শিরোনাম

ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু, ঢাকার নিন্দা

নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু, ঢাকার নিন্দা
নিহত দীপালী আক্তার। ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় লেবাননে এক বাংলাদেশি প্রবাসী নারীর মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। শ‌নিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানায়, যে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হয়েছে। যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।

বিবৃতিতে বৈরুতে ইসরায়েলি হামলায় দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুর নিন্দা জানায় বাংলা‌দেশ। বাংলাদেশ সরকার তার প‌রিবা‌রের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই স‌ঙ্গে শোকাহত পরিবারের এই কঠিন সময়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

বিবৃ‌তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে, লেবাননে বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং পরিস্থিতি অনুযায়ী তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হ‌বে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে লেবাননের বৈরুতের হামরা এলাকায় গত বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ইসরাইলের বোমা হামলায় গুরুতর আহত হন প্রবাসী দীপালী আক্তার। পরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান।

দীপালী আক্তারের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামে। তিনি শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। ২০২৪ সালে তিনি গৃহকর্মীর চাকরি নিয়ে লেবাননে যায়।

/এফআর/