শিরোনাম

ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮৭৯ পদে নিয়োগ: সংসদে প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮৭৯ পদে নিয়োগ: সংসদে প্রতিমন্ত্রী
সংসদ অধিবেশনে কথা বলছেন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি: ভিডিও থেকে নেওয়া

আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সরকারি চাকরি শূন্যপদ পূরণের জন্য ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে বর্তমান সরকার। পরিকল্পনার অংশ হিসেবে, আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার শূন্য পদে ‘পাঁচ লাখ সরকারি কর্মচারীর নিয়োগ’ কার্যক্রম দ্রুত পরিচালনার জন্য কাজ শুরু হয়েছে। সব মন্ত্রণালয়/বিভাগের শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী দেশের সরকারি চাকুরির শূন্য পদের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪ অনুযায়ী, সব মন্ত্রণালয় ও সরকারি অফিসসমূহের শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

এরমধ্যে ১ম গ্রেড থেকে ৯ম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, ১০ম গ্রেড থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ১৩তম গ্রেড থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯ টি, ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫ টি এবং অন্যান্য পদে ৮ হাজার ১৩৬টি শূন্যপদ রয়েছে।

/এফআর/