শিরোনাম

ইসরায়েলের নতুন শত্রু হতে পারে তুরস্ক-পাকিস্তান

সিটিজেন ডেস্ক
ইসরায়েলের নতুন শত্রু হতে পারে তুরস্ক-পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান

তেহরানের প্রভাব হ্রাসের প্রেক্ষাপটে ইরানের পর ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে, তা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।
ইসরায়েলি
বিশ্লেষক বোয়াজ গোলানি মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তুরস্ক ও পাকিস্তানের নাম সামনে এনেছেন।

গোলানি মনে করেন, দীর্ঘ ৩ দশক ধরে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরান ইসরায়েলবিরোধী প্রধান শক্তির ভূমিকা পালন করলেও সাম্প্রতিক যুদ্ধ ও চরম অর্থনৈতিক বিপর্যয়ে দেশটির সামরিক সক্ষমতা এখন বিপর্যস্ত। ফলে তেহরান যখন তার বর্তমান অবস্থান থেকে সরে যেতে বাধ্য হবে, তখন সেই শূন্যস্থান পূরণে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা দেখা যেতে পারে।

বিশ্লেষণ অনুযায়ী, তুরস্ক ও পাকিস্তান উভয়ই বিশাল জনসংখ্যার সুন্নি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যাদের শাসনব্যবস্থা মূলত সামরিক শক্তির ওপর নির্ভরশীল। আশ্চর্যজনকভাবে, দুটি দেশের সঙ্গেই ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিদ্যমান। তবে সাম্প্রতিক সময়ে তুরস্কের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরমে পৌঁছেছে। গাজা যুদ্ধ এবং সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রেসিডেন্ট এরদোগানের মধ্যে তীব্র বাগযুদ্ধ চলছে। নেতানিয়াহু এরই মধ্যে এরদোগানের বিরুদ্ধে কুর্দিদের ওপর গণহত্যা এবং ইরানের প্রক্সিদের মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন। বিশ্লেষকদের মতে, সিরিয়াকে কেন্দ্র করেই এ নতুন প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো হতে পারে।

অন্যদিকে, পাকিস্তান আন্তর্জাতিকভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার চেষ্টা করলেও দেশটির নীতিনির্ধারকদের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব বেশ প্রকট। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলকে কঠোর ভাষায় আক্রমণ করে পোস্ট দেন। পরে সরিয়ে ফেলা হলেও দুই দেশের মধ্যকার অবিশ্বাসের দেয়াল স্পষ্ট করে তুলেছে পোস্টটি। বোয়াজ গোলানি তার নিবন্ধে বলেছেন, ইরান পরবর্তী যুগে ইসরায়েলকে এই দুটি দেশের যেকোনো একটির সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। সংকট মোকাবিলায় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান মেয়াদের গুরুত্ব তুলে ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ককে সর্বোচ্চ শক্তি দিয়ে রক্ষার পরামর্শ দিয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএকে/