শিরোনাম

তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের

সিটিজেন ডেস্ক
তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এ আমন্ত্রণ জানান আনোয়ার ইব্রাহিম। বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও সেখানে ছিলেন।

বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম ও এর অগ্রগতির প্রশংসা করেন।

সাক্ষাৎকালে মাহদী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আনোয়ার ইব্রাহিমের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং একটি বিশেষ চিঠি হস্তান্তর করেন।

বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। শ্রমিকদের শোষণ রোধে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দক্ষ নিয়োগব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষই তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে দুই দেশ। শিক্ষাক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ নিয়েও কথা হয়।

উভয় পক্ষ বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক ধারায় সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

/এসএ/