শিরোনাম

নিকলীর বাজারে দূরদূরান্ত থেকে আসে দেশি মাছ

কিশোরগঞ্জ সংবাদদাতা
নিকলীর বাজারে দূরদূরান্ত থেকে আসে দেশি মাছ
মাছ। সংবাদদাতা

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার নতুন বাজার এলাকার মাছ বাজারের ঐতিহ্য রয়েছে দীর্ঘদিনের। প্রতিদিন ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত এ বাজারে মাছ বেচাকেনা চলে। দূরদূরান্ত থেকে এখানে ক্রেতারা আসেন মাছ কিনতে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এ বাজারে প্রতিদিন প্রায় অর্ধ টাকার মাছ কেনাবেচা হয়।

জানা যায়, জেলেরা বোয়াল, আইড়, চিতল, রুই, কাতলা, বাইন, কালবাউশ, পাবদা, কই, মাগুর, শিং, চিংড়ি, রিটা, গোলশা, শোল, কাচকি, টাকি. পুটিসহ অন্তত অর্ধশত দেশীয় প্রজাতির মাছ এ বাজারে নিয়ে আসেন।

আড়ৎদার, ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঐতিহ্যবাহী এ বাজারে প্রতিদিন কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চল নিকলী, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ পাশের সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার কয়েকটি হাওর থেকে শত শত ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটে। বাজারে আইড় ৬০০, বোয়াল ৭৫০, গুলশা ৪০০, ট্যাংরা ৩৫০, চিংড়ি ৬০০, চিতল মাছ ৮০০, রুই ৩৫০, কাতলা ৫০০, বাইন ৫০০, পাবদা ৬৫০, কই ৩৫০, মাগুর ৪৫০, শিং ৫০০, শৌল ৪৫০, চাপিলা ২০০, চান্দা ১০০ ও টাকি ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের আড়ৎ। ছবি: সংবাদদাতা
মাছের আড়ৎ। ছবি: সংবাদদাতা

মাছ বিক্রি করতে আসা জেলে নজরুল বলেন, হাওরের মিঠা পানির নানা জাতের মাছ জালে ধরা পড়ে। ছোট মাছের মধ্যে রয়েছে টেংরা, বাইন, মেনি, টাকি, কাইক্কা, পুঁটি, চিংড়ি ও চাপিলা মাছ। বড় মাছের মধ্যে ধরা পড়ছে বোয়াল, কার্প, মৃগেল, বাউশ, আইর ও শোল। এছাড়া শিং মাছও মাঝে মধ্যে ধরা পড়ে জালে। তবে ছোট মাছের দাম ও চাহিদা অন্য মাছের চেয়ে একটু বেশি।

জেলে এলিম মিয়া বলেন, সারা রাত হাওরে মাছ ধরে নৌকা নিয়ে ঘাটে আসি। সেখান থেকে মাছ নিয়ে আমরা নতুন বাজারে আসি। শুকনা মৌসুম হওয়ায় এখন মাছের দাম অনেক বেশি।

হাওর থেকে মাছ নিয়ে আসা ব্যবসায়ী হোসেন মিয়া বলেন, বিল থেকে মাছ ধরে আমরা নতুন বাজারে নিয়ে আসি। ভোর ৬টার দিকে এই বাজারে আসি। এখানে ন্যায্যমূল্যে মাছ বিক্রি করতে পারি।

মাছ (2)

নিকলী নতুন বাজার মৎস্য আড়ৎদার আলমগীর হোসেন জানান, কিশোরগঞ্জ জেলার নিকলীসহ বিভিন্ন হাওর থেকে প্রতিদিন প্রচুর মাছ এ বাজারে আসে। বাজারের অন্তত ৫০টি আড়তে প্রতিদিন অন্তত অর্ধ কোটি টাকার মাছ কেনাবেচা হয়। এলাকার চাহিদা মিটিয়ে প্রচুর মাছ ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় মাছ যাচ্ছে।

আড়ৎদার লালন ফকির বলেন, নিকলী নতুন বাজার ঐতিহ্যবাহী একটি বাজার। এখানে নিকলী, ইটনা, মিঠামইনসহ দূরদূরান্ত থেকে স্বাদুপানির মাছ আসে। এখানে প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার মাছ বিক্রি হয়।

মাছ (3)

কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, কিশোরগঞ্জ জেলায় প্রতি বছর মাছের চাহিদা রয়েছে ৭০ হাজার মেট্রিক টন। আর উৎপাদন হয় ৮২ হাজার মেট্রিক টন। জেলায় মাছের চাহিদা মিটিয়ে প্রতি বছর প্রায় ২৮ থেকে ৩০ কোটি টাকার মাছ বিক্রি করা যায়।

তিনি আরো জানান, জেলে ও মৎস্য চাষিদের আধুনিক পদ্ধিতিতে মাছ সংরক্ষণের প্রশিক্ষণ দেয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা মাছ ফ্রিজিং করে রক্ষণাবেক্ষণ করতে পারেন।

/এসআর/