শিরোনাম

মতিঝিলে আবাসিক হোটেলের সিঁড়িতে মিলল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
মতিঝিলে আবাসিক হোটেলের সিঁড়িতে মিলল যুবকের মরদেহ
প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেলে ইমরান (৩৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে ‘গ্রিনল্যান্ড’ নামে আবাসিক হোটেলের সিঁড়ি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

নিহত ইমরান খুলনা জেলার খানজাহান আলী উপজেলার মৃত জলিল মোড়লের ছেলে।

হোটেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) ইমরান ওই হোটেলে রুম ভাড়া নেন। বুধবার সকালে হোটেলের সিঁড়িতে তাকে পড়ে থাকতে দেখেন কর্মচারীরা। পরে তারা ইমরানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর সকাল ৮টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

হোটেল বয় জাহিদ জানান, ‘সকালে তিনি (ইমরান) হোটেলের সিঁড়িতে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

/এফআর/