শিরোনাম

শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ

সিটিজেন ডেস্ক
শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ
শাহজালাল সার কারখানা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তীব্র হচ্ছে জ্বালানি সংকট। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। এদিকে জ্বালানি সংকটের আশঙ্কা বিবেচনায় নিয়ে দেশের সার কারখানাগুলোর উৎপাদন চালু রাখতে সরকার জ্বালানি রেশনিং বা নিয়ন্ত্রিত বণ্টন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

এর আওতায় দেশের বড় তিনটি সার কারখানাকে সীমিত জ্বালানির ভিত্তিতে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সূত্র জানায়, গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশের বৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডসহ তিনটি কারখানায় আগামী তিন মাস (এপ্রিল থেকে জুন) রেশনিং পদ্ধতিতে উৎপাদন অব্যাহত রাখার পরিকল্পনা গৃহীত হয়। এই সিদ্ধান্তের আলোকে গত ৩ এপ্রিল থেকে ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানাটি এক মাসের জন্য বন্ধ রাখা হয়েছে।

একই সময়ে এপ্রিল মাসে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসিতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও পেট্রোবাংলাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এই রেশনিং ব্যবস্থার আওতায় থাকা আরেকটি প্রতিষ্ঠান হলো কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ ও অনিশ্চয়তা বিবেচনায় দেশের সার উৎপাদন সচল রাখতে গ্যাস সরবরাহ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে উল্লেখ করা হয়, মে ও জুন মাসে ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে পুনরায় গ্যাস সরবরাহ সম্ভব হতে পারে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির জিএম (অ্যাডমিন) সাজ্জাদুর রহমান জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩ এপ্রিল দুপুর থেকে শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

/জেএইচ/