শিরোনাম

পরীক্ষায় বসলো গাইবান্ধার সেই ৬৫ পরীক্ষার্থী

গাইবান্ধা সংবাদদাতা
পরীক্ষায় বসলো গাইবান্ধার সেই ৬৫ পরীক্ষার্থী
ছবি: সংগৃহীত

অবশেষে এসএসসি ও সমমান পরীক্ষায় বসেছে ৬৫ পরীক্ষার্থী। তারা হচ্ছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয় ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই তারা এডমিট হাতে পেয়ে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হন বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন।

তিনি গণমাধ্যমকে বলেন, এডমিট কার্ড না থাকায় তাদের পরীক্ষায় অংশগ্রহণে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। পলাশবাড়ীর দুই প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী এডমিট হাতে নিয়ে পরীক্ষায় বসেছেন।

এর আগে, সোমবার দুপুরে বিদ্যালয়ে এডমিট না পেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন এবং জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ পরীক্ষার্থী পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের দারস্থ হন। সেখানে সমাধান না পেয়ে রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকার মহামসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন পরীক্ষার্থীরা-অভিভাবকরা। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে অবরোধ চলাকালে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে এলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং থানা পুলিশের কর্মকর্তারা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এসময় ইউএনও বলেন, শিক্ষাবোর্ডের সঙ্গে জরুরি যোগাযোগ করা হয়েছে। রাতের মধ্যেই শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হবে। পরে প্রশাসনের আশ্বাসে রাত পৌঁনে ১০টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

অন্যদিকে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের শোকজ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

উল্লেখ্য,এ বছর গাইবান্ধা জেলায় মোট ৬৮টি কেন্দ্রে ৩৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

/এসআর/