শিরোনাম

র‌্যাংকিংয়ে উন্নতি হয়নি ঋতুদের

নিজস্ব প্রতিবেদক
র‌্যাংকিংয়ে উন্নতি হয়নি ঋতুদের
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

নারী ফুটবল দলের র‌্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ঋতুপর্ণাদের অর্থাৎ বাংলাদেশ দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ১১২ নম্বরেই আছে বাংলাদেশ। র‌্যাংকিং পরিবর্তন না হলেও দুই পয়েন্ট কমেছে। বর্তমান পয়েন্ট ১১৬৬।

প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে হারলেও ২.৪৪ পয়েন্ট যোগ হয়েছিল। পরের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫ গোল হজম করেও ঐ ম্যাচ থেকে ০.৩৯ রেটিং পয়েন্ট যোগ হয়। তবে উজবেকিস্তানের বিরুদ্ধে হেরে কমেছে ৪.৮৭ রেটিং পয়েন্ট।

এদিকে বুধবার (২২ এপ্রিল) সাফ নারী টুর্নামেন্টের ড্র। সাফের ঢাকা কার্যালয়ে দুপুর একটায় শুরু হবে এই ড্র অনুষ্ঠান। আজ (২১ এপ্রিল) প্রকাশিত ফিফা র‌্যাংকিং অনুযায়ী সাফের ড্রয়ের পটগুলো সাজানো হবে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ৬৯ ও নেপালের র‌্যাংকিং ৮৭। বাকি দেশগুলো বাংলাদেশের চেয়ে পিছিয়ে।

২৫ মে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সাফের আসর। এবার বাংলাদেশের সামনে হ্যাটট্রিক শিরোপা মিশন।

/টিই/