শিরোনাম

ইরানে অস্ত্র পাঠাবে না চীন: হেগসেথ

সিটিজেন ডেস্ক
ইরানে অস্ত্র পাঠাবে না চীন: হেগসেথ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে তেহরানকে কোনো অস্ত্র সরবরাহ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে চীন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই তথ্য জানান। এমন সময় বিষয়টি সমনে এলো, যাখন ওয়াশিংটন তেহরানকে পাকিস্তানের মধ্যস্থতায় বৃহত্তর শান্তি চুক্তিতে রাজি করাতে চাপ বাড়াচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে হেগসেথ বলেন, যুদ্ধের এই ভঙ্গুর বিরতির মধ্যে ইরানের জন্য বাইরের সমর্থন নিয়ে ওয়াশিংটনের ক্রমবর্ধমান উদ্বেগের মাঝে বেইজিং সরাসরি এই নিশ্চয়তা প্রদান করেছে।

এর আগে ইরানে বেইজিং অস্ত্র রপ্তানি করছে বলে রিপোর্ট প্রকাশ পায়। সেদিকে ইঙ্গিত করে হেগসেথ বলেন, ‘সি জিনপিংয়ের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী ও সরাসরি সম্পর্ক রয়েছে। তারা এ বিষয়ে কথা বলেছেন। চীন জানিয়েছে যে এমন কিছু (অস্ত্র সরবরাহ) ঘটবে না।’

আগামী ১৪-১৫ মে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির নেতা সি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

যদিও ওয়াশিংটনে চীনা দূতাবাস ট্রাম্প ও সির মধ্যকার কোনো আলোচনার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তারা বলেছে, সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে বেইজিং ‘সর্বদা বিচক্ষণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করে’।

চীনা দূতাবাস জানিয়েছে, ‘ইরান ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট ও স্বচ্ছ। আমরা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখি এবং শান্তি আলোচনা এগিয়ে নিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

/জেএইচ/