শিরোনাম

ইসরায়েল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি আলোচনা ঘিরে উত্তেজনা

সিটিজেন ডেস্ক
ইসরায়েল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি আলোচনা ঘিরে উত্তেজনা
লেবাননে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপ ভবন, ৮ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স

আসন্ন আলোচনার আগে রাতভর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। আগামী মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা রয়েছে। সেখানে একটি যুদ্ধবিরতির ঘোষণা এবং সরাসরি আলোচনার তারিখ নির্ধারণের চেষ্টা করা হবে।

লেবাননের প্রেসিডেন্টের বরাতে জানানো হয়েছে, দুই পক্ষ যুদ্ধবিরতি নিয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে এই বৈঠকে অংশ নেবে।

তবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে চায় না। অন্যদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিরলভাবে সরাসরি আলোচনার অনুমতি দিয়েছেন বলে জানা গেছে।

চলতি সপ্তাহে ইসরায়েল লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। বুধবারের এক ভয়াবহ বোমাবর্ষণে ৩৫০ জনেরও বেশি নিহত এবং ১,২২৩ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রথমে দাবি করেছিলেন, ইরানে ঘোষিত যুদ্ধবিরতি লেবাননেও প্রযোজ্য হবে। তবে ইসরায়েল এই বিষয়টি আলাদা হিসেবে দেখছে এবং হামলা অব্যাহত রেখেছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না তেহরান। যদিও আলোচনার জন্য তারা ইতোমধ্যেই পাকিস্তানে পৌঁছেছেন।

অন্যদিকে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন সরকার এবং ট্রাম্প প্রশাসন উভয়েই ইসরায়েলের হামলায় ‘বিরতি’ আনার আহ্বান জানিয়েছে, যাতে কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়া যায়।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/