শিরোনাম

ইসরায়েলি হামলায় লেবাননে নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য নিহত

সিটিজেন ডেস্ক
ইসরায়েলি হামলায় লেবাননে নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য নিহত
শুক্রবার নাবাতিয়েতে হামলার স্থলে আগুন ও ধোঁয়া। ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। এ ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আউন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এদিকে লেবাননের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার ওপর ভিত্তি করে মঙ্গলবার (১৪ এপ্রিল) ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নিতে পারে লেবানন। সরাসরি এমন আলোচনার উদ্যোগ বেশ নজিরবিহীন ও বিরল ঘটনা। সচরাচর দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমেই পরোক্ষভাবে যোগাযোগ রক্ষা করে থাকে। ২০২৪ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক প্রচেষ্টার পর থেকেই মার্কিন দূতরা উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত বর্তমানে কিছুটা স্তিমিত হলেও লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে তেল আবিব। ইরান এ অভিযানকে যুদ্ধবিরতির শর্তের লঙ্ঘন হিসেবে আখ্যা দিলেও ইসরায়েল তা অস্বীকার করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, চলমান যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

/এমএকে/