শিরোনাম

হরমুজ প্রণালি থেকে আমরাই টোল নেবো: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি থেকে আমরাই টোল নেবো: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: এপি

যত দিন যাচ্ছে মধ্যপ্রাচ্য সংঘাত ততই তীব্র ও জটিল আকার ধারণ করছে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন চাইলেও এখন তাদের হাতে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই বলে প্রতীয়মান হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক অসংলগ্ন কথাবার্তা বিশ্বব্যবস্থাকে ওলটপালট করে দিচ্ছে।

এদিকে জ্বালানি তেল পরিবহনে বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজ থেকে টোল নেওয়ার ব্যবস্থা করছে ইরান। ইতিমধ্যে দেশটির সংসদ বিষয়টি কার্যকর করেছে বলেও শোনা গেছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন এক সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, ইরান হরমুজ থেকে টোল নেবে এমন কোনো চুক্তিতে তিনি রাজি হবেন কি না?

জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানকে হরমুজ দিয়ে তারা টোল নিতে দেবেন না। এর বদলে যুক্তরাষ্ট্রই টোল নেবে। কারণ সেখানে তারা জয়ী হচ্ছেন।

তিনি আরও বলেন, ‘আমরা টোল নিলে বিষয়টি কেমন হবে? তাদের টোল নিতে দেব না, এর বদলে আমিই নেব। আমরা কেন টোল নেব না? আমরা বিজয়ী। আমরা (যুদ্ধে) জিতেছি।’

হরমুজ প্রণালি থেকে টোল আদায় করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ওই কৌশলগত জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে। এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে ইরান কোনো চুক্তিতে না পৌঁছালে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘এক রাতেই ইরানকে তছনছ করে দেওয়া হতে পারে এবং সেটি হতে পারে কাল রাতেই।’

স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় দিয়েছেন। এই সময়ের মধ্যেই চুক্তিতে পৌঁছাতে হবে বলে হুঁশিয়ারি দেন।

তবে ইরান জানিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না। তাদের অবস্থান অনুযায়ী, যদি কোনো চুক্তি হয়, তবে তা হতে হবে স্থায়ীভাবে হামলা বন্ধের ভিত্তিতে এবং তাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানকে একটি গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেশটির নেতারা তা নিয়ে আলোচনা করছেন। কিন্তু তার এই বক্তব্যের কিছুক্ষণ পরই ইরান যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দেয়।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/