শিরোনাম

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

রাঙামাটি সংবাদদাতা
কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি এবং অবমুক্ত করা পোনার স্বাভাবিক বিস্তার নিশ্চিতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে শনিবার ( ২৫ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ঘাটে আহরিত মাছ অবতরণ করা যাবে। এছাড়া আগামী ২ মে থেকে হ্রদে নতুন করে মাছের পোনা অবমুক্তকরণ প্রক্রিয়া শুরু হবে।

এছাড়া, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে হ্রদে অবৈধ মাছ শিকার রোধে নৌ-পুলিশ ও বিএফডিসি'র সমন্বয়ে নিয়মিত টহল দেওয়া হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ২০২৫-২৬ অর্থবছরে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর সহায়তায় মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় মোট ২৬ হাজার ৮৪৫টি জেলে পরিবারকে ২০ কেজি হারে দুই মাসের জন্য ৪০ কেজি করে ১০৭৩ দশমিক ৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া, খাদ্য সহায়তা বিতরণের বিপরীতে পরিবহন ব্যয় বাবদ প্রতি পরিবারে ৩৫০ টাকা হারে মোট ৩ লাখ ৭৫ হাজার ৮৩০ টাকা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা প্রশাসকদের নিকট বরাদ্দ দেওয়া হয়েছে।

/এসবি/