শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ
অনলাইনে ক্লাস। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। এমন পরিস্থিতিতে সংকট মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ।

গত রবিবার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদের সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। কারণ হিসেবে তিনি বলেন, এ বিষয়ে কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে।

তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী রবিবার থেকে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা আমলে নেওয়া হবে বলেও জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবনায় নতুন একটি সমন্বিত (হাইব্রিড) পাঠদান পদ্ধতির কথা বলা হয়েছে। এতে সপ্তাহের ছয় কর্মদিবসের মধ্যে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এক দিন পরপর অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালিত হবে। তবে অনলাইন ক্লাস হলেও শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থেকেই পাঠদান করতে হবে।

এছাড়া, ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সশরীরেই সম্পন্ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

/জেএইচ/