শিরোনাম

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, অভিনব প্রতিবাদ স্থানীয়দের

লালমনিরহাট সংবাদদাতা
বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, অভিনব প্রতিবাদ স্থানীয়দের
সীমান্তে স্থানীয়দের উত্তেজনা প্রশমনে কাজ করে বিজিবি। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার পর এক ভারতীয়কে তুলে এনেছে স্থানীয়রা। তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সোমবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্তের গাটিয়ারভিটা এলাকায় ৮২৬ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলারের কাছাকাছি জায়গায় এ ঘটনা ঘটে।

আহত মিজানুর রহমান (২৮) গাটিয়ারভিটা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সকালে মিজানুর রহমান গরুর জন্য ঘাস সংগ্রহ করতে সীমান্তবর্তী এলাকায় যান। এ সময় তিনি ভুলবশত সীমান্তের জিরো লাইন অতিক্রম করে প্রায় ১০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তখন ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গৌমতি ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। গুলিটি মিজানুরের কাঁধে লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় মিজানুর দ্রুত বাংলাদেশে ফিরে আসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে সহদেব বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ তুলে এনে বিজিবির কাছে সোপর্দ করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গুলিবিদ্ধ যুবক বর্তমানে গোপন স্থানে চিকিৎসাধীন রয়েছেন। গরুসহ ভারতীয় নাগরিক বিজিবির কাছে রয়েছেন।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলসুতি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার বাদশা মিয়া জানান, বিজিবি সদস্যরা সীমান্তের জিরো লাইনে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) সুবেদার মেজর আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশি যুবক আহত হওয়ার ঘটনায় আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবো। আটক ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হবে।

তিনি জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

/এফসি/