শিরোনাম

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, সবাই সুস্থ

গাজীপুর সংবাদদাতা
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, সবাই সুস্থ
ছবি: সংগৃহীত

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে। গত ৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সি-সেকশনে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

ওই প্রসূতির নাম মাসুমা আক্তার। তিনি উপজেলার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামের কৃষক কাজল মিয়ার স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, মাসুমা-কাজল দম্পত্তির ৯ বছর বয়সী একটি মেয়ে আছে। সন্তান জন্মের পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনআইসিইউ বিভাগের চিকিৎসকদের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী নবজাতকদের মডিউল কমিউনিটি ক্লিনিকে আইসোলেশনে রাখা হয়।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মডিউল কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা অধ্যাপক রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, আইসোলেশনে রেখে নবজাতকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। একসঙ্গে জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে একজনের শারীরিক অবস্থা কিছুটা জটিল ছিল। পরে স্বাভাবিক হলে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে নিয়ে যান।

মাসুমার স্বামী কাজল মিয়া বলেন, আমি আনন্দে আপ্লুত। একসঙ্গে পাঁচ সন্তানের বাবা হয়েছি। আলহামদুল্লিাহ, তারা সবাই ভালো আছে।

/এসআর/