শিরোনাম

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

সিটিজেন ডেস্ক
গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬
গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা। ছবি: আনাদোলু এজেন্সি

শনিবার (১১ এপ্রিল) ভোরে মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে ইসরায়েলি বিমান বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, এ হামলায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শিবিরের অভ্যন্তরে অবস্থিত পুলিশ স্থাপনাটি লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা করে। স্থানীয় সূত্রগুলো এ ঘটনাকে গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির আরেকটি সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। হামলায় স্থাপনাটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এ বিমান হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/