
সিটিজেন ডেস্ক


গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েলের বিমানবাহিনী। ইরানের বিভিন্ন স্থানে এখনো হামলা অব্যাহত রয়েছে।
বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের যুদ্ধবিমানগুলো ‘ইরানজুড়ে আকাশসীমার নিয়ন্ত্রণ আরও সুসংহত’ করছে। এই অভিযানে তেহরানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিবৃতিটির সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, ভিডিওটিতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার লক্ষ্যে চালানো হামলার মুহূর্ত দেখানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় বেশ কিছু স্কুল ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলায় ওই দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
সূত্র: আল জাজিরা
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যেই মধ্যস্থতার জন্য মধ্যপ্রাচ্যে বিশেষ দূত পাঠাচ্ছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোন আলাপের পর তিনি এই প্রতিশ্রুতি দেন।
ওয়াং ই সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদকে বলেন, রিয়াদের সংযম এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের প্রচেষ্টাকে তিনি প্রশংসা করেন।
এছাড়া, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে তিনি জানান, বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে চীন ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করে।
সূত্র: আল জাজিরা

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বেঁচে আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ উচ্চপদস্থ অন্তত ৪০ সামরিক কমান্ডারকে হত্যা করে। ওই সময় আহমেদিনেজাদকেও হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। তবে হত্যাচেষ্টা সত্ত্বেও তিনি বেঁচে গেছেন বলে একটি সূত্র সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছে।
সূত্রটি বলেছেন, আহমেদিনেজাদ আহতও হননি। কিন্তু তাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম গত রবিবার (১ মার্চ) দাবি করে আহমেদিনেজাদ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন। ওই সময় আহমেদিনেজাদের বাড়ি টার্গেট করে হামলা চালানো হয়েছিল।
ওমান উপকূলে হরমুজ প্রণালিতে মাল্টার পতাকাবাহী একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওমানি নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয় বলে জানিয়েছে ওমান নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, জাহাজটির ২৪ জন নাবিককে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তারা সবাই বর্তমানে ‘সুস্থ’ আছেন।
এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছিল, ওমানের উত্তরে হরমুজ প্রণালিতে কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়।
সূত্র: আল জাজিরা
ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র আগমনের সতর্কবার্তা দেওয়ার পর জেরুজালেমের আকাশে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মিসাইল শনাক্ত ও সাইরেন বাজানোর প্রায় দুই ঘণ্টা পর এই বিস্ফোরণের শব্দ শোনা গেলো।
সূত্র: আল জাজিরা

