শিরোনাম

দিল্লিতে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সিটিজেন ডেস্ক
দিল্লিতে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর (ডানে) ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান (বায়ে)। ছবি: সংগৃহীত

নয়াদিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারত।

আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে অনুষ্ঠিত এই বৈঠকের পর নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে জয়শঙ্কর লেখেন, ‘আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।’

তিনি আরও জানান, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রকে আরও সুদৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

এই বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই ভারতের সঙ্গে বাংলাদেশের প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফরকে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে দেখা হচ্ছে। পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ককে স্বাভাবিক ও স্থিতিশীল পর্যায়ে ফিরিয়ে আনতে আগ্রহী ঢাকা।

যদিও আনুষ্ঠানিকভাবে সফরটিকে সৌজন্য সফর বলা হচ্ছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রেও এটি তাৎপর্যপূর্ণ।

পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার নয়াদিল্লিতে পৌঁছেছেন। সফরকালে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিযুষ গয়ালের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম জানিয়েছেন, এসব বৈঠকে মর্যাদা, পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়ন ও স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হবে।

নয়াদিল্লিতে পৌঁছানোর পর বাংলাদেশি প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানায় ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে উষ্ণ ও ঘনিষ্ঠ, যা দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে গড়ে উঠেছে। এই সফর দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও জোরদার করবে।’

এদিকে, সফর শেষে বৃহস্পতিবার সকালে জয়শঙ্করের সঙ্গে একই ফ্লাইটে মরিশাস যাওয়ার সম্ভাবনা রয়েছে খালিলুর রহমানের। সেখানে তিনি নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নেবেন।

/এমআর/