শিরোনাম

দুর্নীতির অভিযোগ তদন্তে তাজুল ইসলামকে ডাকবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির অভিযোগ তদন্তে  তাজুল ইসলামকে ডাকবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউটর
মোহাম্মদ তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম। ছবি:সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে গঠন করা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে ডাকবে।

বর্তমান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বুধবার (১৫ এপ্রিল) একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে তিনি বলেছেন, ঘটনার সময় প্রসিকিউশনের প্রধান হিসেবে থাকায় তাজুল ইসলামের কাছ থেকে সার্বিক একটি বক্তব্য নেওয়া হবে। তাজুল ইসলাম সম্ভবত দেশে নেই। তিনি ফিরে এলে তার বক্তব্য নেওয়া হবে।

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রাম শহরে হওয়া মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। তাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন তৎকালীন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। বিষয়টি নিয়ে ১০ মার্চ প্রথম আলো ও নেত্র নিউজ একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এ ছাড়া প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিমের কক্ষে একজন আসামির স্ত্রী ভারী ব্যাগ নিয়ে গিয়েছিলেন এবং ওই আসামি রাজসাক্ষী হিসেবে মামলায় খালাস পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন আরেকজন প্রসিকিউটর।

এসব ঘটনাসহ কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ১০ মার্চ ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে চিফ প্রসিকিউটরের কার্যালয়।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, সাইমুম রেজা তালুকদার আগেই টেলিফোনে এ বিষয়ে কথা বলার কথা স্বীকার করেছেন। তাঁকে আবারও ডেকেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। চলতি মাসেই কমিটি প্রতিবেদন দাখিল করবে বলে আশা করছেন তিনি।

/বিবি/