শিরোনাম

কিউইদের যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বাংলাদেশ

সিটিজেন ডেস্ক
কিউইদের যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বাংলাদেশ
বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। ছবি: সংগৃহীত

ঢাকায় সাদা বলের সিরিজ খেলতে গত ১৩ এপ্রিল এসেছে নিউজিল্যান্ড দল। দলে বেশ কিছু নতুন মুখ থাকায় অনেকেই এই সফরকারী দলটিকে দ্বিতীয় সারির বলে মনে করছেন। তবে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স এই ধারণার সঙ্গে একমত নন।

আইপিএলে ব্যস্ত থাকায় নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে ও ফিন অ্যালেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আসেননি বাংলাদেশ সফরে। তবুও সিমন্সের বিশ্বাস, তরুণদের নিয়েই কিউইরা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।

বাংলাদেশ কোচ বলেন, আমি একে দ্বিতীয় সারির দল বলব না। যেকোনো দেশ যে দল পাঠায়, সেটাই তাদের সেরা দল। বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দলের ক্ষেত্রে। সেখানে সব সময় নতুন খেলোয়াড় উঠে আসে। এদের অনেকেই ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে খেলেছে, তাই তারা যথেষ্ট অভিজ্ঞ ও পরিণত। আন্তর্জাতিক ম্যাচ কম খেললেও তারা অপরিচিত নয়। তাই দ্বিতীয় দল ভাবার সুযোগ নেই।

উইকেট প্রসঙ্গে সিমন্স জানান, পাকিস্তান সিরিজের মতোই ভালো ও স্পোর্টিং উইকেট চান তারা। ভালো উইকেটে খেললে দলের উন্নতি দ্রুত হয়।

নিউজিল্যান্ড সিরিজ পাকিস্তানের চেয়ে বেশি কঠিন হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, পাকিস্তানেরও ভালো পেসার আছে। প্রতিটি সিরিজেই চ্যালেঞ্জ থাকে। নিউজিল্যান্ড হয়তো ভিন্নভাবে চ্যালেঞ্জ দেবে, কিন্তু আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছি।

/এসএ/