শিরোনাম

শীঘ্রই খুলবে হরমুজ প্রণালি: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
শীঘ্রই খুলবে হরমুজ প্রণালি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে অস্থিরতা সৃষ্টিকারী হরমুজ প্রণালির শিগগিরই খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের সহায়তা থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্র এ গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত করতে বদ্ধপরিকর। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে।

পাকিস্তানে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আসন্ন শান্তি আলোচনার প্রাক্কালে শুক্রবার (১০ এপিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ বার্তা দেন। মেরিল্যান্ডের ক্যাম্প স্প্রিংসের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে তিনি বলেন, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চল সবার জন্য খুলে দেবে এবং এ উদ্যোগে মিত্র দেশগুলোও সাহায্য করতে প্রস্তুত রয়েছে। যদিও কাজটি সহজ হবে না বলে তিনি স্বীকার করেছেন। তবে খুব শিগগিরই এটি সম্পন্ন হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ট্রাম্প। তবে ঠিক কীভাবে এ গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের অবরোধ দূর করা হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো কৌশল তিনি প্রকাশ করেননি।

এদিকে, যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছালেও নিরাপদ যাতায়াতের জন্য বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে মাশুল আদায়ের ইঙ্গিত দিয়ে রেখেছিল তেহরান। ট্রাম্প ইরানের এ কার্যত টোল বুথ ব্যবস্থার তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, ইরান যদি এমনটা করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র তা কোনোভাবেই হতে দেবে না। একইসঙ্গে তিনি জোর দিয়ে উল্লেখ করেন, যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরানের পারমাণবিক অস্ত্রমুক্ত থাকাটাই হবে ওয়াশিংটনের সর্বোচ্চ অগ্রাধিকার। তেহরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র না থাকলে এ প্রণালি স্বয়ংক্রিয়ভাবেই আবার খুলে যাবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: আল জাজিরা

/এমএকে/