শিরোনাম

বিএনপিকে ন্যানসির ‘লাল সালাম’

নিজস্ব প্রতিবেদক
বিএনপিকে ন্যানসির ‘লাল সালাম’
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের জন্য ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এ তালিকায় ঠাঁই পাননি শোবিজ অঙ্গনের কোনো তারকা। তবে দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে ন্যানসি লিখেন, গায়িকা-নায়িকা, অভিনেত্রী-মডেল এসব তারকাকে শোপিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।

এর আগে, সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের জন্য ৩৬ জনের তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রকাশিত তালিকায় আছেন-সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

বিএনপি সূত্রে জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তবে, জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয় ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়।

গত ১৭ ও ১৮ এপ্রিল দলের চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নেন।

উল্লেখ্য, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত আসন বণ্টন করা হবে। সেই হিসেবে ৩৬টি আসন পাবে বিএনপি জোট। এছাড়া জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারে।

/এসবি/