লেবানন বাদ পড়ার বিষয়টি সম্ভবত একটি ‘যৌক্তিক ভুল বোঝাবুঝি’ থেকে হয়েছে।

ইসলামাবাদে রওনা হওয়ার আগে ভ্যান্স জানান, ইরান যদি ‘সৎ উদ্দেশ্যে আলোচনা’ করতে চায়, তবে যুক্তরাষ্ট্র আলোচনায় উন্মুক্ত থাকবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘তারা যদি আমাদের সঙ্গে ছলনা করার চেষ্টা করে, তাহলে আলোচক দল তা সহজভাবে নেবে না।’

সূত্র: আল জাজিরা

/জেএইচ/