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন করে এক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, তারা ইসরায়েলের দিকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্রের বহর শনাক্ত করেছে। এগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
সূত্র: রয়টার্স
ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। তবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেওয়াকে ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে অভিহিত করেছেন তিনি।
বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্রোসি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমার প্রতিবেদনে আমি সবসময়ই স্পষ্ট থেকেছি। দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ মেলেনি। তবে অস্ত্র তৈরির উপযোগী প্রচুর পরিমাণ ইউরেনিয়াম মজুত রাখা এবং আমাদের পরিদর্শকদের বাধা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক।’
সূত্র: আল জাজিরা
শিপিং সূত্র জানিয়েছে, বুধবার (৪ মার্চ) হরমুজ প্রণালির উত্তরের দিকে যাত্রাকালে মাল্টার পতাকাবাহী কন্টেইনার জাহাজ সাফিন প্রেস্টিজ একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ফলে নাবিকেরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হন।
ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানায়, জাহাজটি পূর্বমুখে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ওমানের উত্তরে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে ১১টা ০৯ মিনিটে (জিএমটি) আঘাতপ্রাপ্ত হয়।
ভ্যানগার্ড আরও জানায়, ‘জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে, ফলে ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। এ পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।’
সূত্র: রয়টার্স
যুদ্ধের সময় যত বাড়ছে, ইরান আগের তুলনায় তত কম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ জেনারেল।
মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, যুক্তরাষ্ট্রের হামলা এখন ইরানের অভ্যন্তরের আরও ভেতরের এলাকায় বিস্তৃত করা হবে।
তিনি আরও জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের অবকাঠামো ও নৌ সক্ষমতার ওপর হামলা অব্যাহত রাখবে।
এ সময় কেইন অভিযোগ করেন, ইরান নির্বিচার হামলা চালিয়েছে।
শ্রীলঙ্কা সরকার জানিয়েছে ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। দেশটির উপ-পরাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনে এ তথ্য জানিয়েছে।
এর আগে ভারত মহাসাগরের কাছে শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাজাহে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে জাহাজটি ডুবে যায়। এর পর থেকে শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
সূত্র: রয়টার্স
ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে দেশটির অর্থনীতির ক্ষতি প্রতি সপ্তাহে প্রায় ৯০ কোটি শেকেল বা প্রায় ২.৯ বিলিয়ন ডলার পৌঁছাতে পারে।
বর্তমানে কর্মক্ষেত্রে সীমাবদ্ধতা, স্কুল বন্ধ এবং রিজার্ভ ফৌজের ডাকার কারণে অর্থনৈতিক কার্যক্রমে বড় ধাক্কা পড়ছে বলে জানান তিনি।
সূত্র: আল জাজিরা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কড়া নিন্দা জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন।
ইরানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করা জাতিসংঘের এই সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই হামলা সামগ্রিকভাবে জাতিসংঘের আইন লঙ্ঘন করে।
জাতিসংঘের চার্টার অনুযায়ী, যেকোনো রাষ্ট্রের আঞ্চলিক সার্বভৌমত্ব বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ নিষিদ্ধ
ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একইসঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোনসহ যুদ্ধের অস্ত্র, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা এবং বেসামরিক পণ্য তৈরি করা হয়।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। তিনজন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে ভারত মহাসাগরে শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবে গেছে বলে জানা যায়।
শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা ৩২ জনকে উদ্ধার করা হয়েছে এবং সমুদ্রে কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শ্রীলঙ্কা নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, জাহাজটি সাবমেরিন দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং কমপক্ষে ১০১ জন নিখোঁজ রয়েছেন।
সূত্র: রয়টার্স
তুরস্কের আকাশসীমায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে মোতায়েন করা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সিরিয়া ও ইরাক পেরিয়ে তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগে পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটো বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর এই প্রথম তুরস্কের আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা ঘটল। তুরস্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে।
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেশ দুটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান।
সূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যৌথ বিমান হামলা চালানোর পর ইরান গালফের (উপসাগরীয়) দেশগুলোতে শত শত হামলা চালিয়েছে। চারটি গালফ দেশ তাদের বিরুদ্ধে ইরান যে অস্ত্র ব্যবহার করেছে তার বিস্তারিত তথ্য দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই):
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র: ১৮৯টি শনাক্ত, ১৭৫টি প্রতিহত, ১৩টি সমুদ্রে পড়েছে, ১টি ইউএই-এর ভূখণ্ডে পড়েছে
ড্রোন: ৯৪১টি শনাক্ত, ৮৭৬টি প্রতিহত, ৬৫টি ইউএই-এর ভূখণ্ডে পড়েছে
ক্রুজ মিসাইল: ৮টি শনাক্ত ও ধ্বংস
কাতার:
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র: ১০১টি শনাক্ত, ৯৮টি প্রতিহত
ড্রোন: ৩৯টি শনাক্ত, ২৪টি প্রতিহত
ক্রুজ মিসাইল: ৩টি শনাক্ত ও প্রতিহত
বিমান: ২টি সুখোই এসইউ-২৪ শনাক্ত ও প্রতিহত
বাহরাইন:
ক্ষেপণাস্ত্র: ৭৩টি ধ্বংস
ড্রোন: ৯১টি ধ্বংস
কুয়েত:
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র: ১৭৮টি পর্যবেক্ষণ ও প্রতিহত
ড্রোন: ৩৮৪টি শনাক্ত ও প্রতিহত
সৌদি আরব ও ওমানে হামলার তথ্য এখনও পায়নি রয়টার্স।
শ্রীলঙ্কার উপকূলে ইরানের একটি সামরিক জাহাজে সাবমেরিন থেকে হামলা করা হয়েছে। এতে জাহাজটির ৭৮ নাবিক আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১০১ জন।
বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, ওই ঘটনায় আহত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চলছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়েছিল। তাতে সাড়া দিয়ে নৌবাহিনীর সদস্যরা সকাল ৬টা (গ্রিনিচ মান সময় দুপুর সাড়ে ১২টা) থেকে উদ্ধার অভিযান শুরু করে। নৌবাহিনী বর্তমানে নিহত বা আহতদের সংখ্যা দিতে পারছে না।
দেশটির নৌবাহিনী কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে, যা জাহাজের কর্মীদের বলে মনে করা হচ্ছে। মৃতদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।
আপাতত জীবন বাঁচানোই প্রধান লক্ষ্য। বিস্তারিত তদন্ত পরে করা হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা।
সূত্র: রয়টার্স

একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।
সূত্রটি তাসনিমকে বলেছে, ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখা মার্কিন এফ-১৫ বিমানটিকে ভূপাতিত করেছে।
ইরানের বিপ্লবী গার্ডের সামরিক অভিযান সংক্রান্ত শাখা খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স গত সোমবার ঘোষণা দেয়, ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
তখন থেকে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিভিন্ন ছবি প্রকাশ হয়। ছবিতে যুদ্ধবিমানের পাইলটদের প্যারাশুট দিয়ে ভূমিতে অবতরণ করতে দেখা যায়।
অবশ্য পরে যুক্তরাষ্ট্র ও কুয়েত দাবি করেছে, ‘ফ্রেন্ডলি ফায়ারে’ (ভুলবশত নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রে) কুয়েতে এসব যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। বিমানগুলোতে থাকা পাইলটেরা নিরাপদে ভূমিতে নেমে আসতে সক্ষম হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য ঘোষিত বিদায়ী সমাবেশ স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।
সূত্র: রয়টার্স
লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণের খিয়াম শহরে প্রবেশ করেছে।
সূত্র: রয়টার্স

ইসরায়েল জানিয়েছে, তারা ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সম্পর্কিত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
বুধবার (৪ মার্চ) সকালে ইসরায়েলি সেনাবাহিনী আবারও রাজধানী বৈরুতের দক্ষিণ অংশের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য সতর্ক করে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে লেবাননে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। এছাড়া প্রায় ৬৫ হাজারের অধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র: বিবিসি, আল জাজিরা
সিরিয়ার স্থল ও সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েল থেকে একটি সতর্কবার্তা পাওয়ার পর তারা লেবাননের সঙ্গে সীমান্ত ক্রসিং বহির্গমনের জন্য বন্ধ করেছে। ইসরায়েলি বাহিনী সীমান্ত ক্রসিং লক্ষ্য করে হামলা চালাতে পারে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
জদেইদেত ইয়াবুস সীমান্ত ক্রসিংয়ের একজন মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, লেবানন থেকে পালিয়ে আসা সিরীয়দের জন্য আগমনের পথ এখনও খোলা আছে।
সূত্র: আল জাজিরা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা বলেছেন, দেশটি ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।’
বুধবার (৪ মার্চ) মোহাম্মদ মোখবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমাদের আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই এবং তাদের সাথে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারবো।’
সূত্র: বিবিসি
কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তথ্যটি নিশ্চিত করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্র দুটির একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। অন্যটি আল-উদাইদ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এটি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দোহা।
সূত্র: বিবিসি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কড়া সমালোচক স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তার সরকারের অবস্থান হলো ‘যুদ্ধ নয়’ নীতি। তিনি আরও বলেন, স্পেনের জনগণ ‘এই বিপর্যয়ের’ বিরুদ্ধে।
তিনি বলেন, ২০০৩ সালের ইরাক যুদ্ধ বিশ্বকে আরও অনিরাপদ করে তুলেছিল। ইরানের বিরুদ্ধে যুদ্ধ কোনোভাবেই ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা, স্বাস্থ্যকর পরিবেশ বা সাধারণ মানুষের জীবনের উন্নতি বয়ে আনবে না।
সানচেজ বলেন, বর্তমান যে সংকট চলছে, এভাবেই মানবতার সবচেয়ে বড় সংকটের সূচনা হয়। তিনি আরও বলেন, সরকারগুলোর উচিত নয় ‘লাখো মানুষের ভাগ্য নিয়ে জীবন-মৃত্যুর খেলা করা’।
এদিকে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট অভিযানের জন্য মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় তিনি স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিতে পারেন।
সূত্র: আল জাজিরা
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ১৭তম হামলায় ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর তারা পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ট্যাংকার পাহারা দেওয়ার জন্য নৌবাহিনী মোতায়েনের জন্য প্রস্তুত।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌ কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ বলেছেন, ‘বর্তমানে, হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’
ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনি। বুধবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে। তারা খামেনির ছেলে মোজতাবাকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে।
এর আগে জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে।
জানাজা শেষে খামেনিকে তার নিজ শহর মাশহাদে সমাহিত করা হবে। পাশাপাশি রাজধানীতে একটি বড় পরিসরের গণশোক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও করছে দেশটির সরকার।