শিরোনাম

সারাদেশে পরীক্ষা সুন্দর পরিবেশে হয়েছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সারাদেশে পরীক্ষা সুন্দর পরিবেশে হয়েছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রশ্নপত্র ফাঁসেরও কোনো অভিযোগ নেই।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা নেই এবং এ ধরনের কোনো আলোচনা বা অভিযোগও ওঠেনি। আগামীতে এ ধরনের সুযোগ দেওয়া হবে না। এই সময় পরীক্ষাকে নকলমুক্ত ও সুষ্ঠু করতে গণমাধ্যমের সহযোগিতার কথাও উল্লেখ করে সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে, যা ইতিবাচক একটি দিক। আমি নিজে কয়েকটি কেন্দ্রে গেছি, সিসি ক্যামেরায় দেখেছি। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসেরও কোনো ঘটনা নেই।

আগামী পরীক্ষাগুলোতেও একই পরিবেশ বজায় রাখতে সরকার সর্বোচ্চ নজরদারি রাখবে উল্লেখ করে এহছানুল হক মিলন বলেন, তিনি নিজে এবং সংশ্লিষ্ট টিম নিয়মিত মনিটরিং করবেন। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া গেলে তা দ্রুত জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

পরীক্ষার্থীদের সুবিধার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ট্রাফিকজনিত কারণে কেউ দেরি করলে যেন আতঙ্কিত না হয়, সে বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলো সকাল আটটা থেকেই খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে, যাতে দূর থেকে আসা শিক্ষার্থীরা আগেই কেন্দ্রে পৌঁছাতে পারে।

/এসএ/